সময় কলকাতা ডেস্ক, ২৬ জুলাই: সিকিমগামী রেলপথ নির্মাণের কাজে ফের বিপত্তি। সেবক-রংপো রেল প্রকল্পের নির্মীয়মাণ সুড়ঙ্গে কাজ করার সময় মেশিন চাপা পড়ে মৃত্যু হল একজন শ্রমিকের। বৃহস্পতিবার সেবকের ভালুখোলায় ৯ ও ১০ নম্বর টানেলের কাছে ওই শ্রমিকের মৃত্যু হয়। মৃত শ্রমিকের নাম রাজেন ছেত্রী। তিনি কালিম্পংয়ের বাসিন্দা বলে জানা গিয়েছে। সিকিমকে রেলপথে সংযুক্ত করার এই প্রকল্পে সুড়ঙ্গ তৈরির কাজ করতে গিয়ে এখনও পর্যন্ত মৃত্যু হল ১৯ জনের। যার জেরে প্রশ্নের মুখে পড়ছে রেল কর্তৃপক্ষ। রেল কর্তৃপক্ষর বিরুদ্ধে গাফিলতির অভিযোগ উঠেছে। এদিকে, এই ঘটনার পর থেকে ফের একবার সিকিমগামী রেল স্টেশন তৈরির কাজ নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে।
আরও পড়ুন ঘূর্ণাবর্তের জেরে দক্ষিণবঙ্গে ৫ জেলায় দিনভর তুমুল বৃষ্টির পূর্বাভাস, শনিতে দুর্যোগ আরও বাড়বে
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন টানেলের বাইরে একটি মেশিনের উপর কাজ করছিলেন রাজেন ছেত্রী। সেই সময় আচমকাই পা পিছলে তিনি প্রায় ২৫০-৩০০ ফুট নীচে পড়ে যান।এরপর রাজেনের শরীর মেশিনের ভিতরে ঢুকে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই শ্রমিকের। এই ঘটনায় তীব্র উত্তেজনা ছড়ায় এলাকায়। শ্রমিকের মৃত্যুর পর এলাকাবাসীরা ক্ষোভে ফেটে পড়েন। মৃত শ্রমিকের দেহ ঘটনাস্থলে রেখেই তাঁরা বিক্ষোভ দেখান। সেবক ফাঁড়ির পুলিশ বাহিনী গিয়ে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়। গত মে মাসেই এই রেল প্রকল্পের কাজ চলাকালীন দুর্ঘটনার ফলে এক শ্রমিকের মৃত্যু হয়। প্রত্যক্ষদর্শীরা দাবি করেন, টানেলের গোডাউনে কাজ করার সময় লোহার ব্লক শ্রমিকের মাথার উপর পড়ায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়৷ যদিও ঘটনাটি অস্বীকার করে প্রকল্পের দায়িত্বে থাকা সংস্থা। প্রসঙ্গত, ২০২৫ সালের ১৫ আগস্ট সেবক থেকে রংপো পর্যন্ত রেল চলাচলের পরিকল্পনা রয়েছে উত্তর-পূর্ব সীমান্ত রেলের।
উল্লেখ্য, সিকিম ও বাংলাকে রেলপথে জুড়তে সেবক-রংপো রেল প্রকল্পের কাজ চলছে বেশ কয়েক বছর ধরে। তবে মাঝে মধ্যে দুর্ঘটনাও ঘটছে। কর্মরত অবস্থায় এখানে আগেও শ্রমিকের মৃত্যু হয়েছে। এদিন প্রাণ হারালেন আরও একজন। রেল সূত্রের খবর, এনিয়ে এই প্রকল্পের কাজে ১৯ জন শ্রমিকের মৃত্যু হল।
#SivokRangpoRailProject
#Latestbengalinews


More Stories
মমতা -অভিষেককে ৩০ হাজার করে ভোটে হারাতে না পারলে নাকখত দেবেন হুমায়ুন কবীর
ভাষা-সন্ত্রাস : মুখ্যমন্ত্রী বনাম বিজেপি
আইনশৃঙ্খলার পাঠ : বিহারের কাছে কি পশ্চিমবঙ্গকে শিখতে হবে ?