দীপ সেন, সময় কলকাতা, ২৮ জুলাই : রক্ষকই ভক্ষক। উত্তর ২৪ পরগনার দত্তপুকুরে নেশা মুক্তি কেন্দ্রে চিকিৎসাধীন তরুণীর উপরে একটানা দিনের পর দিন যৌন পাশবিক অত্যাচারের অভিযোগ। যাদের ভরসায় নেশার কবলে থাকা তরুণীর বাড়ির লোকেরা তরুণীকে নেশামুক্তির পথ দেখাতে সেন্টারটিতে রেখে এসেছিল, সেই রক্ষণাবেক্ষণকারীরাই হয়ে উঠল মানুষরূপী পশু ও ধর্ষক। তরুণীর কাছে নেশা মুক্তি কেন্দ্র হয়ে উঠল দুঃস্বপ্নের আখড়া, ড্রাগ রিহ্যাব সেন্টার হয়ে উঠল গ্যাংরেপ সেন্টার। নেশামুক্তি কেন্দ্রেই তরুণীকে ঘুমের ওষুধ খাইয়ে গণধর্ষণের অভিযোগে গ্রেফতার কর্ণধার। নেশামুক্তি কেন্দ্রে চিকিৎসার নামে এক তরুণীকে ঘুমের ওষুধ খাইয়ে বারবার গণধর্ষণের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর ২৪ পরগনার দত্তপুকুর থানার দাড়িপুকুর এলাকায়।
অভিযোগ, নেশার আসক্তি থেকে মুক্ত করার উদ্দেশ্যে পরিবারের সদস্যরা ওই তরুণীকে দাড়িপুকুরের একটি নেশামুক্তি কেন্দ্রে ভর্তি করেছিলেন। কিন্তু সেখানে চিকিৎসার বদলে কেন্দ্রের কর্ণধার সন্দীপন মজুমদার ও তাঁর সহযোগীরা চিকিৎসাধীন তরুণীকে ঘুমের ওষুধ খাইয়ে দীর্ঘদিন ধরে গণধর্ষণ করে চলেছিলেন বলে অভিযোগ।পরবর্তীতে ওই তরুণী দত্তপুকুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ সন্দীপন মজুমদারকে গ্রেফতার করে। সোমবার তাঁকে বারাসাত আদালতে তোলা হলে আদালত অভিযুক্তকে পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়।
নির্যাতিতার আরও অভিযোগ, ওই নেশামুক্তি কেন্দ্রে থাকা একাধিক নারী ও পুরুষ আবাসিকের সঙ্গেও দুর্ব্যবহার, মানসিক ও শারীরিক নির্যাতন করা হত।
এখন স্ক্যানারের তলায় দত্তপুকুরের নেশামুক্তি কেন্দ্র।পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে আর কোন কোন দুষ্কৃতীরা এরকম দুষ্কর্মের সঙ্গে যুক্ত ছিল তাও খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি গণধর্ষণের অভিযোগের পেয়ে নড়ে চড়ে বসা পুলিশের তদন্তের পাশাপাশি প্রশ্ন উঠছে, তাহলে কি কোনও রাঘববোয়ালের আশীর্বাদপুষ্ট ছিল এই নেশামুক্তি কেন্দ্রের অভিযুক্ত দুষ্কৃতীরা? এতদিন কেন ধামাচাপা পড়েছিল এরকম পাশবিক চক্র?


More Stories
তৃণমূল আমলের প্রকল্পের বেহাল দশা, দুর্গন্ধ ঘুরপাক খাচ্ছে হরিশ্চন্দ্রপুরের বাতাসে
রক্ত পাচারের অভিযোগ বেসরকারি ব্লাড ব্যাংকের বিরুদ্ধে
নীলগঞ্জ পুলিশ ফাঁড়ির সামনে মজুত বাজিতে বিস্ফোরণ