সানী রায়,সময় কলকাতা, ১৯ অগাস্ট : জোর দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল রাজধানী এক্সপ্রেস । আবার ঘটনাস্থল উত্তরবঙ্গ। শিলিগুড়ির সাহুডাঙ্গিতে ট্যাঙ্কারের সঙ্গে সৌভাগ্যক্রমে চুলচেরা দূরত্বে সংঘর্ষ এড়াল দিল্লি – ডিব্রুগড় রাজধানী এক্সপ্রেস। একই লাইনে চলে আসে রাজধানী এক্সপ্রেস ও তেলের ট্যাংকার। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে সিগন্যাল বিভ্রাটের জেরে এই বিপত্তি। একই লাইনে তেলের ট্যাংকারের গার্ড তাৎক্ষণিক উপস্থিত বুদ্ধি দেখানোয় সংঘর্ষ হয় নি বলেই জানা গিয়েছে। তথাপি,একই লাইনের দুটি ট্রেন চলে আসার পরে কার্যত কপাল জোরে সোমবার রক্ষা পায় যাত্রীবোঝাই রাজধানী এক্সপ্রেস।
হতে পারত ভয়াবহ দুর্ঘটনা। তবে, প্রত্যক্ষদর্শীদের মতে -তেলের ট্যাংকারের গার্ডের তৎপরতায় দুর্ঘটনা এড়ায় দিল্লি-ডিব্রুগড় রাজধানী এক্সপ্রেস। এনজেপি থেকে আড়াই কিলোমিটার দূরত্বে সাহুডাঙ্গির কাছে এরকম ঘটনার জেরে রাজধানী এক্সপ্রেসের যাত্রীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছোন রেলের পদস্থ আধিকারিকেরা। সিগনাল বিভ্রাটের জন্যে এমনটা হয়েছে মনে করা হলেও গোটা ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে রেল।

ফের একই লাইনে দুটি ট্রেন চলে আসায় রেলের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। রাজধানীর যাত্রী সেনা অফিসার মণীশ ঝা বলেন, ‘হঠাৎ বিরাট ঝাঁকুনি দিয়ে ট্রেন থেমে যায়। বাইরে তাকিয়ে দেখি সামনে একটি তেলের ট্যাংকার দাঁড়িয়ে। গার্ড লাল ঝান্ডা দেখাচ্ছেন। একই লাইনে দুটি ট্রেন।’
সবমিলিয়ে আবার, যাত্রী সুরক্ষা নিয়ে প্রশ্ন। প্রশ্ন, যাত্রীরা যে রক্ষা পাবে – কবচ কোথায়?


More Stories
কেরলের নামবদল : প্রেক্ষাপট ও বিতর্ক
ওড়িশার জাজপুরে দুর্ঘটনার কবলে জলপাইগুড়িগামী ট্রেন
ধর্মই ক্ষমতার উৎস : গীতাপাঠ ও বাবরি মসজিদ