Home » Lok Sabha Election 2024: সকাল ৯টা পর্যন্ত বাংলায় ভোট পড়ল ১২.৬৩ শতাংশ, ভোটদানের হারে এগিয়ে বসিরহাট

Lok Sabha Election 2024: সকাল ৯টা পর্যন্ত বাংলায় ভোট পড়ল ১২.৬৩ শতাংশ, ভোটদানের হারে এগিয়ে বসিরহাট

সময় কলকাতা ডেস্ক, ১ জুনঃ ১ জুন দেশজুড়ে শেষ দফা অর্থাৎ সপ্তম দফার লোকসভা নির্বাচন। এই দফায় সাতটি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলের মোট ৫৭টি আসনে শুরু হয়েছে গণতন্ত্রের উৎসব। মোট প্রার্থীর সংখ্যা ৯০৭ জন। এই তালিকায় পশ্চিমবঙ্গের ৪২টির মধ্যে ন’টি লোকসভা আসন রয়েছে। লোকসভা কেন্দ্রগুলি হল- দমদম, বারাসাত, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ড হারবার, যাদবপুর, কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ। এছাড়াও উত্তরপ্রদেশ ও পাঞ্জাবের ১৩ টি করে, বিহারের ৮টি, ওড়িশার ৬টি, হিমাচল প্রদেশের ৪টি, ঝাড়খণ্ডের ৩টি এবং চণ্ডীগড়ের একটি আসনে ভোট গ্রহণ চলছে। শেষ দফার নির্বাচনে বাংলায় সকাল থেকেই বিক্ষিপ্ত অশান্তির খবর পাওয়া গিয়েছে। কিন্তু তার মধ্যেও সকাল ৯টা পর্যন্ত ১২.৬৩ শতাংশ ভোট পড়ে গেল রাজ্যের ৯ আসন মিলিয়ে। সকাল ৯টা পর্যন্ত দমদমে ভোট পড়েছে- ১০.৮৬ শতাংশ, বারাসতে পড়েছে- ১২.৯৪ শতাংশ, বসিরহাট পড়েছে- ১৫.৬৬ শতাংশ, জয়নগরে ভোট পড়েছে – ১৩.১৩ শতাংশ, মথুরাপুর পড়েছে- ১৩.৫৪ শতাংশ, ডায়মন্ড হারবার – ১৪.১৬ শতাংশ, যাদবপুর – ১৩.৪৬ শতাংশ, কলকাতা দক্ষিণ – ১০.১৬ শতাংশ, কলকাতা উত্তর – ৮.৯২ শতাংশ ভোট পড়েছে। ভোটদানের হারে এই মুহূর্তে এগিয়ে রয়েছে বসিরহাট। সেখানে ১৫.৬৬ শতাংশ ভোট পড়েছে। আর সবথেকে কম ভোট পড়েছে কলকাতা উত্তরে, ৮.৯২ শতাংশ।

আরও পড়ুন  কদম্বগাছিতে বিজেপি নেতার মেয়ের মাথা ফাটল

সপ্তম দফার ভোটে ১ হাজার ৯০০ কিউআরটি মোতায়েন রয়েছে। শুধুমাত্র কলকাতায় মোতায়েন রয়েছে ৩২৪ ক্যুইক রেসপন্স টিম। সপ্তম দফায় অশান্তি রুখতে ৯৬৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে। যার মধ্যে কলকাতার জন্য মোট ২৪৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে। অর্থাৎ নজিরবিহীন নিরাপত্তার ঘেরাটোপে চলছে শেষ দফার ভোট। শেষ দফার ভোটে বাংলার নয়টি আসনের মধ্যে তিনটি আসনে বিশেষ নজর রেখেছে নির্বাচন কমিশন। সেগুলি হল, কলকাতা, বসিরহাট ও ডায়মন্ড হারবার কেন্দ্র। এছাড়াও বাড়তি নজরদারি রয়েছে ভাঙড়েও। সেখানের জন্য আলাদা করে ১৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে।

#LokSabhaElection2024

#লোকসভাভোট২০২৪

#Latestbengalinews

About Post Author