Home » ঝোল কিংবা কালিয়া নয়, স্বাদ বদলাতে বানিয়ে ফেলুন ঠাকুরবাড়ির দুধ কাতলা

ঝোল কিংবা কালিয়া নয়, স্বাদ বদলাতে বানিয়ে ফেলুন ঠাকুরবাড়ির দুধ কাতলা

সময় কলকাতা ডেস্ক, ৩ মার্চ: কাতলা মাছ খেতে ভালবাসেন না এমন বাঙালি খুব কমই দেখা যায়। ঝোল হোক কিংবা পাতুরি হোক বা ফিশ ফ্রাই— নানা ভাবেই বাঙালির মন জয় করেছে কাতলা মাছ। এবার স্বাদ বদলাতে বানিয়ে ফেলুন ঠাকুরবাড়ির দুধ কাতলা।কাতলা মাছের স্বাদ চেটেপুটে নিতে খুব সামান্য কিছু উপকরণ দিয়েই বাড়িতেই বানিয়ে ফেলুন ঠাকুরবাড়ির দুধ কাতলা। বিরিয়ানি,পোলাও কিংবা ফ্রায়েড রাইসের একেবারে জমে যাবে ঠাকুরবাড়ির দুধ কাতলা। বাড়ির বড়ো থেকে ছোট, একেবারে সবাই চেটেপুটে খাবে ঠাকুরবাড়ির দুধ কাতলা। ঠাকুরবাড়ির দুধ কাতলা বানানোর জন্য রইল খুব সহজ একটি রেসিপি-

আরও পড়ুন     আসানসোল লোকসভা কেন্দ্র থেকে নির্বাচনে লড়বেন না ভোজপুরি সুপারস্টার পবন সিং

উপকরণ
কাতলা মাছঃ ৫ পিস
পেঁয়াজ কুচি: আধ কাপ
আদার রস: ২ টেবিল চামচ
এলাচ: ২টি
লবঙ্গ: ২টি
তেজপাতা: ১টি
দারচিনি: ১ ইঞ্চি
গরম মশলা গুঁড়ো: আধ চা চামচ
দুধ: আধ কাপ
কাঁচালঙ্কা: ৪টি
সর্ষের তেল: ২ টেবিল চামচ
ঘি: ১ চা চামচ
চিনি: স্বাদ অনুযায়ী
নুন: স্বাদ অনুযায়ী

রন্ধন প্রণালী
প্রথমেই কাতলা মাছ খুব ভালো করে ধুয়ে নুন মাখিয়ে রাখুন। এরপর পেঁয়াজ খুব পাতলা করে কেটে নিন। একইসঙ্গে কাঁচা লঙ্কা চিরে রাখুন। এবার কড়াইয়ে তেল গরম করে কাতলা মাছ হালকা করে ভেজে তুলে নিন। সেই তেলেই এলাচ, লবঙ্গ, তেজপাতা এবং দারচিনি ফোড়ন দিন। এবার কুচোনো পেঁয়াজ, আদার রস, নুন এবং চিনি দিয়ে দিন। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে কড়াইতে দুধটা ঢেলে দিন। খেয়াল রাখবেন মশলা যেন পুড়ে না যায়। চাইলে সামান্য জল মেশাতে পারেন। এবার ঝোল ফুটতে শুরু করলে ভেজে রাখা মাছ দিয়ে দিন। ঝোল ঘন হয়ে এলে উপর থেকে ঘি এবং গরম মশলা ছড়িয়ে ঢাকা দিয়ে রাখুন। গরম গরম ভাত কিংবা পোলাওয়ের সঙ্গে পরিবেশন করুন সুস্বাদু ঠাকুরবাড়ির দুধ কাতলা।

About Post Author