Home » দিল্লির আবগারি দুর্নীতি মামালায় এবার আরও এক আপ বিধায়ককে তলব ইডির

দিল্লির আবগারি দুর্নীতি মামালায় এবার আরও এক আপ বিধায়ককে তলব ইডির

সময় কলকাতা ডেস্ক, ৮ এপ্রিলঃ দিল্লির আবগারি দুর্নীতি মামালায় এবার আপ-এর আরও এক বিধায়ককে তলব করল ইডি। জানা গিয়েছে, সোমবারই আম আদমি পার্টির বিধায়ক দুর্গেশ পাঠককে দিল্লির ইডি দফতরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে, এদিন দিল্লির আবগারি দুর্নীতি মামলায় অরবিন্দ কেজরিওয়ালের ব্যক্তিগত সহায়ক বৈভব কুমারকে জেরা করছে। বৈভব প্রথম সিবিআইয়ের জেরার মুখে জানান, মদনীতি চূড়ান্ত করার আগে মুখ্যমন্ত্রী কেজরিওয়ালকে খসড়া কপি পাঠানো হয়েছিল। তিনি খসড়া চূড়ান্ত করার পর সেটি মন্ত্রিসভার অনুমোদনের জন্য পেশ করা হয়।

আরও পড়ুন   ভোটের মুখে ফের রাজ্যে শুটআউট, প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামীকে বেধড়ক মারধর

ইতিমধ্যেই দিল্লির আবগারি দুর্নীতি মামলায় গ্রেফতারের আশঙ্কা প্রকাশ করেছেন আম আদমি পার্টির নেত্রী তথা মন্ত্রী আতিশী। আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, কিছুদিনের মধ্যেই ইডি তাঁকে গ্রেফতার করবে। একইসঙ্গে আতিশী বলেন, ‘সৌরভ ভরদ্বাজ, রাঘব চাড্ডাকেও গ্রেফতার করা হবে।’ দিল্লির আদালতে ইডি জানিয়েছে, আবগারি দুর্নীতি মামলায় অরবিন্দকে জিজ্ঞাসাবাদের পর জানা গিয়েছে, মূল হোতা বিজয় নায়ারের সঙ্গে যোগাযোগ রাখতেন আতিশী এবং সৌরভ ভরদ্বাজ। আতিশীর অভিযোগ, তাঁকে প্রস্তাব দেওয়া হয়েছে, বিজেপিতে যোগ দিয়ে রাজনৈতিক কেরিয়ার রক্ষা করার জন্য। যদিও সেই প্রস্তাব নাকচ করে আপ নেত্রী বলেন, ‘ আমি অরবিন্দ কেজরিওয়ালের সৈনিক, ভগৎ সিংহের আদর্শকে সামনে রেখে রাজনীতি করি। আমি কিছুতেই বিজেপির সঙ্গে বোঝাপড়া করব না।

এদিকে, দীর্ঘ ৬ মাস পর আবগারি দুর্নীতি মামলায় জামিন পেয়েছেন আম আদমি পার্টির সাংসদ সঞ্জয় সিং। গত মঙ্গলবার সুপ্রিম কোর্ট তাঁর জামিনের আবেদন মঞ্জুর করেছে। গত বছরের অক্টোবরে দিল্লি আবগারি দুর্নীতি মামলায় তাঁকে গ্রেফতার করেছিল ইডি। আবগারি দুর্নীতি মামলার সঙ্গে জড়িত যে আর্থিক দুর্নীতির অভিযোগ উঠেছে, তার ভিত্তিতেই গ্রেফতার করা হয়েছিল সঞ্জয় সিং-কে। গত মাসে জেল হেফাজতে থাকাকালীনই সাংসদ হিসেবে শপথ নেন তিনি। গত সোমবার ইডি হেফাজত থেকে জেল হেফাজতে পাঠানো হয়েছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে। আর ঠিক পরদিনই জামিন পেলেন তাঁর দলের সাংসদ। এদিন সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জীব খান্না, বিচারপতি দীপঙ্কর দত্ত ও বিচারপতি প্রসন্ন বি ভারালের বেঞ্চ সঞ্জয় সিং-কে জামিন দিয়েছে। এর আগে জামিনের আবেদন জানিয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন সঞ্জয় সিং। কিন্তু সেই আবেদন খারিজ হয়ে যায়। এরপরেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তিনি।

About Post Author