Home » Summer Vacation 2024: তীব্র দাবদাহে এগিয়ে এল গরমের ছুটি, কবে থেকে বন্ধ স্কুল? জেনে নিন বিস্তারিত

Summer Vacation 2024: তীব্র দাবদাহে এগিয়ে এল গরমের ছুটি, কবে থেকে বন্ধ স্কুল? জেনে নিন বিস্তারিত

সময় কলকাতা ডেস্ক, ১৮ এপ্রিলঃ গ্রীষ্মের প্রখর দাবদাহে পুড়ছে বাংলা। হাঁসফাঁস অবস্থা গোটা রাজ্যের। তাপমাত্রার পারদ ৪০ ডিগ্রি ছাড়িয়ে গিয়েছে। আপাতত বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। তাই অতিরিক্ত গরমের হাত থেকে রেহাই পেতে এবার নির্দিষ্ট সময়ের আগেই রাজ্যের সরকারি স্কুলগুলিতে পড়তে চলেছে গরমের ছুটি। ৬ মে নয়, আগামী ২২ এপ্রিল অর্থাৎ সোমবার থেকেই অনির্দিষ্টকালের জন্য পড়বে গরমের ছুটি। এমনটাই নির্দেশিকা জারি করে ঘোষণা করল রাজ্য শিক্ষা দফতর। গরমের ছুটি এগিয়ে নিয়ে আসার ব্যাপারে গত কয়েকদিন ধরেই ভাবনা-চিন্তা চলছিল। অবশেষে সরকারি শিলমোহর পড়ল। বর্তমান তাপপ্রবাহ ও দাবদাহ পরিস্থিতিতেই গরমের ছুটি এগিয়ে আনা হচ্ছে বলে নির্দেশিকায় জানিয়েছে শিক্ষা দফতর।  

আরও পড়ুন  Bhatpara Shoot Out: ভোটের মুখে ফের উত্তপ্ত ভাটপাড়া! ২ বন্ধুর বচসার জেরে চলল গুলি, আহত তৃণমূল কর্মী

তবে উত্তরে পাহাড়ে দার্জিলিং ও কালিম্পং জেলায় স্কুল খোলা থাকবে। রাজ্য শিক্ষা দফতর সূত্রে খবর, প্রবল গরম এবং ভোটের কারণে রাজ্যের সরকারি এবং সরকার-পোষিত স্কুলে ছুটি এগিয়ে আনা হল। ইতিমধ্যেই বড় নির্দেশিকা জারি করেছে শিক্ষা দফতর। নির্দেশিকায় বলা হয়েছে, শিক্ষক-শিক্ষিকা ও অশিক্ষক কর্মীরাও ছুটিতে থাকবেন। স্কুল না খোলা পর্যন্ত স্পেশাল লিভে থাকবেন তাঁরা। স্কুল আবার কবে খুলবে, লোকসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে তা ঠিক করবে সংশ্লিষ্ট নির্বাচনী কর্তৃপক্ষ। বলা হয়েছে স্কুল খোলার পর অতিরিক্ত ক্লাস করাতে হবে। পড়ুয়াদের পঠনপাঠনে যাতে কোনও ক্ষতি না হয় সেদিকে নজর রেখেই এই অতিরিক্ত ক্লাস করাবেন শিক্ষক-শিক্ষিকা ও অশিক্ষক কর্মীরা। মঙ্গলবারই নবান্নে মুখ্যসচিব বি পি গোপালিকার নেতৃত্বে একটি বৈঠক ডাকা হয়েছিল। ওই বৈঠকেই গরমের ছুটি এগিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার এ বিষয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ২২ এপ্রিল থেকে গরমের ছুটি শুরু হওয়ার বিষয়ে সিলমোহর দেন। উল্লেখ্য, তীব্র গরমে কার্যত নাজেহাল অবস্থা বঙ্গবাসীর। রাজ্যের একাধিক জেলায় ইতিমধ্যেই তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। বেলা বাড়লেই রোদের তেজ বাড়ছে। বৈশাখের তপ্ত গরমে হাঁসফাঁস অবস্থা রাজ্যবাসীর। আপাতত তাপমাত্রা নামার সম্ভাবনা নেই। আর্দ্রতাজনিত অস্বস্তি রয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় চলতি সপ্তাহ থেকেই চলবে তাপপ্রবাহ।

#SummerVacation2024

#গরমেরছুটি

#latestbengalinews

About Post Author