Home » একঘেয়ে চা কিংবা কফি নয়, সন্ধ্যার টিফিনে বানিয়ে ফেলুন মুখরোচক চাইনিজ শিঙাড়া

একঘেয়ে চা কিংবা কফি নয়, সন্ধ্যার টিফিনে বানিয়ে ফেলুন মুখরোচক চাইনিজ শিঙাড়া

সময় কলকাতা ডেস্ক, ২৩ এপ্রিলঃ শিঙাড়া খেতে ভালবাসেন না এমন মানুষ খুব কমই দেখা যায়। সন্ধ্যাবেলায় চায়ের সঙ্গে বিস্কুট হোক বা শিঙাড়া, যে কোনও কিছু একেবারে জমে যায়। চা সঙ্গে কি সবসময় মুড়ি অথবা বিস্কুট খেতেই হবে? সেই দস্তর ভেঙ্গে এবার স্বাদ বদলাতে সন্ধ্যার টিফিনে বাড়িতেই বানিয়ে ফেলুন চাইনিজ শিঙাড়া। শিঙাড়ার স্বাদ একটু অন্যরকমভাবে চেটেপুটে নিতে খুব সামান্য কিছু উপকরণ দিয়েই বাড়িতেই বানিয়ে ফেলুন চাইনিজ শিঙাড়া। সন্ধ্যার আড্ডায় চায়ের সঙ্গে একেবারে জমে যাবে চাইনিজ শিঙাড়া। পরিবারের সদস্যরা একেবারে চেটেপুটে খাবে চাইনিজ শিঙাড়া। চাইনিজ শিঙাড়া বানানোর জন্য রইল খুব সহজ একটি রেসিপি-

আরও পড়ুন  Malaysia Navy Copter Crash: মালয়েশিয়ায় নৌসেনার মহড়া চলাকালীন দুই কপ্টারের মুখোমুখি সংঘর্ষ, মৃত ১০

উপকরণ
সেদ্ধ করা মুরগির মাংস: ১০০ গ্রাম
ময়দা: ২ কাপ
গাজর কুচি: অর্ধেক কাপ
ক্যাপসিকাম কুচি: অর্ধেক কাপ
বাঁধাকপি: অর্ধেক কাপ
পেঁয়াজ কুচি: অর্ধেক কাপ
তেল: পরিমাণ মতো
নুন: স্বাদ মতো
বেকিং সোডা: ১ চা চামচ
ভিনিগার: ১ টেবিল চামচ
চাউমিন: ২০০ গ্রাম
রসুন কুচি: ২ চামচ
কাঁচালঙ্কা কুচি: ২-৩ টেবিল চামচ
সোয়া সস্: ২-৩ টেবিল চামচ
টম্যাটো সস্: ২ টেবিল চামচ

প্রণালী

শিঙাড়ার পুর তৈরির জন্য প্রথমে একটি পাত্রে ময়দা, তেল, নুন আর বেকিং সোডা দিয়ে ভাল করে মেখে নিন। এরপর সাদা কাপড় দিয়ে মণ্ডটি ঢেকে রাখুন। একটি কড়াইয়ে তেল গরম করে তাতে রসুন, কাঁচালঙ্কা কুচি, পেঁয়াজ কুচি হালকা করে ভেজে নিন। এবার কেটে রাখা সবজি আর মুরগির মাংস ভেজে নিন। ভাজা হয়ে এলে একে একে সব সস্ আর ভিনিগার দিয়ে ভাল করে নাড়াচাড়া করে নিন। প্রয়োজন মতো নুন আর গোলমরিচ গুঁড়ো মিশিয়ে নিন। এর পর আগে থেকে সেদ্ধ করে রাখা চাউমিন দিয়ে ভাল করে মিলিয়ে নিলেই তৈরি হয়ে যাবে শিঙাড়ার পুর। এবার শিঙাড়া তৈরির জন্য ছোট লেচি বানিয়ে গোল করে বেলে নিন। মাঝখান দিয়ে কেটে দু’ভাগ করে এক ভাগ হাতে তুলে নিয়ে পানের খিলির মতো ভাঁজ করুন। ভিতরে চাউমিনের পুড় দিন। খোলা মুখে জল লাগিয়ে ভাল করে মুখটি বন্ধ করে নিন। নীচের ছুঁচোলো অংশ একটু মুড়ে নিন। একে একে শিঙাড়া গড়ে থালায় সাজিয়ে রাখুন। এবার কড়াইতে তেল গরম করে শিঙাড়াগুলি তেলে ছেড়ে দিন। ১০ থেকে ১২ মিনিট অল্প আঁচে ভাজুন। হালকা বাদামি হলে নামিয়ে নিন কড়াই থেকে। সবুজ চাটনি কিংবা মেয়োনিজের সঙ্গে গরম গরম পরিবেশন করুন চাইনিজ শিঙাড়া।

About Post Author