Home » বিচারপতি পদ থেকে ইস্তফা দিতে চলেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, যোগ দিচ্ছেন রাজনীতিতে 

বিচারপতি পদ থেকে ইস্তফা দিতে চলেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, যোগ দিচ্ছেন রাজনীতিতে 

সময় কলকাতা ডেস্ক, ৩ মার্চ: লোকসভা নির্বাচনের আগে বড়সড় চমক। আচমকাই বিচারপতি পদ থেকে ইস্তফার সিদ্ধান্ত অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। রবিবার সংবাদমাধ্যমকে তিনি জানান, মঙ্গলবার বিচারপতির পদ থেকে ইস্তফা দেবেন। তিনি বিচার বিভাগীয় ব্যবস্থা থেকে অবসর নিয়ে রাজনীতির ময়দানে নামছেন বলেও জানিয়েছেন। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় অবসর গ্রহণের সিদ্ধান্তে তোলপাড় রাজ্য রাজনীতিতে। তাঁর এই সিদ্ধান্তের পরই খোঁচা দিতে শুরু করেছে রাজনৈতিক দলগুলি। এ প্রসঙ্গে অবসরপ্রাপ্ত বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায় বলেন, ‘ একজন বিচারপতি কর্মরত অবস্থায় পদত্যাগ করতে পারেন। সংবিধান তাঁকে সেই অধিকার দিয়েছে। এটা ওর ব্যক্তিগত সিদ্ধান্ত। আমার কিছু বলার নেই।’

আরও পড়ুন  ঝোল কিংবা কালিয়া নয়, স্বাদ বদলাতে বানিয়ে ফেলুন ঠাকুরবাড়ির দুধ কাতলা

এদিন বিচারপতি পদ থেকে ইস্তফার সিদ্ধান্ত জানিয়ে তিনি বলেন, ‘মঙ্গলবার আমি পদত্যাগ করব। রাষ্ট্রপতি এবং প্রধান বিচারপতিকে পদত্যাগপত্র পাঠাব। এই সিদ্ধান্ত নিতে বাধ্য করার জন্য রাজ্যের শাসক দলকে অভিনন্দন। রাজনীতিতে যোগ দেব কি না, তা সময়ই বলবে। তবে ক্ষমতাসীন দলের নানা মামলায় আমার রায় পছন্দ না হলেই যেভাবে আমার বিরুদ্ধে আক্রমণ হয়েছে, আমাকে বলা হয়েছে, ময়দানে নামতে। তা ভেবেই আমি ময়দানে নামতে চাই। আমি কোন দলে যাব বা না যাব তার থেকেও বড় কথা পশ্চিমবঙ্গের বিভিন্ন অবস্থার মর্যাদা তলানিতে ঠেকেছে। কৃষি, শিল্পেও অবনতি। এখনও বহু দফতরে বহু দুর্নীতি উদঘাটিত হয়নি। সেগুলি উঘাটন হলে বোঝা যাবে কী পরিমাণ দুর্নীতির রাজ্যে বাস করছি। চারিদিকে অন্ধকার নেমে আসছে এই অন্ধকারের থেকে মুক্ত হতে হবে। মানুষকে এগিয়ে আসতে হবে।দেখা যাক।’

এরপরই বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, ‘আমি গত সাতদিন ছুটি নিয়েছিলাম ব্যক্তিগত কারণে। সোমবার প্রধান বিচারপতিকে মৌখিকভাবে জানিয়ে দেব। তারপর মঙ্গলবার রাষ্ট্রপতিকে পাঠিয়ে দেব চিঠি।’ আর বিচারপতির এই সিদ্ধান্তের পরই তাঁকে কটাক্ষ করেছেন যুব তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য। কটাক্ষের সুরে এদিন দেবাংশু সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘আমরা বহু আগেই বলেছিলাম অভিজিৎ গঙ্গোপাধ্যায় একজন রাজনৈতিক বোড়ে । আমাদের অভিযোগকে মান্যতা দেওয়ার জন্য অভিজিৎ বাবুকে অসংখ্য ধন্যবাদ। শিক্ষক নিয়োগ সহ গোটা দুর্নীতির অভিযোগটাই আজ প্রশ্নের মুখে দাঁড়িয়ে পড়ল। ভোঁতা হয়ে গেল শেষ দুই-আড়াই বছরের যাবতীয় আলোচনা, সমালোচনা..।’ এখন দেখার বিষয় এটাই যে, কোন রাজনৈতিক দলে যোগদান করেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

About Post Author