Home » ভোট পরবর্তী হিংসা রুখতে এবার কড়া পদক্ষেপ কলকাতা হাইকোর্টের

ভোট পরবর্তী হিংসা রুখতে এবার কড়া পদক্ষেপ কলকাতা হাইকোর্টের

সময় কলকাতা ডেস্ক, ৬ জুনঃ ২০২৪ লোকসভা ভোট পরবর্তী হিংসা রুখতে এবার কড়া সিদ্ধান্ত নিল কলকাতা হাইকোর্ট। ভোট পরবর্তী হিংসা মামলায় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে, রাজ্যে যে সব হিংসার ঘটনা উঠে আসেছে সেগুলি অবিলম্বে নথিভুক্ত করতে হবে পুলিশকে। হিংসার ঘটনা ঘটলে রাজ্য পুলিশের ডিজি-র অফিসে অভিযোগ জানানো যাবে ই-মেল করে। সেই ঘটনা খতিয়ে দেখবে স্থানীয় থানা। এখানেই শেষ নয়, ডিজিকে ব্যক্তিগত ভাবে রিপোর্ট দিয়ে আদালতকে জানাতে হবে, ভোট পরবর্তী হিংসায় কতগুলো এফআইআর হয়েছে এবং সে বিষয়ে পুলিশ কী কী পদক্ষেপ নিয়েছে। এফআইআর দায়ের হলে তা ওয়েবসাইটেও আপলোড করার নির্দেশ দেওয়া হয়েছে। ভোট পরবর্তী হিংসা মামলার শুনানিতে ইতিমধ্যেই রাজ্যের এজি জানিয়েছেন, রাজ্যে সারা বছর ধরেই কমবেশি ক্রিমিনাল অ্যাক্টিভিটি চলে। এর মানে তা ভোট পরবর্তী হিংসা নয়।

আরও পড়ুন Modi Surname Case: মোদি পদবি নিয়ে মানহানি মামলায় জামিন পেলেন রাহুল গান্ধি

প্রসঙ্গত, ভোটের ফল ঘোষণার পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে হিংসার অভিযোগ আসতে শুরু করেছে। বারাসাত লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কাকলী ঘোষ দস্তিদারের বিপুল ভোটে জয়ের পরে গত বুধবারই মধ্যমগ্রামের নেতাজি পল্লী এলাকায় ১০ থেকে ১২টি বাড়িতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালায় বলে অভিযোগ। লোহার রড, বাস, বন্দুক নিয়ে এলাকায় তান্ডব চালায় বলে অভিযোগ। জানা গিয়েছে, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা নেতাজি পল্লীর ভেতরে বিজেপি কার্যালয়ের শাটারে লোহার রড দিয়ে মারতে থাকে এবং সেই সঙ্গে ওই বাড়িতে ভাঙচুর চলে। এছাড়াও এলাকার ১০-১২টি বাড়িতে ভাঙচুর চলিয়েছে বলে অভিযোগ। কখনো মহিলাকে বন্দুকের নল ঠেকিয়ে দেওয়ার হুমকি, কখনো বিজেপি করার অপরাধে লাগাতার কিল ঘুষি চড় মেরে গেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান দত্তপুকুর থানার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। কিন্তু কেন্দ্রীয় বাহিনী চলে যাওয়ার পর আবার দুষ্কৃতীরা এসে তান্ডব চালায় বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করেনি দত্তপুকুর থানার পুলিশ।

অন্যদিকে, বুধবার রাতে মুর্শিদাবাদের রানিনগরের মালিবাড়ি এক নম্বর অঞ্চলে চড় বাঁশগাড়ায় বাম ও কংগ্রেস সমর্থকদের মারধর করা হয় বলে অভিযোগ। বোমের আঘাতে দু’জন বাম সমর্থক আহত হয়েছেন। এদিকে, রাজপুর-সোনারপুর পুরসভার এক বিজেপি সমর্থকের বাড়িতেও হামলার ঘটনা ঘটেছে। নৈহাটির বলাইবাগ এলাকায় এক বিজেপি নেত্রীর বাড়িতেও হামলা চালানো হয়। ক্যানিং ও বাসন্তীতেও একাধিক বিজেপি কর্মী-সমর্থকের বাড়িতে ভাঙচুরের অভিযোগ উঠেছে।

#post-pollviolence

#CalcuttaHighCourt

#Latestbengalinews

#ভোটপরবর্তীঅশান্তি

About Post Author