সময় কলকাতা ডেস্ক, ২৮ মার্চঃ ফের আততায়ীর হামলায় রক্তাক্ত আমেরিকা। আততায়ীর এলোপাথাড়ি ছুরির কোপে প্রাণ হারালেন অন্তত ৪ জন। গুরুতর আহত হয়েছেন ৭ জন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলেই জানা গিয়েছে। বুধবার আমেরিকার ইলিনয়তে মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে। পুলিশ সূত্রে খবর, এদিন এক আততায়ী ইলিনয়ের একাধিক জায়গায় নৃশংসভাবে এলোপাথাড়ি ছুরির কোপ মারে বেশ কয়েকজনকে। ছুরির কোপে মৃত্যু হয় অন্তত ৪ জনের। মৃতদের মধ্যে রয়েছে ১৫ বছরের এক কিশোরী, ২২ বছরের এক যুবকের, ৬৩ বছরের এক বৃদ্ধা, বছর ৪৯-এর এক ব্যক্তির। অন্যদিকে, গুরুতর আহত হয়েছেন ৭ জন। আহতদের স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা চলছে।
এই ঘটনায় ইতিমধ্যে এক সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ। তাঁকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে। তবে, ঠিক কী কারণে এলোপাথাড়ি ছুরির কোপ চালানো হয়েছে, তা এখনও জানা যায়নি। এই ঘটনা প্রসঙ্গে রকফোর্ড পুলিশ প্রধান কারলা জানিয়েছেন, ‘বুধবার দুপুর প্রায় ১টা নাগাদ আমাদের কাছে বেশ কয়েকটি ফোন আসে। এই ঘটনা খুবই ভয়ংকর। যাঁরা মারা গিয়েছেন ও আহত হয়েছেন তাঁদের প্রত্যেকের শরীরেই ছুরির আঘাতের চিহ্ন রয়েছে। আমরা ইতিমধ্যে এক সন্দেহভাজন যুবককে আটক করেছি।’
প্রসঙ্গত, কিছুদিন আগেই বন্দুকবাজের হামলায় রক্তাক্ত হয়ে ওঠে রাশিয়ার রাজধানী মস্কো। বন্দুকবাজের গুলিতে অন্তত ৬০ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল। গুরুতর আহত ছিলেন ১০০ জনের বেশি। ঘটনাটি ঘটেছে মস্কোর পশ্চিম প্রান্তে অবস্থিত একটি মিউজিক হল ক্রোকাস সিটি হলে। এদিন মস্কোর ওই কনসার্ট হলে আচমকাই ঢুকে পড়ে একদল বন্দুকবাজ। দর্শকে ঠাসা কনসার্ট হলে ‘পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ’ থেকে এলোপাথাড়ি গুলি ছুড়তে থাকে বন্দুকবাজরা। পাশাপাশি গ্রেনেড থেকে বোমাজাতীয় কিছু ছোড়ে হামলাকারীরা। গোটা ঘটনায় উদ্বেগ প্রকাশ করে রাশিয়ার পাশে থাকার আশ্বাস দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানা গিয়েছে, হামলার সময় সেখানে আন্তর্জাতিক শিল্পীরা পারফর্ম করছিলেন। পিকনিক ব্যান্ডের একটি অনুষ্ঠান চলছিল। দর্শকাসনে ছিলেন প্রচুর সংখ্যক মানুষ। ফলে এই বন্দুকবাজদের হামলায় ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে বহুজনের। প্রাণ বাঁচানোর জন্য হুড়োহুড়ি পরে যায় হলের মধ্যে। হামলাকারীদের গুলিতে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন অনেকে।


More Stories
“সকল চুক্তির জননী ” – ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে ঐতিহাসিক বাণিজ্য চুক্তি
মানুষের কাজকর্ম হয়ে যাবে ঐচ্ছিক, কেন বলছেন ইলন মাস্ক!
এবার সেনাবাহিনীর কনভয়ে হামলা! হামলা চালালো বালোচ বিদ্রোহীরা, ৯০ জন পাকসেনার মৃত্যু!