Home » PREMIER LEAGUE: প্রিমিয়ার লিগের খেতাবি লড়াই জমিয়ে দিল আর্সেনাল ও লিভারপুল

PREMIER LEAGUE: প্রিমিয়ার লিগের খেতাবি লড়াই জমিয়ে দিল আর্সেনাল ও লিভারপুল

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১৮ ফেব্রুয়ারি: ইংলিশ প্রিমিয়ার লিগের খেতাবি লড়াই জমিয়ে দিল আর্সেনাল ও লিভারপুল। শনিবার লিগের দুটি ভিন্ন খেলায় বড় জয় পেয়েছে দুটি দল। ব্রেন্টফোর্ডকে তাদের ঘরের মাঠে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে য়ুর্গেন ক্লপের ছেলেরা। চোট সারিয়ে ফিরে গোল পেয়েছেন মিশরের তারকা ফুটবলার মহম্মদ সালাহ। ২৫ ম্যাচে ৫৭ পয়েন্ট পেয়ে লিগ তালিকায় নিজেদের শীর্ষস্থান ধরে রাখল লিভারপুল। দ্বিতীয় স্থানে রয়েছে আর্সেনাল। তাদের সংগ্রহ ২৫ ম্যাচে ৫৫ পয়েন্ট। শনিবার জয় বড় ব্যবধানে জয় পেয়েছে মিকেল আর্তেতার ছেলেরা। বার্নলিকে তাদের ঘরের মাঠে ৫-০ গোলে বিধ্বস্ত করেছে তারা। গানারদের হয়ে জোড়া গোল করেন বুকায়ো সাকা। 

প্রিমিয়ার লিগের খেতাবি লড়াইয়ে রয়েছে দুটি দল। লিভারপুলের কাছে প্রতি ম্যাচের আগে লক্ষ্য নিজেদের শীর্ষস্থান ধরে রাখার। শনিবার সেই কাজটা দক্ষতার সঙ্গে করল ক্লপ বাহিনী। ব্রেন্টফোর্ডের বিরুদ্ধে দাপুটে জয় ছিনিয়ে নিল তারা। প্রথমার্ধের ৩৫ মিনিটে অল রেডদের এগিয়ে দিয়েছিলেন ডারউইন নুনেজ। দিয়েগো জোটার পাস থেকে গোল করেন উরুগুয়ের তারকা। ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যান ভ্যান ডাইকরা। দ্বিতীয়ার্ধেও নিজেদের একাধিপত্য ধরে রাখেন তারা। ৫৫ মিনিটে দলের হয়ে ব্যবধান দ্বিগুণ করেন ম্যাক আলিস্টার। মহম্মদ সালাহর বাড়ানো পাস থেকে গোল করেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফুটবলার। অনেকদিন চোটের জন্য বাইরে ছিলেন সালাহ। প্রত্যাবর্তনের ম্যাচে তিনিও দারুণ খেললেন। দ্বিতীয় গোলের অ্যাসিস্টের পাশাপাশি দলের হয়ে তৃতীয় গোলটিও করলেন সালাহ। ৭৫ মিনিটে ব্রেন্টফোর্ডের হয়ে একটি গোল শোধ করেন ইভান টনি। তবে খেলা শেষ হওয়ার চার মিনিট আগে স্কাউসারদের হয়ে ব্যবধান ৪-১ করেন কোডি গাকপো।

আরও পড়ুন: Yashasvi Jaiswal: বাজবলের বিরুদ্ধে রাজকোটে যশবল, দ্বিশতরান করে নয়া নজির যশস্বীর

লিভারপুলের জয়ের দিন পিছিয়ে নেই আর্সেনালও। বার্নলির বিরুদ্ধে নিরঙ্কুশ আধিপত্য নিয়ে জয় পেয়েছে মিকেল আর্তেতার ছেলেরা। গোলের হালখাতা খোলার জন্য আর্সেনালকে অপেক্ষা করতে হয় মাত্র ৪ মিনিট। দূরপাল্লার শটে বল জালে জড়ান মার্টিন ওডেগার্ড। এর পর খেলার ৪১ ও ৪৭ মিনিটে জোড়া গোল করেন  বুকায়ো সাকা। প্রথম গোলটি হয় পেনাল্টি থেকে। দ্বিতীয় গোলের বলটি বাড়িয়েছিলেন ওডেগার্ড। ওয়েস্ট হ্যামের বিরুদ্ধে গত ম্যাচে জোড়া গোল করার পর ফের জোড়া গোল করলেন ইংল্যান্ডের এই ফুটবলার। ৬৬ মিনিটে ব্যবধান আরও বাড়ায় গানাররা। তাদের হয়ে চতুর্থ গোলটি করেন লিও ট্রসা। খেলার ৭৮ মিনিটে বার্নলির কফিনে শেষ পেরেকটু পুঁতে দেন কাই হ্যাভার্টজ।

About Post Author