সানী রায়, সময় কলকাতা,২৯ এপ্রিল : ভোট সবে দু দফা হয়েছে। ফলপ্রকাশ হতে এখনও মাসাধিক কাল বাকি। ইতিমধ্যেই রক্তক্ষয়ী রাজনৈতিক সংঘর্ষ শুরু হয়ে গিয়েছে। দার্জিলিং লোকসভা কেন্দ্র থেকে মিলেছে ভোট-পরবর্তী হিংসার খবর। মাটিগাড়ায় ভোট-পরবর্তী হিংসা । আক্রান্ত ও আহত বিজেপির বুথ সভাপতি সহ ৬। অভিযোগের তীর তৃণমূলের দিকে।তৃণমূল অবশ্য অভিযোগ খারিজ করে বলেছে, অরাজনৈতিক ঘটনায় রাজনৈতিক রঙ লাগিয়ে তৃণমূলের ওপরে দোষ আরোপ করার চেষ্টা করছে বিজেপি।
অভিযোগ,মাটিগাড়ার কলাইবক্তরি এলাকায় রবিবার সন্ধ্যায় একদল দুষ্কৃতী বিজেপির স্থানীয় বুথ সভাপতি নন্দকিশোর ঠাকুর সহ কয়েকজন বিজেপি কর্মকর্তার বাড়িতে হামলা চালায়। যার জেরে দু’জন মহিলা সহ ছয়জন গুরুতর ভাবে জখম হয়েছেন। এই হামলার জন্য সরাসরি তৃণমূলকে দায়ী করেছে বিজেপি। নন্দকিশোর তাঁদের ওপর হামলা চালানোর জন্য সরাসরি স্থানীয় তৃণমূল নেতা কৈলাশ মণ্ডলের বিরুদ্ধে অভিযোগ তুলে মাটিগাড়া থানায় এফআইআর করেছেন। তাঁর বক্তব্য, ‘ভোটের আগে থেকেই হুমকি দিচ্ছিল কৈলাশ এবং তাঁর দলবল। এদিন সকালেও প্রাণনাশের হুমকি দেওয়া হয়। তখনই বিষয়টি পুলিশের নজরে আনা হয়। কিন্তু পুলিশ কোনও পদক্ষেপ না নেওয়ায় , সন্ধ্যায় আবার হামলা চালানো হয়।’
মাটিগাড়ায় ভোট-পরবর্তী হিংসা কাণ্ডের পরই বিজেপির তরফে মাটিগাড়া থানা ঘেরাও করে বিক্ষোভ শুরু হয়। খবর লেখা পর্যন্ত বিক্ষোভ চলছে। এদিকে, দিল্লি থেকে ঘটনা সম্পর্কে খোঁজ নেন দার্জিলিং কেন্দ্রের বিজেপি প্রার্থী রাজু বিস্তা। তাঁর অভিযোগ, ‘তৃণমূলের গুন্ডারা শান্ত পরিবেশকে অশান্ত করে তুলতে চাইছে। পরাজয় বুঝতে পেরে সন্ত্রাসের রাস্তা বেছে নিয়েছে।’ তবে তৃণমূলের জেলা সভানেত্রী পাপিয়া ঘোষের দাবি, ‘ঘটনার সঙ্গে রাজনৈতির কোনও যোগ নেই। রাজনৈতিক রং লাগানোর চেষ্টা করছে বিজেপি।’ এদিকে পুলিশের তরফে ডিসিপি হেড কোয়ার্টার তন্ময় সরকার জানান, ঘটনায় যুক্ত থাকার অভিযোগে দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। মাটিগাড়ায় ভোট-পরবর্তী হিংসা আপাতত স্তিমিত হলেও উত্তেজনা বহাল রয়েছে।।
আরও পড়ুন তৃতীয় দফার ভোট কবে ও কোথায়?


More Stories
পাক অধিকৃত কাশ্মীরে গুলি, নিহত ৩০
গ্রেফতার স্বরূপ বিশ্বাস
দিল্লির রাজস্থান বধ