সানী রায়, সময় কলকাতা, ৮ অগাস্ট : বলা হয় ডাকার মত ডাকলে ঈশ্বরকে পাওয়া যায় । তবে মন থেকে চাইলে, না ডাকলেও যে ঈশ্বরকে পাওয়া যায় সে কথাও ভারতীয় শাস্ত্রে উল্লেখ রয়েছে। এবার, ভারতীয় ফিল্মি ও আধুনিক সংগীতের তথা হালফিলের গানের ঈশ্বর হয়ে ওঠা অরিজিৎ সিং -কে না ডেকেই প্রত্যক্ষ করলেন উত্তরবঙ্গের গয়েরকাটার একটি রেস্তোরাঁর মালিক। মেঘ না চাইতেই জল পেয়ে আনন্দের সীমা নেই রেস্তোরাঁর মালিকের।
বলা নেই কওয়া নেই – ডুয়ার্সে ঝটিকা সফরে এলেন সংগীতশিল্পী অরিজিৎ সিং । সোমবার রাতে গয়েরকাটার একটি রেস্তোরাঁয় রাতের খাবার খান। খাবারের মেনুতে ছিল ভাত, ডাল, আলু ভাজা, চিকেন কষা। খাবার খেয়েই শিলিগুড়ির দিকে চলে যান অরিজিৎ। পুরো দৃশ্য ক্যামেরাবন্দি হয় সিসিটিভিতে। সব মিলিয়ে, অরিজিতের আসা যাওয়া এত দ্রুত ঘটেছে সঙ্গে দাঁড়িয়ে একটি সেলফি তোলার সুযোগও পাননি রেস্তোরাঁ মালিক।
কী কারণে অরিজিৎ এসেছিলেন সে বিষয়ে স্পষ্ট কিছু জানা যায়নি। রেস্তোরাঁর মালিক জানান, গতকাল রাতে দু-তিনটি গাড়ি রেস্তোরাঁর সামনে এসে দাঁড়ায়। তাঁদের মধ্যে দু-তিনজন দুপুরে খাবার খেয়ে গিয়েছিলেন। তাঁরা বলেছিলেন, রাতের তাঁরা আবার আসতে পারেন। এরপর রাতে তাঁরা আবার এসে খাবারের অর্ডার দেন। সেইসময় হঠাৎই গাড়ি থেকে নেমে আসেন অরিজিৎ সিং। অরিজিৎকে সামনে পেয়ে খুশি রেস্তোরাঁ মালিক। তিনি বলেন, ‘এত বড় শিল্পীকে সামনে থেকে দেখতে পাব জীবনেও ভাবিনি। শুনেছি হাসিমারার কাছাকাছি কোনও জায়গায় তিনি এসেছিলেন। খাবার খেয়ে শিলিগুড়ির দিকে চলে যান তিনি ও তাঁর দলের সদস্যরা।’ না তোলা গেল ছবি, তাতে কি! যাইহোক প্রাণের শিল্পী – গানের তারকা অরিজিৎ সিং কে হাতের কাছে পেয়ে রেস্তোরাঁর মালিকের বিস্ময়ের ঘোর যেন কাটতে চাইছে না!


More Stories
অন্নপূর্ণার লক্ষ্মীরা আসছে
রবীন্দ্র জন্মদিন : মোদি ও মমতার কবিগুরু স্মরণ
রবীন্দ্রনাথের পরলোক চেতনা ও প্রেতচৰ্চা