Home » এই প্রথম রামনবমীতে ছুটি ঘোষণা রাজ্য সরকারের, কটাক্ষ শুভেন্দুর

এই প্রথম রামনবমীতে ছুটি ঘোষণা রাজ্য সরকারের, কটাক্ষ শুভেন্দুর

সময় কলকাতা ডেস্ক, ১০ মার্চঃ লোকসভা ভোটের মুখে বড় সিদ্ধান্ত! এই প্রথমবার রামনবমীতে ছুটি ঘোষণা করল রাজ্য সরকার। শনিবার নবান্নের তরফে এই মর্মে একটি বিজ্ঞপ্তি জারি করা বলা হয়েছে, আগামী ১৭ এপ্রিল এন আই অ্যাক্টে রামনবমীতে ছুটি ঘোষণা করা হয়েছে। এদিন জরুরি পরিষেবা বাদ দিয়ে রাজ্য সরকারি এবং রাজ্য সরকারি সাহায্যপ্রাপ্ত সমস্ত প্রতিষ্ঠান ছুটি থাকবে বলে জানিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। লোকসভা নির্বাচনের আগে রাজ্য সরকারের এই ঘোষণা বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন অনেকে। যদিও এই ঘটনার প্রেক্ষিতেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন। যেখানে কটাক্ষ করে শুভেন্দু লিখেছেন, সময় বদলাচ্ছে! চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে শ্রী রাম নবমী উৎসবের দিন পুরুষোত্তম শ্রী রামচন্দ্রের সম্মানে এই প্রথমবার রাজ্য সরকার ছুটি ঘোষণা করলো। আমি জানুয়ারি মাসে রাম নবমীর দিন ছুটি না দেওয়ার জন্য রাজ্য সরকারের সমালোচনা করেছিলাম। আর আজ রাজ্য সরকার বাধ্য হয়ে ছুটি ঘোষণা করলো।

আরও পড়ুন   ইডি আধিকারিকদের উপর আক্রমণ : তদন্তে মিনাখাঁ থানায় সিবিআই

যদিও তৃণমূলের বক্তব্য, বাংলায় মতুয়া মহাসঙ্ঘের হরিচাঁদ-গুরুচাঁদ ঠাকুরের জন্মদিন-সহ বিভিন্ন অনুষ্ঠানে রাজ্য সরকার ছুটি দেয়। আদিবাসীদের করাম পুজোতেও এখন ছুটি থাকে। এবার তাতে যোগ হল রামনবমী। এর সঙ্গে ভোটের কোনও সম্পর্ক নেই। তবে রামনবমীতে ছুটি নিয়ে ইতিমধ্যেই বিরোধিতা করেছেন শিল্পী কবীর সুমন। মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল সরকারের ঘোষিত সমর্থকের গলাতেই ক্ষোভের সুর।

ফেসবুকে রামনবমীর ছুটির সমালোচনা করে কবীর লিখেছেন, ‘আর পারলাম না। রামনবমীতেও আমার রাজ্যে ছুটি। মানছি না। রামনবমী = জাতীয় সংখ্যালঘু নির্যাতন দিবস। ঐ দিন হবে আমার রাজ্যে ছুটির দিন। চমৎকার। অনেক দিন আগে আমাদের গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন বোম্বের শিল্পীদের আমরা এত টাকা, সম্মান দিয়ে বাংলায় আনি কেন? কেন তাদের দিয়ে গান গাওয়াই? বোম্বের লোকেরা কি ওদের গণেশ পুজোয় বাঙালি শিল্পীদের নিয়ে যায়? হিন্দিহিন্দুত্বওয়ালাদের তোয়াজ করতে রামনবমীর ছুটি? মানছি না আমি। আমি বাধ্য হচ্ছি পশ্চিমবঙ্গ সরকারের বিরোধিতা করতে। এই সরকার বাংলা খেয়ালকে মান্যতা দিয়েছেন। তাঁদের কুর্ণিশ জানিয়েছি বারবার। কিন্তু এ রাজ্যের ভাষা বাংলা। সেই ভাষায় খেয়াল রচনা গাওয়া শেখানো হবে এটাই তো স্বাভাবিক। কাজেই রাজ্য সরকার অস্বাভাবিক কিছু করেননি। তাঁদের করণীয় কাজের সীমা পেরিয়ে করেননি কিছু।’

#latestbengalinews

#ramnavamiholiday

#westbengalgovernment

 

About Post Author