সময় কলকাতা ডেস্ক, ১০ অগস্টঃ আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনা নিয়ে ক্ষোভে ফুঁসছে গোটা বাংলা। বিভিন্ন মহলে ঘটনার প্রতিবাদে সামিল হচ্ছেন বিভিন্ন স্তরের মানুষ। প্রত্যেকের দাবি একটাই ঘটনায় জড়িত সকলকে চরম থেকে চরমতম সাজা দেওয়া হোক। এবার অভিযুক্তদের মৃত্যুদণ্ডের দাবি জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি তিনি বলেন ঘটনার তদন্তভার যদি সিবিআই গ্রহণ করতে চায়, তা হলেও রাজ্য সরকারের কোনও আপত্তি নেই।

শনিবার একটি সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে মুখ্যমন্ত্রী বলেন, “রাজ্য সরকারের তদন্তকারী সংস্থা ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করছে। যদি পড়ুয়াদের আমাদের সরকারের উপর আস্থা না থাকে, তা হলে তারা কেন্দ্রীয় এজেন্সির দ্বারস্থ হতে পারেন। আমাদের কোনও আপত্তি নেই। কারণ আমাদের কিছু লুকোনোর নেই। ” মমতা আরও বলেন, “ঘটনাটি খুব মর্মান্তিক, বেদনাদায়ক ও ন্যক্কারজনক। জুনিয়র ডাক্তারদের দাবি ন্যয়সঙ্গত। আমি তাঁদের দাবির সঙ্গে সহমত। তাঁদের সব দাবি প্রশাসন মেনে নিয়েছে। আমি প্রশাসনকে নির্দেশ দিয়েছি ফাস্ট ট্র্যাক কোর্টে কেসটা গিয়েছে, সেখানে মৃত্যুদণ্ডের আবেদন করা হোক।” তিনি জানিয়েছেন শুক্রবার ঝাড়গ্রাম থেকে ফেরার পথে ঘটনার খবর পান। ঘটনার প্রতি তিনি নজর রাখছিলেন ও তরুণীর পরিবারের সঙ্গে কথা বলেন বলেও জানিয়েছেন মমতা। শুক্রবার রাত ২ টো পর্যন্ত কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলের সঙ্গে কথা হয়েছে মুখ্যমন্ত্রীর।
আরও পড়ুনঃ RG KAR Hospital Student Death : চলছে কর্মবিরতি, গ্রেফতার নিরাপত্তারক্ষী, ধর্ষণের মামলা রুজু
আরজিকর-কাণ্ডে ইতিমধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে। জানা গিয়েছে ধৃতের নাম সঞ্জয় রায়। তিনি তখন চেস্ট বিভাগের নিরাপত্তার কাজে ছিলেন। সিসিটিভি ফুটেজ দেখে সেই ব্যক্তিকে সনাক্ত করা হয়েছে। তরুণী ডাক্তারকে খুন করার আগে যে তাঁর উপর শারীরিক নিগ্রহ করা হয়েছিল সেই কথা শনিবার স্বীকার করে নিয়েছেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলও। তিনি জানিয়েছেন, ” প্রশাসনের চোখে সেই ব্যক্তি সর্বোচ্চ স্তরের অপরাধী। তাঁর পেশা যা-ই হোক না কেন, আমাদের কাছে তাঁর পরিচয় একটাই, তিনি অপরাধী।” অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার না হলে, তাঁর পেশা কী? সেই প্রশ্নেরও সদুত্তর দেননি কমিশনার। ঘটনাকে দুর্ভাগ্যজনক বলে উল্লেখ করেছেন তিনি। একই সঙ্গে পরিবার চাইলে কেন্দ্রীয় এজেন্সিকে তদন্তভার তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন বিনীত গোয়েল।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
মার্চেই বকেয়া ডিএ দেওয়ার উদ্যোগ : এসওপি জারি