সময় কলকাতা ডেস্ক, ১৩ আগস্টঃ আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় তোলপাড় রাজ্য। তরুণী চিকিৎসক মৃত্যুর ঘটনায় ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছে জনস্বার্থ মামলা। আরজিকর নিয়ে রাস্তায় নেমে প্রতিবাদের ডাক উঠেছে। ১৪ আগস্ট রাতে, স্বাধীনতার প্রাক মুহূর্তে রাজ্যের বিভিন্ন জাগয়ায় জমায়েতের পরিকল্পনা করেছে মেয়েরা। সরব হয়েছেন তারকারাও। সোশ্যাল মিডিয়া জুড়ে চলছে প্রতিবাদের আগুন। তারই মধ্যে এবার জনপ্রিয় এক রেডিও জকিকে তলব করল লালবাজার। ওই রেডিও জকি আরজিকরের ঘটনা নিয়ে বেশ কিছু তথ্য জানতে চেয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন। সেই তথ্যের উৎস জানতেই তলব করা হয়েছে বলেই জানা গিয়েছে। যদিও সেই আরজে-কে একা ডাকা হয়নি, আরও ১৫ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারকে তলব করা হয়েছে। তবে, ঠিক কী কারণে তলব করা হয়েছে, তা স্পষ্ট করেনি পুলিশ।
উল্লেখ্য, আরজিকর নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো তথ্য ছড়ানো রুখতে ইতিমধ্যেই কড়া পদক্ষেপ নিয়েছে কলকাতা পুলিশের। জানা গিয়েছে, আরজিকরের ঘটনা নিয়ে যাচাই না করা তথ্য সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেই নোটিস পাঠাবে কলকাতা পুলিশ। আরজিকর নিয়ে ভুয়ো তথ্য ছড়ানোর কারণে ইতিমধ্যেই বেশ কয়েকজনকে চিহ্নিত করা হয়েছে কলকাতার পুলিশের তরফে। এর আগে আরজি করে গিয়ে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল ভুয়ো তথ্য নিয়ে সতর্কও করেছিলেন।
কিন্তু, তারপরেও আরজিকরের ঘটনা নিয়ে ফেসবুকে নানা ধরনের ভুল তথ্য শেয়ার করা হচ্ছে বলেই জানিয়েছে কলকাতা পুলিশ। কার্যত সেকারণেই এবার কড়া পদক্ষেপ করতে চলেছে কলকাতা পুলিশ। সোমবার কলকাতা পুলিশের ফেসবুকের অফিসিয়াল পেজ থেকে একটি পোস্ট শেয়ার করে বলা হয়, ‘সোশ্যাল মিডিয়ায়, আরজিকরের ঘটনা নিয়ে বিভিন্ন অসত্য এবং বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে দিচ্ছেন নেটিজেনদের একাংশ। আমাদের আন্তরিক অনুরোধ, না-যাচাই-করা এই ধরণের তথ্য বা গুজবে কান দেবেন না। এতে তদন্তের ক্ষতি হয়, ন্যায়ের প্রক্রিয়া ব্যাহত হয়।’
#renownedRadioJockey


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
পাটুলিতে শুট আউট, নিহত যুবক
জার্সিতে যৌন অপরাধে প্রাক্তন শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি