Home » Donald Trump ঃ পর্নস্টার স্টর্মি ড্যানিয়েলসকে ঘুষ দেওয়ার মামলায় দোষী সাব্যস্ত ডোনাল্ড ট্রাম্প

Donald Trump ঃ পর্নস্টার স্টর্মি ড্যানিয়েলসকে ঘুষ দেওয়ার মামলায় দোষী সাব্যস্ত ডোনাল্ড ট্রাম্প

সময় কলকাতা ডেস্ক, ৩১ মেঃ পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসকে ঘুষ দেওয়ার মামলায় দোষী সাব্যস্ত হলেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের যৌন কেলেঙ্কারি ঢাকতে ঘুষ দেওয়ার অভিযোগে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ফৌজদারি মামলা হয়েছিল নিউ ইয়র্কের আদালতে। আর এবার সেই পর্নস্টারের মামলায় মোট ৩৪টি অভিযোগের সবকটিতেই তাঁকে দোষী সাব্যস্ত করেছে নিউ ইয়র্কের আদালত। এদিকে, এই মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পরই বিচার প্রক্রিয়ায় কারচুপি হয়েছে বলেই ট্রাম্প দাবি করেছেন। তিনি বলেন, ‘স্বার্থের সংঘাতে জড়ানো এক দুর্নীতিগ্রস্ত বিচারকের বিচার এটা। এতে কারচুপি হয়েছে। গোটা দেশের জন্য এটি লজ্জাজনক ব্যাপার। আমাদের পুরো দেশ এখন কারচুপির শিকার হচ্ছে। রাজনৈতিক প্রতিপক্ষকে আঘাত করার জন্য বাইডেন প্রশাসন এটি করেছে।’ ডোনাল্ড ট্রাম্পই হলেন প্রথম প্রাক্তন আমেরিকান প্রেসিডেন্ট, যিনি কিনা ফৌজদারি মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন। জানা গিয়েছে, আগামী ১১ জুলাই ট্রাম্পের সাজা ঘোষণা করা হবে।

আরও পড়ুন  PM Modi Meditation: কন্যাকুমারীর বিবেকানন্দ মেমোরিয়াল রকে ৪৫ ঘণ্টার ধ্যানে বসলেন মোদি

এদিকে, আর কয়েক মাসের মধ্যেই আমেরিকায় অনুষ্ঠিত হতে চলেছে মার্কিন রাষ্ট্রপতি নির্বাচন। সবকিছু ঠিকঠাক থাকলে ট্রাম্প রিপাবলিকান প্রার্থীর হয়ে বাইডেনের বিরুদ্ধে নির্বাচনে লড়াই করবেন। কিন্তু স্টর্মি ড্যানিয়েলসকে ঘুষ দেওয়ার মামলায় দোষী সাব্যস্ত হলেও ট্রাম্পের প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনা অনেকটাই ধাক্কা খাবে। কেননা ট্রাম্পের বিরুদ্ধে নিউ ইয়র্ক দণ্ডবিধির ১৭৫ ধারা অনুযায়ী ব্যবসায়ী রেকর্ড জালিয়াতির একাধিক অপরাধের অভিযোগ রয়েছে। সেক্ষেত্রে প্রতিটি অপরাধের জন্য সর্বোচ্চ চার বছর করে কারাদণ্ডের মুখোমুখি হতে পারেন তিনি। প্রসঙ্গত,২০১৬ সালে পর্নস্টার ড্যানিয়েলস একাধিক সংবাদমাধ্যমকে তাঁর সঙ্গে ট্রাম্পের ২০০৬ সালের যৌন সম্পর্কের কথা জানান। অভিযোগ, সেইসময় স্টর্মির মুখ বন্ধ রাখার জন্য নিজের আইনজীবী মাইকেল কোহেনের মাধ্যমে ১ লক্ষ ৩০ হাজার ডলার ‘ঘুষ’ দেন ট্রাম্প। এই বিপুল পরিমাণ অর্থ কোহেনের আইনি পারিশ্রমিক হিসেবে নথিভুক্ত করে প্রকৃত তথ্য গোপন করার অভিযোগ ওঠে।

পুলিশের দাবি, ২০১৬ সালে ট্রাম্প বিপুল টাকা ‘হাস মানি’ দিয়েছিলেন অ্যাডাল্ট ফিল্ম স্টার স্টরমি ড্যানিয়েলসকে। এরপরই এই মামলার শুনানিতে রবার্ট কাস্টেলো নামে এক সাক্ষী আদালতে জানান, ট্রাম্পের ফিক্সার মাইকেল কোহেন, স্টরমি ড্যানিয়েলসকে ওই ঘুষের টাকা দিয়েছেন। ওই সাক্ষ্য দেওয়ার পরই ট্রাম্প জানিয়েছিলেন, তাঁকে গ্রেফতার করা হতে পারে। শেষপর্যন্ত সেই আশঙ্কাই সত্যি হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের সুদীর্ঘ ইতিহাসে এই প্রথম কোনও প্রাক্তন প্রেসিডেন্টকে গ্রেফতারির মুখে পড়তে হয়। যদিও ডোনাল্ড ট্রাম্পের অনুগামীদের অভিযোগ, প্রাক্তন প্রেসিডেন্টের বিরুদ্ধে বহুদিন ধরেই রাজনৈতিক ষড়যন্ত্র চলছে। কার্যত সেকারণে ইতিমধ্যেই নিউ ইয়র্কের নিরাপত্তা বাড়ানো হয়েছে। ট্রাম্প সমর্থকরা কোনওভাবেই যাতে রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে না পারেন, সেদিকেও প্রশাসনের তরফে কড়া নজর রাখা হচ্ছে।

#পর্নস্টারস্টর্মিড্যানিয়েলস,

#ডোনাল্ডট্রাম্প,

#DonaldTrump,

#pornstarStormyDaniels, 

#Latestbengalinews

About Post Author