Home » Manchester United: অভিষেকেই গোল জির্কজির, জয় দিয়ে প্রিমিয়ার লিগ শুরু ম্যানচেস্টার ইউনাইটেডের

Manchester United: অভিষেকেই গোল জির্কজির, জয় দিয়ে প্রিমিয়ার লিগ শুরু ম্যানচেস্টার ইউনাইটেডের

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১৭ অগস্টঃ জয় দিয়ে প্রিমিয়ার লিগ অভিযান শুরু করল ম্যানচেস্টার ইউনাইটেড । শুক্রবার ঘরের মাঠে তারা হারিয়ে দিল ফুলহ্যামকে। এরিক টেন হ্যাগের দল জিতল ১-০ গোলে। রেড ডেভিলদের বিরুদ্ধে অভিষেক ম্যাচে গোল করে দলের জয় নিশ্চিত করেন হোসুয়া জির্কজি। প্রাপ্ত সুযোগের সদ্ব্যবহার করলে আরও বড় ব্যবধানে জিতে মাঠ ছাড়তে পারতেন ব্রুনো ফার্নান্ডেজরা।

শুক্রবার ওল্ড ট্র্যাফোর্ডে ম্যানচেস্টার ইউনাইটেড বনাম ফুলহ্যাম ম্যাচ দিয়ে শুরু হল চলতি মরশুমের  প্রিমিয়ার লিগ। এদিন রেড ডেভিলদের হয়ে অভিষেক হল তিন নতুন ফুটবলার ম্যাথিয়াস ডি লিট, নুসেইর মাজারাউয়ি ও হোসুয়া জির্কজির। নতুন ক্লাবের হয়ে তাঁরা কীরকম খেলেন সেদিকে নজর ছিল সকলের। এই তিনজনের মধ্যে একমাত্র নুসেইরকে প্রথম একাদশে রাখেন ইউনাইটেড কোচ এরিক টেন হ্যাগ।  বাকি দুজনকে ব্যবহার করলেন দ্বিতীয়ার্ধে। তাতেও জিততে সমস্য হয়নি। সব দিক থেকে ম্যাচে দাপট দেখাল ম্যানচেস্টার ইউনাইটেডের ফুটবলাররা। ৫৫ শতাংশ বলের দখল ছিল তাঁদের দখলে। মোট চোদ্দটির মধ্যে পাঁচটি শট নেয় গোল লক্ষ্য করে। প্রথমার্ধে বড় ব্যবধানে এগিয়ে যেতে পারত লাল জার্সিধারীরা। ম্যাচের ২৯ ও ৩৪ মিনিটে জোড়া সুযোগ নষ্ট করেন ব্রুনো ফার্নান্ডেজ। দুই বারই ফুলহ্যামের গোলরক্ষককে অরক্ষিত পেয়েও তিন কাঠির মধ্যে বল রাখতে পারেননি ইউনাইটেড অধিনায়ক। ফলে প্রথমার্ধের খেলা শেষ হয় গোলশূন্য।

আরও পড়ুনঃ Jay Shah : ভারতীয় ক্রীড়াবিদদের পাশে বিসিসিআই, স্বাধীনতা দিবসের দিন বড় ঘোষণা জয় শাহের

দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধারা বজায় রাখে ইউনাইটেড। ৫৩ মিনিটে গোলের খাতা প্রায় খুলে ফেলেছিল তারা। বাঁ দিক থেকে বক্সে ক্রস করেন রাশফোর্ড। সেই বলে শট নেন মাউন্ট। কিন্তু শরীর ছুঁড়ে দিয়ে বাঁচিয়ে দেন ফুলহ্যাম গোলরক্ষক। ৬১ মিনিটে দুটি পরিবর্তন করেন ইউনাইটেড কোচ। আমাদ দিয়োলোর পরিবর্তে আলেহান্দ্রো গার্নাচো ও ম্যাসন মাউন্টের পরিবর্তে হোসুয়া জির্কজিকে নামিয়ে দেন তিনি। এই দুই ফুটবলারের যুগলবন্দীতে ৮৭ মিনিটে গোল পায় ইউনাইটেড। ডানপ্রান্ত থেকে গার্নাচোর বাড়ানো ক্রস থেকেই হাল্কা ছোঁয়ায় গোল করেন জির্কজি।  পঞ্চদশ ডাচ ফুটবলার হিসেবে অভিষেক ম্যাচে গোল করে নজির গড়লেন ২৪ বছর বয়সি এই ফুটবলার। সংযুক্ত সময়ে ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিল ইউনাইটেড। কিন্তু ফাঁকা গোলে বল ঠেলতে পারেননি গার্নাচো। শেষ পর্যন্ত ম্যাচ শেষ হয় ১-০ গোলে।

ম্যাচ শেষে একমাত্র গোলদাতা জির্কজি বলেন, “এই পর্যন্ত আসা আমার কাছে স্বপ্ন ছিল। ম্যানচেস্টারে এসে নিজেকে প্রাণবন্ত মনে হচ্ছে। অভিষেকেই গোল পাওয়াটা অবিশ্বাস্য লাগছে।”

About Post Author