স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১৯ ফেব্রুয়ারি: প্রিমিয়ার লিগের (PREMIER LEAGUE) গুরুত্বপূর্ণ ম্যাচে জয় পেল ম্যানচেস্টার ইউনাইটেড (MANCHESTER UNITED)। রবিবার লুটনকে (LUTON TOWN) তাদের ঘরের মাঠে ২-১ গোলে হারাল এরিক টেন হ্যাগের দল। রেড ডেভিলদের হয়ে জোড়া গোল করেন রাসমাস হুইল্যান্ড। এই নিয়ে প্রিমিয়ার লিগের শেষ চার ম্যাচে জয় পেল ম্যানচেস্টারের ক্লাবটি।

প্রিমিয়ার লিগে খেতাবি লড়াই জমে উঠেছে। লিভারপুল, আর্সেনাল ও ম্যানচেস্টার সিটি বাকি দলগুলির থেকে কিছুটা সুবিধেজনক জায়গায় রয়েছে।তবে শুধু খেতাবি লড়াই নয়, জমে উঠেছে প্রথম চারে থাকার লড়াইও। কারণ, ইংল্যান্ড থেকে প্রথম চার দল চ্যাম্পিয়ন্স লিগ খেলার সুযোগ পাবে। যেই লড়াইয়ে রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। এখন লিগের বাকি ১৩ টি ম্যাচ এরিক টেন হ্যাগের দলের কাছে খুব গুরুত্বপূর্ণ।
আরও পড়ুন: India vs England: রাজকোটে বাজবলের আত্মসমর্পণ, চার দিনেই ঐতিহাসিক জয় ভারতের
লুটনের ঘরের মাঠ কেনিলওয়ার্থ রোডে খেলা শুরুর প্রথম মিনিটেই এগিয়ে যায় ম্যানচেস্টার ইউনাইটেড। ৩৭ সেকেন্ডে লুটনের এক ডিফেন্ডারের ভুলে বল পেয়ে যান রাসমাস হুইল্যান্ড। গোলরক্ষককে পরাস্ত করে ঠাণ্ডা মাথায় বল জড়িয়ে দেন জালে। চলতি প্রিমিয়ার লিগে ইউনাইটেডের যা দ্রুততম গোল। এই গোলের সঙ্গে প্রিমিয়ার লিগে ইতিহাস গড়লেন ডেন স্ট্রাইকার। প্রিমিয়ার লিগে সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে টানা ছয় ম্যাচে গোলের নজির গড়লেন তিনি। ২১ বছর ১৪ দিন বয়সে এই কৃতিত্বের অধিকারী হলেন হুইল্যান্ড। এতদিন এই রেকর্ডটি ছিল নিউক্যাসলের মিডফিল্ডার জো উইলকের দখলে। তিনি ২১ বছর ২৭২ দিনে এই রেকর্ডের মালিক হয়েছিলেন। প্রথম গোলের মিনিট ছয় পর ফের লক্ষ্যভেদ করেন হুইল্যান্ড।

আরও পড়ুন: PREMIER LEAGUE: প্রিমিয়ার লিগের খেতাবি লড়াই জমিয়ে দিল আর্সেনাল ও লিভারপুল
দশমিনিটের মধ্যে ০-২ গোলে পিছিয়ে পড়লেও হাল ছাড়েনি লুটন। ১৪ মিনিটে ইউনাউটেড রক্ষণে জড়তার সুযোগ নিয়ে একটি গোল শোধও করে তারা। গোল করেন কার্লটন মরিস। ম্যাচের বাকি সময় বল দখল থেকে কর্ণার সব বিভাগে ইউনাইটেডকে টেক্কা দেয় প্রতিপক্ষ। তবে লুটনকে খেলায় সমতা ফেরাতে পারেনি তারা। গোলের ব্যবধান বাড়ানোর সুযোগ ছিল ইউনাইটেডের কাছেও। গোলরক্ষককে দুবার একা পেয়ে লক্ষ্যভেদ করতে পারেনি ব্রুনো ফার্নান্ডেজরা।

এই জয়ের ফলে লিগ তালিকার ছয় নম্বরে রইল ম্যানচেস্টার ইউনাইটেড। ২৫ ম্যাচে তাদের পয়েন্ট ৪৪। ৪৭ পয়েন্ট পেয়ে তালিকার পাঁচ নম্বরে টটেনহ্যাম হটস্পার। চার নম্বরে থাকা অ্যাস্টন ভিলার পয়েন্ট ৪৯।


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার