Home » WPL 2024: শেষ বলে ছয়, রুদ্ধশ্বাস ম্যাচে দিল্লি ক্যাপিটালসকে হারাল মুম্বই ইন্ডিয়ান্স

WPL 2024: শেষ বলে ছয়, রুদ্ধশ্বাস ম্যাচে দিল্লি ক্যাপিটালসকে হারাল মুম্বই ইন্ডিয়ান্স

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২৪ ফেব্রুয়ারি: শুক্রবার থেকে শুরু হল মহিলা প্রিমিয়ার লিগের (WPL 2024) দ্বিতীয় সংস্করণ। প্রথম দিনে জয় পেল গতবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। দিল্লি ক্যাপিটালসকে (Delhi Capitals) ৪ উইকেট হাতে নিয়ে হারিয়ে দিলেন হরমনপ্রীত কউররা। জেতার জন্য শেষ বলে পাঁচ রান দরকার ছিল মুম্বইয়ের। সেই পরিস্থিতিতে ছয় মেরে দলকে জিতিয়ে দেন সাজিবন সাজনা।

টসে জিতে দিল্লি ক্যাপিটালসকে প্রথমে ব্যাট করতে পাঠান মুম্বইয়ের অধিনায়ক হরমনপ্রীত। প্রথমদিকে মু্ম্বই অধিনায়কের এই সিদ্ধান্ত সফলও হয়। তৃতীয় ওভারে শেফালি বর্মাকে ফিরিয়ে দিল্লির ইনিংসে ধাক্কা দেন শবনিম ইসমাইল। তখন স্কোরবোর্ডে রান মাত্র ৩। এর পর দলের হাল ধরেন মেগ ল্যানিং এবং অ্যালিস ক্যাপসির জুটি। দ্বিতীয় উইকেটে ৬৪ রান তোলেন দুজনে। কিছুদিন আগে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন ল্যানিং। তবু এদিন তার ব্যাটিং নজর কেড়েছে সকলের।মুম্বইয়ের বোলারদের বেশ চাপে রেথেছিলেন দুজনে। একাদশ ওভারে ল্যানিংকে ফিরয়ে মুম্বইকে ফের ম্যাচে ফেরান ন্যাট শিভার। ২৫ বলে ৩১ করে ডাগআউটে ফেরেন ল্যানিং।

ল্যানিংকে ফেরালেও লাভের লাভ হয়নি মুম্বইয়ের। চার নম্বরে নেমে আগ্রাসী ব্যাটিং করেন জেমাইমা রড্রিগেজ। অ্যালিস ক্যাপসির সঙ্গে জুটি বেধে দলের স্কোরবোর্ডকে দ্রুত এগিয়ে নিয়ে যান তিনি। তৃতীয় উইকেটে ৭৪ রানের জুটি খেলেন দুজনে। অষ্টদশ ওভারে ৫৩ বলে ৭৫ করে ফেরেন ক্যাপসি। ৯টি চার এবং ৩টি ছয়ে নিজের ইনিংস সাজান তিনি। তিনি যখন ফিরলেন, তখন লড়াই করার মতো জায়গায় পৌঁছে গেছে তার দল। জেমাইমাও পিছিয়ে ছিলেন না রান তোলার ক্ষেত্রে। ২৪ বলে ৪২ করে আউট হন ভারতের তারকা ব্যাটার। ৫টি চার এবং ২টি ছয় আসে তার ব্যাট থেকে।পরের দিকে মারিজান কাপে ৯ বলে ১৬ রানের একটি ক্যামিও ইনিংস খেলেন। দিল্লির ইনিংস থামে ৫ উইকেটে ১৭১ রানে। মুম্বইয়ের হয়ে দু’টি করে উইকেট পেয়েছেন শিভার-ব্রান্ট এবং অ্যামেলিয়া কের।

আরও পড়ুন: India vs England: আকাশ দীপের অভিষেক, অশ্বিনের সেঞ্চুরি, এক ঝলকে রাঁচী টেস্টের প্রথম দিন

১৭২ রান তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় মুম্বই। দ্বিতীয় বলে ডাগআউটে ফেরেন দলের তারকা ওপেনার হেলি ম্যাথুজ। মারিজানের বলে রানের খাতা না খুলেই ফেরেন তিনি। এরপর মুম্বইয়কে ম্যাচে ফেরান যস্তিকা ভাটিয়া এবং ন্যাট শিভার ব্রান্টের জুটি। দ্বিতীয় উইকেটে ৫০ রান করেন তারা। তাদের জুটিকে দীর্ঘায়িত হতে দেননি অরুন্ধতি রেড্ডি। ১৯ রানের মাথায় তিনি আউট করেন শিভার ব্রান্টকে। ব্রান্ট ফেরার পর যস্তিকার সঙ্গে জুটি বেধে দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন অধিনায়ক হরমনপ্রীত কউর। তৃতীয় উইকেটে ৫৬ রানের জুটি খেলেন দুজনে। ৪৫ বলে ৫৭ রান করে যস্তিকা ফিরতে ফের চাপে পড়ে যায় গতবারের চ্যাম্পিয়নরা। পাঁচ নম্বরে নেমে ১৮ বলে ২৪ রান করেন আমেলিয়া কের। মুম্বইয়ের ইনিংসকে একা এগিয়ে নিয়ে যান অধিনায়ক। শেষ ওভারে জেতার জন্য ১০ রান দরকার ছিল। প্রথম বলে আউট হন পূজা বস্ত্রকর। চতুর্থ বলে চার মারেন হরমনপ্রীত। পঞ্চম বলে ছয় মারতে গিয়ে তিনি আউট হয়ে যান। ৩৪ বলে ৫৫ রানের ইনিংস খেলে ফেরেন হরমন। শেষ বলে পাঁচ রান দরকার ছিল। সেই পরিস্থিতিতে ছয় মেরে দলকে জিতিয়ে দেন সাজনা সাজীবন।

About Post Author