Home » বিতর্কের আবহেই রাজ্যের তিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ রাজ্যপালের

বিতর্কের আবহেই রাজ্যের তিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ রাজ্যপালের

সময় কলকাতা ডেস্ক, ১৫ মেঃ বিতর্কের আবহেই নয়া পদক্ষেপ! এবার সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্যের আরও তিনটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সোমবার ঝাড়গ্রামের সাধুরাম চাঁদ মুর্মু বিশ্ববিদ্যালয়, তারকেশ্বর রানি রাসমণি গ্রিন বিশ্ববিদ্যালয় এবং ঠাকুরনগরের হরিচাঁদ গুরুচাঁদ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ করলেন। রাজ্য-রাজ্যপালের চূড়ান্ত সংঘাতের মাঝেই এই সিদ্ধান্ত নিলেন সিভি আনন্দ বোস। কিছুদিন আগেই যাদবপুর বিশ্ববিদ্যালয়, গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ করা হয়েছিল। রাজভবন সূত্রে খবর, ঝাড়গ্রামের সাধুরাম চাঁদ মুর্মু বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হচ্ছেন অধ্যাপক কল্লোল মজুমদার। হুগলির তারকেশ্বর রানি রাসমণি গ্রিন বিশ্ববিদ্যালয় এবং ঠাকুরনগরের হরিচাঁদ গুরুচাঁদ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হচ্ছেন আশুতোষ ঘোষ। অর্থাৎ, দু’টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব সামলাবেন একজনই৷

আরও পড়ুন   Mamata Banerjee: বনগাঁর জনসভায় আক্রমণাত্মক মমতা, বিজেপি-সিপিএম-কংগ্রেসের পাশাপাশি নিশানায় নির্বাচন কমিশনও

জানা গিয়েছে, খুব শীঘ্রই রাজ্যের ২১ টি বিশ্ববিদ্যালয়ে আচার্য নিয়োগ করতে চলেছেন রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির আচার্য তথা রাজ্যপাল সিভি আনন্দ বোস। সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল, রাজ্যের যেসব বিশ্ববিদ্যালয়ে উপাচার্য পদ শূন্য রয়েছে, সেখানে ৬ জন অন্তর্বর্তীকালীন উপাচার্য নিয়োগের সিদ্ধান্ত নেবেন রাজ্যপাল। এরপর রাজ্য সরকার প্রস্তাবিত 8 জনকে গত এপ্রিলে আলোচনার জন্য ডাকা হয়েছিল। আগেই দুটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ করা হয়েছিল। সোমবার ফের দু’জনকে তিনটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব দেওয়া হল। শুক্রবারের মধ্যেই সুপ্রিমকোর্টে কমপ্লায়েন্স রিপোর্ট জমা দিতে বলা হয়েছে রাজ্যপালকে। প্রসঙ্গত, উপাচার্যহীন বিশ্ববিদ্যালয়গুলিতে অস্থায়ী উপাচার্য নিয়োগ করেছিলেন আচার্য সিভি আনন্দ বোস।

রাজ্যের উচ্চ শিক্ষাদফতরের অভিযোগ ছিল, তাদের না জানিয়েই রাজ্যপাল নিজের পছন্দ মত উপাচার্য নিয়োগ করেছেন। সমস্যার সমাধানে রাজভবনে আসেন খোদ অ্যাটর্নি জেনারেল। মামলা পৌঁছয় সুপ্রিম কোর্ট পর্যন্ত। এই পরিপ্রেক্ষিতে সুপ্রিমকোর্টের আদেশ রাজ্যের পাঠানো তালিকা থেকেই যোগ্য ব্যক্তিকে উপাচার্য হিসাবে নিয়োগ হবে রাজ্যপালকে। ফলত রাজ্যের ২১টি বিশ্ববিদ্যালয় পেতে চলেছে স্থায়ী উপাচার্য। এর আগে গত ১৬ ই এপ্রিল সুপ্রিম কোর্টের শুনানিতে একটি রিপোর্ট পেশ করা হয়। রাজ্যের তালিকা থেকে দ্রুত ৬ জন উপাচার্য নিয়োগের নির্দেশ দেয় সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি কে ভি বিশ্বনাথনের বেঞ্চ। এক সপ্তাহের সময় সীমা বেধে দেয় আদালত। এরপরই ৩১ টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের মধ্যে যাদের নাম পাঠানো হয়েছিল, তার মধ্যে ৬ টি নামে শিলমোহর দেয় রাজভবন। এবার উপাচার্যহীন বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগ করবেন আচার্য।

About Post Author