সময় কলকাতা ডেস্ক, ২০ মেঃ দেশজুড়ে শুরু পঞ্চম দফার লোকসভা নির্বাচন। এই দফায় দেশের ৮ রাজ্যের ৪৯টি আসনে শুরু হয়েছে গণতন্ত্রের উৎসব।এর মধ্যে পশ্চিমবঙ্গে মোট সাতটি লোকসভা কেন্দ্র- বনগাঁ, ব্যারাকপুর, হাওড়া, উলুবেড়িয়া, শ্রীরামপুর, হুগলি এবং আরামবাগ ভোটগ্রহণ চলছে। পঞ্চম দফায় রাজ্যের ৭ টি লোকসভা আসনে বুথের সংখ্যা ১৩ হাজার ৪৮১। এরমধ্যে স্পর্শকাতর বুথের সংখ্যা ৭ হাজার ৭১১। এই দফায় ভাগ্য নির্ধারণ হতে চলেছে রচনা বন্দ্যোপাধ্যায়, লকেট চট্টোপাধ্যায়, অর্জুন সিং, পার্থ ভৌমিক, প্রসূন বন্দ্যোপাধ্যায়, দীপ্সিতা ধর, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, শান্তনু ঠাকুরদের। এদিন সকাল ৯টা পর্যন্ত বনগাঁয় ভোট পড়েছে ১৫.১৯ শতাংশ, ব্যারাকপুরে পড়েছে ১৫.৮ শতাংশ, হাওড়ায় পড়েছে ১৫.২ শতাংশ, উলুবেড়িয়ায় ১৭.২৫ শতাংশ, শ্রীরামপুরে ভোট পড়েছে ১৪.৪৩ শতাংশ, হুগলিতে ১৪.০১ শতাংশ, আরামবাগে পড়েছে ১৬.৩৮শতাংশ।
আরও পড়ুন Lok Sabha Election 2024: পঞ্চম দফার ভোটে অশান্তি এড়াতে মোতায়েন ৬১৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
সবকটি বুথই কেন্দ্রীয় বাহিনীর কড়া নজরদারিতে। সাত সকালেই রাজনৈতিক দলের পোলিং এজেন্টরা পৌঁছে গিয়েছেন ভোটগ্রহণ কেন্দ্রে। এদিন সাত সকালেই ভোট দিলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং। ১৪৪ নম্বর বুথে ভাটপাড়া সরস্বতী বালিকা বিদ্যালয়ে নিজের ভোট দিলেন অর্জুন সিং। অন্যদিকে, নৈহাটি বড় মা কালী মন্দিরে পুজো দিয়ে আজকের দিনটা শুরু করলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক। সকাল সকাল ঠাকুরনগর আর পি বিদ্যালয়ে ৪৩ বুথে ভোট দিলেন শান্তনু ঠাকুর। এদিন তিনি স্ত্রীকে সঙ্গে নিয়ে ভোট কেন্দ্রে আসেন এবং লাইনে দাঁড়িয়ে ভোট দেন।

এদিন তিনি সিএএ প্রসঙ্গে বলেন, ‘সিএএ এর মাধ্যমে তৃণমূলের হার্মাদের ডিটেনশন ক্যাম্পে পাঠানো উচিত।’ সকাল সকাল ডোমজুড়ের চিত্তরঞ্জন হাই স্কুলে ভোট দিয়েছেন শ্রীরামপুরের সিপিএম প্রার্থী দীপ্সিতা ধর। অন্যদিকে, শ্রীরামপুরের বিবেকানন্দ প্রাথমিক বিদ্যালয় সকাল থেকে ভোটারদের লম্বা লাইন। সাতসকালে বাড়ি থেকে বেরিয়ে সেখানেই পৌঁছে যান শ্রীরামপুরের তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তাঁকে নিয়ে সেলফি তোলার জন্য আবদার করেন ভোটাররা। হাসিমুখে ভোটারদের সেই আবদার মেটান তিনি। এদিকে, গোঘাটে নিজের মাকে নিয়ে ভোট দিলেন আরামবাগের তৃণমূল প্রার্থী মিতালি বাগ।
#LokSabhaElection2024


More Stories
মমতা -অভিষেককে ৩০ হাজার করে ভোটে হারাতে না পারলে নাকখত দেবেন হুমায়ুন কবীর
ভাষা-সন্ত্রাস : মুখ্যমন্ত্রী বনাম বিজেপি
আইনশৃঙ্খলার পাঠ : বিহারের কাছে কি পশ্চিমবঙ্গকে শিখতে হবে ?