সময় কলকাতা ডেস্ক, ১৪ মার্চঃ সন্দেশখালিতে ফের অ্যাকশন মোডে ইডি। সূত্রের খবর, শেখ শাহজাহানের বিরুদ্ধে আমদানি-রফতানি সংক্রান্ত একটি মামলায় তদন্ত চালাচ্ছে ইডি। সেই সূত্র ধরেই বৃহস্পতিবার ধামাখালির কাছে একটি মাছের পাইকারি বাজারে তল্লাশি চলছে। এই বাজারের অন্যতম অংশীদার নজরুল মোল্লার বাড়িতেও হানা দিয়েছেন ইডি আধিকারিকরা। শাহজাহানের ইটভাটা ও মাছের বাজারে তল্লাশি চালাচ্ছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। সূত্রের খবর,এদিন সকাল ৬.৩০ নাগাদ সন্দেশখালি পৌঁছে যায় ইডির দুটি দল ও কেন্দ্রীয় বাহিনী। এরপর দুটি দলে বিভক্ত হয়ে তল্লাশি শুরু করেন গোয়েন্দারা। জানা গিয়েছে, সন্দেশখালিতে নদীর পারেও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে। শাহজাহানের ইটভাটাতেও তল্লাশি চালাচ্ছেন গোয়েন্দারা। ইডির দাবি, চিংড়ি ব্যবসা এবং ইটভাটার কারবারের আড়ালে রেশন দুর্নীতির কালো টাকা সাদা করা হয়েছে। সম্প্রতি আমদানি-রফতানি সংক্রান্ত ব্যবসায় ‘অনিয়ম’ নিয়ে নতুন একটি অভিযোগ দায়ের করা হয়েছে। তার ভিত্তিতেই শুরু হয় তদন্ত। গত ২৩ ফেব্রুয়ারি এই মামলার তদন্তে হাওড়া, কলকাতা, উত্তর ২৪ পরগনা-সহ মোট ছ’জায়গায় হানা দেন ইডি আধিকারিকেরা। ইডি আধিকারিকদের উপর হামলার অভিযোগে গত মাসেই শাহজাহানকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশ। বর্তমানে সিবিআই হেফাজতে সন্দেশখালির বেতাজ বাদশা।
প্রসঙ্গত, কলকাতা হাইকোর্টের নির্দেশে সন্দেশখালির ‘বেতাজ বাদশা’ শেখ শাহজাহানকে সিবিআইয়ের হাতে তুলে দেয় রাজ্য পুলিশের গোয়েন্দা দফতর (CID)। এরপর সন্দেশখালিকাণ্ডের তদন্তের ভার যায় সিবিআইয়ের হাতে। গত রবিবারই বসিরহাট মহকুমা আদালতের বিচারক শেখ শাহজাহানকে ৪ দিনের সিবিআই হেফাজতে রাখার নির্দেশ দেন। ৪ দিনের সিবিআই হেফাজত শেষে বৃহস্পতিবার ফের বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হল শেখ শাহজাহানকে।কোনোরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে এদিন গোটা আদালত চত্বর নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছিল। সিবিআইয়ের হাত থেকে শাহজাহানকে রাজ্য পুলিশের হাতে ফিরিয়ে আনার জন্য চেষ্টা করা হচ্ছে। কিন্তু, সিবিআই হেফাজত এদিনও শেষ হল না শেখ শাহজাহানের। অন্যদিকে ইডির ওপর হামলার ঘটনায় শেখ শাহজাহানের ভাই আলমগীর সহ প্রায় ১২ জনকে তলব সিবিআইয়ের। সন্দেশখালি মামলায় শেখ শাহজাহানের ভাই শেখ আলমগীর ছাড়াও শেখ শাহজাহানের ঘনিষ্ঠ, সন্দেশখালি ১ নম্বর ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি মাফুজার মোল্লা-সহ বেশ কয়েকজনের বাড়িতে গিয়ে বুধবারই নোটিশ দেয় সিবিআই। তাঁদের প্রত্যেককেই বৃহস্পতিবার সকাল ১১ টায় কলকাতায় সিবিআই দফতরে হাজিরা দিতে বলা হয়েছিল।
এদিকে, সন্দেশখালিতে ইডি আধিকারিকদের উপর হামলার ঘটনায় গত সোমবারই আরও তিনজনকে গ্রেফতার করা হয়। এর মধ্যে আছে শেখ শাহজাহানের অত্যন্ত ঘনিষ্ঠ জিয়াউদ্দিন মোল্লা সহ আরও দুইজন। ইতিমধ্যে শেখ শাহজাহানকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন সিবিআই আধিকারিকরা। তাকে জিজ্ঞাসাবাদ করে ইডি আধিকারিকদের উপর হামলার ঘটনায় একের পর এক তথ্য উঠে এসেছে। উল্লেখ্য, ৫ জানুয়ারি কেন্দ্রীয় এজেন্সি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের ৮ প্রতিনিধি দল সরবেড়িয়া আকুঞ্জিপাড়ায় রেশন দুর্নীতি কাণ্ডে অভিযুক্ত শেখ শাহজাহানের বাড়িতে যান। কিন্তু সেখানে তাঁরা হামলার শিকার হন। এই ঘটনার পরই ভিডিও ফুটেজ দেখে চিহ্নিত করা হয় সরবেড়িয়া আআগারহাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান জিয়াউদ্দিন মোল্লা-সহ বেশ কয়েকজনকে। তাঁদেরকেই সোমবার নিজাম প্যালেসে তলব করা হয়েছিল। এদিন দীর্ঘক্ষণ ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর জিয়াউদ্দিন সহ তিনজনকে গ্রেফতার করা হয়। যদিও এদিন নিজাম প্যালেসে ঢোকার মুখে জিয়াউদ্দিন জানিয়েছিলেন, সিবিআইকে সবরকমভাবে সহযোগিতা করবেন তিনি। সূত্রের খবর, সন্দেশখালিতে শাহজাহানের ডান হাত হিসেবে পরিচিত জিয়াউদ্দিন। গত ৫ জানুয়ারি শাহজাহানের বাড়িতে পৌঁছনোর পর পুরো ঘটনা পরিচালনা করেছিলেন জিয়াউদ্দিন। ওইদিন জিয়াউদ্দিনকে একাধিকবার ফোন করেন শাহজাহান।
#SheikhShahJahan
#latestbengalinews
#ED


More Stories
আই-প্যাকের ডিরেক্টর ভিনেশ চান্দেলকে গ্রেফতার করল ইডি
মমতা -অভিষেককে ৩০ হাজার করে ভোটে হারাতে না পারলে নাকখত দেবেন হুমায়ুন কবীর
এবার কলকাতায় পাঁচজায়গায় একযোগে সিবিআই হানা