Home » কৃষ্ণনগরের জনসভা থেকে তৃণমূলের দুর্নীতিকে হাতিয়ার করে বাংলা জুড়ে পদ্ম ফোটানোর ডাক প্রধানমন্ত্রীর

কৃষ্ণনগরের জনসভা থেকে তৃণমূলের দুর্নীতিকে হাতিয়ার করে বাংলা জুড়ে পদ্ম ফোটানোর ডাক প্রধানমন্ত্রীর

সময় কলকাতা ডেস্ক, ২ মার্চ: লোকসভা নির্বাচনের আগে দুদিনের রাজ্য সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার আরামবাগে রাজনৈতিক জনসভা ছিল তাঁর। শনিবার অর্থাৎ আজ কৃষ্ণনগরে রাজনৈতিক জনসভা রয়েছে তাঁর। লোকসভা নির্বাচনের আগে কৃষ্ণনগরকে তাৎপর্যপূর্ণভাবে বেছে নেওয়া হয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল। নদিয়া সাংগঠনিক জেলাও অত্যন্ত গুরুত্বপূর্ণ বিজেপির কাছে। পঞ্চায়েত নির্বাচনেও ভাল ফল হয়েছিল। তাই এই কেন্দ্রকে পাখির চোখ করা হচ্ছে বলেই মনে করছেন বিশ্লেষকরা। প্রধানমন্ত্রীর এই দু’দিনের বঙ্গ সফর ও দু’টি জনসভাই রাজনৈতিকভাবে যথেষ্ট তাৎপর্যপূর্ণ। রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি একাধিক সরকারি প্রকল্পের উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী। লোকসভা নির্বাচনকে সামনে রেখে মতুয়া অধ্যুষিত কৃষ্ণনগর থেকে কী বার্তা দেন মোদি, সেদিকে নজর সকলের। একইসঙ্গে সিএএ আইন লাগু করা নিয়ে কৃষ্ণনগরের জনসভা থেকে কী কোনও বার্তা দেবেন প্রধানমন্ত্রী? সেদিকেও নজর সকলের। 

আরও পড়ুন    লোকসভা নির্বাচনের আগে বঙ্গ সফরে মোদি, বাংলায় ৭২০০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন

এদিন সকাল থেকেই কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজের মাঠে মোদির সভাস্থলে জমায়েত শুরু করেন বিজেপির কর্মী-সমর্থকরা। শনিবার সকাল ১০.৩০টা নাগাদ কৃষ্ণনগরে পৌঁছন প্রধানমন্ত্রী। এরপরই কৃষ্ণনগরে সরকারি প্রকল্পের শিলান্যাস অনুষ্ঠানে যোগ দেন তিনি। মঞ্চে উপস্থিত রয়েছেন শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর-সহ অন্যান্যরা। এদিন মোট ১৫ হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করলেন মোদি। তার মধ্যে যেমন রয়েছে ফরাক্কা থেকে রায়গঞ্জ ৪ লেন রাস্তা, আজিমগঞ্জ-মুর্শিদাবাদ নতুন রেললাইন। তেমনই রয়েছে মেজিয়া তাপবিদ্যুৎ প্রকল্প, পুরুলিয়ার রঘুনাথপুরে তাপবিদ্যুৎ প্রকল্পের দ্বিতীয় ইউনিট, রামপুরহাট-মুরারই থার্ড লাইনের উদ্বোধন।

এদিন ১০০ দিনের কাজে তৃণমূল সরকারকে তোপ দেগে নমো বলেন, ‘তৃণমূলের শাসনে কাঁদছে মা-মাটি-মানুষ। ১০০ দিনের কাজের প্রকল্পে অন্তত ২৫ লক্ষ ভুয়ো কার্ড বানিয়েছে রাজ্য। যাদের জন্ম হয়নি তাদের নামেও ভুয়ো কার্ড তৈরি হয়েছে। কৃষ্ণনগরের সভা থেকে মোদির তোপ, তৃণমূল মানেই দুর্নীতি, তৃণমূল মানে বিশ্বাসঘাতক, অত্যাচার, দুর্নীতি, পরিবারবাদ। তৃণমূল বাংলার মানুষকে গরিব করে রাখতে চায়, যাতে ওদের রাজনীতি, খেলা চলতে থাকে। ’ এদিন তৃণমূলের দুর্নীতিকে হাতিয়ার করেই বাংলা জুড়ে পদ্ম ফোটানোর ডাক দিলেন প্রধানমন্ত্রী। ৪২ এর ৪২ টি আসন দখলের ডাক দিলেন তিনি। অন্যদিকে, এদিন সন্দেশখালি প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন,‘ সন্দেশখালির মহিলারা দুর্গা রূপে রুখে দাঁড়িয়েছিলন। বিজেপির চাপে অভিযুক্ত গ্রেফতার হয়েছেন। ’

About Post Author