সময় কলকাতা ডেস্ক, ১৩ আগস্টঃ আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় তোলপাড় গোটা দেশ। শুক্রবার থেকে কর্মবিরতিতে নেমেছেন জুনিয়র চিকিৎসক ও পড়ুয়ারা। আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসক মৃত্যুর ঘটনায় ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছে জনস্বার্থ মামলা। এসবের মাঝেই এবার সন্দীপ ঘোষকে অনির্দিষ্টকালীন ছুটিতে পাঠানোর নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। এদিন প্রধান বিচারপতি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যতদিন পর্যন্ত না পরবর্তী নির্দেশ দেওয়া হচ্ছে, ততদিন বাড়িতেই থাকবেন সন্দীপ ঘোষ। একইসঙ্গে চিকিৎসক-পড়ুয়ারা যে কর্মবিরতি সিদ্ধান্ত নিয়েছেন, তাকেও সমর্থন করেছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।
আরও পড়ুন RG kar Hospital ঃ আরজিকরের ঘটনায় এবার লালবাজারে তলব করা হল মেডিসিন বিভাগের প্রধান এবং সহকারী সুপারকে
মঙ্গলবার দুপুর ১টা নাগাদ ফের এই মামলার শুনানি রয়েছে। শুনানির সময়ই আরজিকর কাণ্ডের পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে। এদিন প্রধান বিচারপতি বলেন, ‘ রাজ্যের পুলিশ-প্রশাসনের ভূমিকায় আমি স্তম্ভিত! ঘটনার পর ৭২ ঘণ্টা কেটে গেলেও এখনও অবধি প্রিন্সিপালের বয়ান রেকর্ড করা হয়নি। কেউ আইনের ঊর্ধ্বে নন। ওই প্রিন্সিপাল কি এতটাই প্রভাবশালী যে তাকে মাত্র ৪ ঘন্টার মধ্যে অন্য কলেজের প্রিন্সিপাল বানিয়ে দেওয়া হল?’ এরপরই এদিন প্রধান বিচারপতি সরাসরি প্রশ্ন তোলেন, কী করে একজন অধ্যক্ষ পদত্যাগ করার সঙ্গে সঙ্গেই অন্যত্র অধ্যক্ষ হিসেবে নিযুক্ত হলেন।
উল্লেখ্য, পড়ুয়াদের আন্দোলনের মুখে পড়ে সোমবারই পদত্যাগ করেছেন্ আরজিকর মেডিক্যাল কলেজের অধ্যক্ষ সন্দীপ ঘোষ। এরপর এদিন সকাল থেকেই শোনা যাচ্ছিল, আরজিকর মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে বদলি করে দেওয়া হচ্ছে সন্দীপ ঘোষকে। তাঁকে পাঠানো হচ্ছে ন্যাশনাল মেডিক্যাল কলেজে হাসপাতালের দায়িত্বে। সন্দীপের এই নিয়োগ নিয়ে প্রতিবাদও শুরু হয় নতুন করে। এই বিজ্ঞপ্তি জারির পরেই সন্দীপ ঘোষের কুশপুতুল পোড়ান আন্দোলনরত ডাক্তাররা। এরপর মঙ্গলবার সকাল থেকেই বিক্ষোভ শুরু হয় ন্যাশনাল মেডিক্যাল কলেজে। অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে আন্দোলন শুরু করেন পড়ুয়ারা। হাসপাতালের প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে তাঁরা। অধ্যক্ষের ঘরের সামনে ধর্নায় বসে পড়েন অনেকে। স্লোগান ওঠে সন্দীপের বিরুদ্ধে। পড়ুয়ারা স্পষ্ট জানিয়ে দেন, অধ্যক্ষ হিসেবে তাঁরা কোনওমতেই মানবেন না অভিযুক্ত সন্দীপ ঘোষকে। এরপর বেলা ১০টা নাগাদ পরিস্থিতি আরও তপ্ত হতেই ন্যাশনাল মেডিক্যাল কলেজে পোঁছন সেখানকার রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা এন্টালির তৃণমূল বিধায়ক স্বর্ণকমল সাহা। পৌঁছন রাজ্যের মন্ত্রী জাভেদ খানও। তাঁদের ঘিরে ‘গো ব্যাক’ স্লোগান দেন বিক্ষোভরত পড়ুয়ারা।
#RGkarHospital
#RGkarPrincipalSandeepGhoshresigned
#RGkarPrincipalSandeepGhosh
#RGKARDoctorDeath
#Latestbengalinews


More Stories
প্রয়াত সাংসদ ঘনিষ্ঠ মাফিয়া তৃণমূল নেতা গ্রেফতার
শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার জয়প্রকাশ
গ্রেফতার কলকাতা পুরসভার দুই কাউন্সিলর