Home » শিয়ালদহের ১-৫ নম্বর প্ল্যাটফর্ম বন্ধ, শিয়ালদহ মেন এবং বনগাঁ শাখায় যাত্রীভোগান্তি চরমে

শিয়ালদহের ১-৫ নম্বর প্ল্যাটফর্ম বন্ধ, শিয়ালদহ মেন এবং বনগাঁ শাখায় যাত্রীভোগান্তি চরমে

সময় কলকাতা ডেস্ক, ৬ জুনঃ রেলের কাজের জেরে বন্ধ শিয়ালদহের ১-৫ নম্বর প্ল্যাটফর্ম।মূলত ১২ বগির ট্রেন চালানোর জন্য কাজ চলছে শিয়ালদহের ১-৫ নম্বর প্ল্যাটফর্মে। সেই সংক্রান্ত কাজের জন্যই শিয়ালদহ স্টেশনের ১-৫ নম্বর প্ল্যাটফর্ম বন্ধ রাখা হয়েছে। রবিবার দুপুর পর্যন্ত এই পরিস্থিতি চলবে বলেই জানিয়েছে পূর্ব রেল। ফলে ট্রেন চলাচলের ক্ষেত্রে চরম ভোগান্তির অভিযোগ তুলছেন অফিস যাত্রীদের একাংশ। যাত্রীদের অভিযোগ, যথেষ্ট দেরিতে চলছে ট্রেন। এমনকী গ্যালোপিং ট্রেনগুলিও বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে রয়েছে এই পরিস্থিতিতে বিকল্প পথে গন্তব্যে পৌঁছনোর চেষ্টা করছেন যাত্রীরা।

আরও পড়ুন  ভ্যাপসা গরমে হাঁসফাঁস অবস্থা রাজ্যবাসীর, কবে নামবে বৃষ্টি? জেনে নিন হাওয়া অফিসের বড় আপডেট

রেল সূত্রে জানা গিয়েছে, ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করায় দমদম বা ক্যান্টনমেন্ট অবধি গিয়ে আবারও সেগুলিকে ফেরানোর ব্যবস্থা করা হচ্ছে। ফলে অতিরিক্ত সময় লাগছে। এই পরিস্থিতিতে ট্রেনের জন্য দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকে গরমে নাজেহাল অবস্থা যাত্রীদের। স্টেশনে স্টেশনে জমছে যাত্রীদের ভিড়। এই প্রসঙ্গে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানান, মোট ৩৭টি ট্রেন দমদম পর্যন্ত যাতায়াত করছে। বাকিগুলি শিয়ালদহ পর্যন্ত যাতায়াত করছে। আর যে সমস্ত প্ল্যাটফর্ম দিয়ে ট্রেন চলছে, সেখানে ১২ বগির ট্রেন চালান হচ্ছে, যাতে মানুষের দুর্ভোগ কমে।

ইতিমধ্যেই রেল জানিয়েছে, শিয়ালদহ থেকে আপ-ডাউন মিলিয়ে প্রতিদিন মোট ৮৯৪টি ট্রেন চলাচল করে। কিন্তু, শুক্রবার থেকে রবিবার পর্যন্ত ৮০৬টি ট্রেন চলবে। এদিকে, এই ৮০৬টি ট্রেনের মধ্যে ১৪৭টি ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। শিয়ালদহের পরিবর্তে দমদম জংশন বা দমদম ক্যান্টনমেন্ট পর্যন্ত আসা-যাওয়া করছে ওই লোকালগুলি। জানা গিয়েছে, লোকাল ছাড়াও চার জোড়া এক্সপ্রেস ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। শিয়ালদহ-অজমের সুপার ফাস্ট এক্সপ্রেস, হাটেবাজারে এক্সপ্রেস, শিয়ালদহ-বালুরঘাট এক্সপ্রেস এবং শিয়ালদহ-আসানসোল এক্সপ্রেস শিয়ালদহের পরিবর্তে কলকাতা স্টেশন থেকে আসা-যাওয়া করবে। যদিও কোনও এক্সপ্রেস ট্রেন বাতিল করা হয়নি।

উল্লেখ্য, শিয়ালদহের মতো গুরুত্বপূর্ণ স্টেশনে একসঙ্গে পাঁচটি প্ল্যাটফর্ম বন্ধ থাকলে স্বাভাবিক ভাবেই তার প্রভাব পড়বে ট্রেন পরিষেবায়। শিয়ালদহের মেন ও বনগাঁ শাখার ট্রেনগুলিই সাধারণত ১ থেকে ৫ নম্বর প্ল্যাটফর্ম থেকে যাতায়াত করে। এই তিন দিন অন্যান্য প্ল্যাটফর্ম থেকে ছাড়বে ট্রেন। ইতিমধ্যেই শিয়ালদহের ডিআরএম দীপক নিগম জানিয়েছেন, এই ক’দিন শিয়ালদহ থেকে ট্রেন যাতায়াত করার ক্ষেত্রে সময় বেশি লাগবে। পাশাপাশি জানানো হয়েছে, আগামী জুলাই মাস থেকেই শিয়ালদহের সব শাখায় ১২ কামরার ট্রেন চলবে।

#latestbengalinews

About Post Author