Home » T20 World Cup 2024 : নেপালকে হারিয়ে বিশ্বকাপে সুপার আটের টিকিট নিশ্চিত করল বাংলাদেশ

T20 World Cup 2024 : নেপালকে হারিয়ে বিশ্বকাপে সুপার আটের টিকিট নিশ্চিত করল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১৭ জুনঃ টি-টোয়েন্টি বিশ্বকাপের ডি গ্রুপ থেকে দ্বিতীয় দল হিসেবে সুপার আটের টিকিট নিশ্চিত করল বাংলাদেশ । সোমবার কিংসটাউনের আর্নস ভ্যালে স্টেডিয়ামে নেপালকে ২১ রানে হারিয়ে দিল তারা। তবে বিশ্বকাপের আসরে অপেক্ষাকৃত নবাগত নেপালকে হারাতে বেশ কালঘাম ঝড়াতে হল শাকিবদের।

টসে জিতে বাংলাদেশকে প্রথমে ব্যাট করতে পাঠান নেপাল অধিনায়ক রোহিত পাউরেল। কিংসটাউনের বোলিং সহায়ক ২২ গজে নেপালের অনভিজ্ঞ বোলারদের সামনে বিশেষ সুবিধে করতে পারেনি বাংলাদেশ। বেঙ্গল টাইগারদের একজন ব্যাটারও উল্লেখযোগ্য রান করতে পারলেন না। অভিজ্ঞ শাকিব আল হাসানের ব্যাট থেকেই এল দলের সর্বোচ্চ রান। সেটাও মাত্র ১৭। তিনি ছাড়া দুই অঙ্কের রান করলেন আরও চারজন। তাঁরা মাহমুদুল্লাহ (১৩), রিশাদ হোসেইন (১৩), তাসকিন আহমেদ (১২) ও লিটন দাস (১০)। একটা সময় ৭৫ রানে ৮ উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল বাংলাদেশ। সেখান থেকে দলকে তিন অঙ্কের রানে পৌঁছতে সাহায্য করেন রিশাদ ও তাসকিন। ১৯.৩ ওভারে ১০৬ রানে শেষ হয়ে যায় বাংলাদেশের ইনিংস। নেপালের হয়ে দুটি করে উইকেট নেন সোমপাল কামি,  দীপেন্দ্র সিং আইরি, রোহিত পাইরেল ও সন্দীপ লামিছানে।

আরও পড়ুনঃ UEFA Euro 2024 : ম্যানচেস্টার ইউনাইটেডের বাতিল ফুটবলারের গোলে জয় নেদারল্যান্ডসের

আরও পড়ুনঃ T20 World Cup: স্কটল্যান্ডের বিরুদ্ধে জয় অস্ট্রেলিয়ার, বিশ্বকাপের সুপার আটে ইংল্যান্ড

আরও পড়ুনঃ UEFA Euro 2024: স্পেনের তরুণ ব্রিগেডের বিরুদ্ধে অসহায় আত্মসমর্পণ ক্রোয়েশিয়ার

জয়ের জন্য ১০৭ রান দরকার ছিল নেপালের। দলে ভাল অভিজ্ঞ ব্যাটার থাকলে এই রান করা খুব কঠিন কাজ নয়। কিন্তু ব্যাট করতে নেমে নেপালের ইনিংসেও ধস নামে। সাত ওভারের মধ্যে ২৬ রানে ৫ উইকেট হারায় তারা। ষষ্ঠ উইকেটে কিছুটা লড়াই চালান কুশল মাল্লা ও দীপেন্দ্র আইরির জুটি। ৫২ রান করেন দুজনে। ৪০ বলে ২৭ রান করে মুস্তাফিজুরের বলে মাল্লা ফিরতেই নেপালের জয়ের আশা শেষ হয়ে যায়। একই সঙ্গে ম্যাচে প্রত্য়াবর্তন করে বাংলাদেশ । ৭৮ রানে ৬ উইকেট থেকে ৮৫ রানের মধ্যে গুটিয়ে যায় নেপালের ইনিংস। বাংলাদেশের সফলতম বোলার তানজিম হাসান সাকিব। ৭ রান দিয়ে নিলেন ৪ উইকেট। ৭ রানে ৩ উইকেট নিলেন মুস্তাফিজুর। এছাড়াও শাকিব ২ উইকেট ও তাসকিন ১ উইকেট নিয়ে দলকে জিতিয়ে দেন। ম্যাচের সেরা তানজিম।

About Post Author