Home » ভারত ইংল্যান্ড পঞ্চম টেস্ট: আবার এক নতুন মুখ ?

ভারত ইংল্যান্ড পঞ্চম টেস্ট: আবার এক নতুন মুখ ?

সময় কলকাতা ডেস্ক,২ মার্চ : ভারত ইংল্যান্ড টেস্ট সিরিজে ভারত ইতিমধ্যেই ৩-১ সিরিজে এগিয়ে যাওয়ায় সিরিজের ভাগ্য নির্ধারিত হয়ে গিয়েছে রাঁচিতেই।ভারত টেস্ট সিরিজ জিতে গেলেও ধরমশালায় এমাসের ৭ তারিখ থেকে শুরু হতে চলা টেস্টকে মোটেই হালকা ভাবে নিতে নারাজ। এর কারণ একটাই। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের টেবিলে ভারত এ মুহূর্তে রয়েছে দু নম্বরে। এক নম্বরে রয়েছে নিউজিল্যান্ড। পঞ্চম টেস্টে ভালো ফল যেমন টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট টেবিলে ভারতের জায়গা আরও শক্তপোক্ত করে তুলবে ঠিক তেমনই আসন্ন টেস্টে খারাপ ফল তাদের ভোগাতে পারে। ফলে ইতিবাচক ভাবনা নিয়েই ভারত মাঠে নামছে।  পঞ্চম টেস্টের স্কোয়াডে যশপ্রীত বুমরা রয়েছেন ।পাশাপাশি এবার আরও এক নতুন মুখ কে দেখা যাওয়ার সম্ভাবনা প্রবল।

বোলিং বিভাগে শক্তি বাড়াতে বুমরাকে খেলানো হচ্ছে পঞ্চম টেস্টে। সে ক্ষেত্রে আকাশদীপ বা সিরাজের মধ্যে একজনকে বসতে হচ্ছে বলেই মনে করা হচ্ছে কারণ একান্তই ফাস্ট বোলিং সহায়ক পিচ না হলে ভারত যথারীতি আশ্বিন, জাদেজা ও কুলদীপ যাদবকে খেলাবে। স্পিনে এই ত্রয়ী থাকায় ওয়াশিংটন সুন্দরকে দল থেকে ছুটি দিয়ে রঞ্জি সেমিফাইনালে অংশ নিতে বলা হয়েছে। রদ বদল ঘটছে ব্যাটিংবিভাগেও। এই টেস্টে মিডল অর্ডারে ফেরার সম্ভাবনা ছিল চোটের কারণে বাইরে থাকা কে এল রাহুলের।কিন্তু তিনি এখনও আনফিট তবুও বিরাট -রাহুলের অনুপস্থিতিতে মিডল অর্ডারকে নড়বড়ে দেখানোয় চূড়ান্ত একাদশে আবার পরিবর্তন আসছে। দল থেকে বাদ পড়তে চলেছেন রজত পতিদার। মধ্যপ্রদেশের এই ব্যাটসম্যান ৩ টি টেস্টে খেলার সুযোগ পেলেও একেবারেই নিরাশ করেছেন।৬ টি ইনিংসে মাত্র ৬৩ রান করেছেন যার মধ্যে দুবার শূন্য রানে আউট হয়েছেন। ভারতীয় বোর্ড সূত্রে খবর রজত পতিদার চূড়ান্ত একাদশ থেকে বাদ পড়বেন। খাড়া ঝুলছিল সরফারাজের মাথায়ও। দুর্দান্ত টেস্ট অভিষেকের পরে শেষ টেস্টে তাঁকে বেশ নার্ভাস দেখিয়েছে। কে এল রাহুল দলে ঢুকলেও সম্ভবত দলে ঢুকতেন দেবদূত পাডিক্কাল। সেক্ষেত্রে বাদ পড়তেন সরফারাজ ।রাহুল না খেলায় এখনও পর্যন্ত যা খবর, টেস্ট অভিষেক ঘটার জোর সম্ভাবনা রয়েছে দেবদূত পাডিক্কালের। সেক্ষেত্রে রজত পতিদার, সরফারাজ খান, ধ্রুব জুরেল এবং আকাশ দীপের পরে পঞ্চম ক্রিকেটার হিসেবে সিরিজে টেস্ট অভিষেক ঘটাতে চলেছেন দেবদূত পাডিক্কাল। রজত পতিদার ছাড়া নবীনদের প্রত্যেকেই কম বেশি নজর কেড়েছেন। অন্যতম নতুন মুখ ধ্রুব জুরেল তো রীতিমত সাড়া ফেলে দিয়েছেন। এবার  নজর থাকছে দেবদূত পাডিক্কালের দিকে।

কে এই নতুন মুখ দেবদূত পাডিক্কাল? ঘরোয়া ক্রিকেটে কর্ণাটকের হয়ে ব্যাটে রীতিমত সফল ২৩ বছর বয়সী দেবদূত পাডিক্কাল।চলতি রঞ্জি মরশুমে তিনটি শতরান সহ ৯২ এর ওপরে গড় রেখে ৫৫৬ রান করেছেন তিনি। আইপিএলেও বেশ কয়েকটি নজর কাড়া ইনিংস খেলেছেন। দেবদূত পাডিক্কাল টেস্ট না খেললেও আন্তর্জাতিক ক্ষেত্রে ইতিমধ্যেই ভারতের হয়ে খেলে ফেলেছেন। দুটি টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন, একটি অর্ধশতরানও রয়েছে কর্ণাটকের এই বাঁ হাতি দীর্ঘদেহীর। এখন দেখার, তিনি ধরমশালা টেস্টে সুযোগ পেলে অভিষেক লগ্নে কতটা নজর কাড়েন।।

About Post Author