বিনোদন ডেস্ক, সময় কলকাতা, ২৫ জুলাইঃ মির্জাপুর, এই সিরিজের নামটি এখন আর শুধু ওটিটি প্ল্যাটফর্ম বা সোশ্যাল মিডিয়াতেই সীমাবদ্ধ নেই। ঘুরছে মানুষের মুখে মুখে। বলিউডের অন্দরে কানাঘুষো শোনা গিয়েছে যে, টিম মির্জাপুর এবার তৈরি সিজন-৪ এর জন্য। হ্যাঁ ঠিকই শুনছেন, চলতি বছরের শেষের দিকেই নাকি আসতে চলেছে মির্জাপুর সিজন-৪। শুনেই অবাক লাগছে তো? কারণ এই তো সেদিন রিলিজ করেছিল মির্জাপুর সিজন ৩। তবে সিজন ৪ এর কথা নিজেই ঘোষণা করেছেন পরিচালক।

সম্প্রতি একটি সংবাদমাধ্যমে সিরিজের পরিচালক আনন্দ আইয়ার জানিয়েছেন, “সব কিছু ঠিকঠাক চললে, চলতি বছরের শেষের দিকে আসতে পারে মির্জাপুর ৪।” তিনি আরও বলেন, “নতুন সিজনের প্রস্তুতি চলছে জোরকদমে। আর এই সিজনে আগের থেকে বেশি অনেক বেশি অ্যাকশন হতে চলেছে। তাছাড়াও এই সিজনে মহিলা চরিত্রগুলিকে অনেক বেশি প্রাধান্য দেওয়া হবে।” মুক্তির পর থেকেই দর্শক মহলে বেশ সাড়া ফেলে দিয়েছিল মির্জাপুর। ওয়েব সিরিজটির গল্প বলার ধরন, ডায়লগ, অভিনেতাদের দক্ষ অভিনয় থেকে শুরু করে অ্যাকশন সিক্যুয়েন্স সবটাই মন ছুঁয়ে গিয়েছিল দর্শকদের। সিজন ২ নিয়েও দর্শক মহলে অনেক চর্চা হয়েছিল। সেখানেও ছবির গল্প, থেকে চরিত্র সবটাই মানুষের মনে দাগ কেটেছে। চলতি বছরেই মুক্তি পেয়েছে মির্জাপুর সিজন ৩। আর তা নিয়ে দর্শকদের মধ্যে ভিন্ন মত দেখা গিয়েছিল। অনেকের মনে হয়েছে যে আগের সিজনগুলি অনেক বেশি ভাল হয়েছে। তো কেউ মনে করছেন যে, এই সিরিজটি বোঝার জন্য অনেক বেশি মাথা খাটাতে হবে তবেই ভালো লাগবে। দর্শকদের এই মিশ্র প্রতিক্রিয়ার কথা নিজেই জানিয়েছেন ওয়েব সিরিজের পরিচালক। তিনি বলেছেন “মির্জাপুর ৪ এর পটভূমি তৈরি করেছে মির্জাপুর ৩।”
আরও পড়ুনঃ Uttam Kumar : প্রিয় বান্ধবীকে দেখার অপূর্ণ শেষ ইচ্ছে নিয়েই চলে গিয়েছিলেন মহানায়ক
এই সিরিজে অভিনয় করতে দেখা গিয়েছে, পঙ্কজ ত্রিপাঠি, রাশিকা দুগ্গল, আলি ফজল, শ্বেতা ত্রিপাঠি শর্মা, বিজয় বর্মা, হর্ষিতা গৌড়, ঈশা তলওয়ারের মত বিখ্যাত অভিনেতাদের। এছাড়াও তিন সিজনে বিভিন্ন চরিত্রে দেখা গিয়েছে দিব্যেন্দু, শ্রেয়া পিলগাওকার, বিক্রান্ত মাসে, আঞ্জুম শর্মা, কুলভূষণ খারবাণ্ডানা, দীব্যেন্দু ভট্টাচার্যদের। গুঞ্জন চলছিল সদ্য মুক্তিপ্রাপ্ত সিজনে দেখা যেতে পারে পঞ্চায়েত খ্যাত অভিনেতা জিতেন্দ্র কুমারকে। যদিও তাঁকে গত সিজনে দেখা যায়নি। চতুর্থ সিজনে তাহলে মির্জাপুরে পা রাখতে চলেছে ফুলেরার সচিব-জী? জল্পনা উ়ড়িয়ে দেওয়া যাচ্ছে না। পাশাপাশি নতুন আর কোন অভিনেতাকে দেখা যাবে তা জানার জন্যও অধীর আগ্রহে অপেক্ষা করছে দর্শক। সব মিলিয়ে, সিজন ৩ নিয়ে যে আক্ষেপ ছিল দর্শক মহলে, সেটা সিজন ৪ পূরণ করতে পারে কিনা সেটাই এখন দেখার।


More Stories
দানবীর রাজপাল যাদব কার কাছে ধার নিয়ে শোধ না দিতে পেরে জেলে? কবে ছাড়া পেতে পারেন রাজপাল?
“বেআইনি” দ্বিতীয় বিয়ে হিরণের?
বাস্তবতায় স্বপ্ন ও কুরোসাওয়ার চলচ্চিত্র