Home » ইউজিসি নেট পরীক্ষার দিন “কাকু -ভাইপো” র নবান্ন অভিযান ও ছাত্র আন্দোলনের ডাক

ইউজিসি নেট পরীক্ষার দিন “কাকু -ভাইপো” র নবান্ন অভিযান ও ছাত্র আন্দোলনের ডাক

সময় কলকাতা ডেস্ক, ২১ অগাস্ট :  এবার “পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ ” ডাক দিয়েছে নবান্ন অভিযানের। ২৭ অগাস্ট নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে।  আরজিকর হাসপাতাল কাণ্ডের প্রতিবাদে এই ডাক। এই আন্দোলনে নাম জড়িয়েছে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর। শুভেন্দুর ভাইপো  এই আন্দোলনের আহ্বায়ক। এই ‘ছাত্র আন্দোলন ‘ সংগঠিত করার আহ্বান   ছাত্রদের স্বার্থ বিরোধী হয়ে উঠছে কিনা তা নিয়ে এবার প্রশ্ন উঠছে।  ইউজিসি নেট
(UGC NET )পরীক্ষা ২১ আগস্ট থেকে ৪ সেপ্টেম্বর, ২০২৪ পর্যন্ত চলবে। কিন্তু অসুবিধে আরও বেড়েছে ২৬ অগাস্ট পরীক্ষার দিন জন্মাষ্টমী উদযাপিত হওয়ায় এবং দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে  ছুটি থাকায়। ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশনের পক্ষ থেকে,২৬ অগাস্ট তারিখে পরীক্ষা থাকলেও তা স্থগিত করার ঘোষণা করা হয়েছে। সেই পরীক্ষা ২৭ অগাস্ট করার কথা বলা হয়েছে । সেদিন আবার ” ছাত্রদের ” নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে । কাকু-ভাইপোর এই আহ্বান নিয়ে উঠছে প্রশ্ন।

মঙ্গলবার জানা যায়, আরজি কর কাণ্ডে নবান্ন অভিযানের দিনক্ষণ স্থির করা হয়েছে । দিনটি ২৭ অগাস্ট। পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ এই আহ্বান করেছে । বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়েছেন, আগামী মঙ্গলবারের এই অভিযানে তিনি হাজির থাকবেন। পরবর্তীতে দেখা যায় শুভেন্দু অধিকারীর ভাইপো দেবদীপ অধিকারী ফেসবুকে নবান্ন অভিযানের পোস্ট শেয়ার করেছেন। অর্থাৎ ভাইপো সহ শুভেন্দু থাকছেন নবান্ন অভিযানে।

তাৎপর্যপূর্ণভাবে  পোস্টে লেখা হয়েছে, “উই ওয়ান্ট জাস্টিস। দফা এক, দাবি এক -মমতার পদত্যাগ। আগামী ২৬ অগাস্টের মধ্যে পদত্যাগ না করলে ২৭ তারিখ নবান্ন চলো অভিযান। প্রত্যেক বাড়ি থেকে নিজ উদ্যোগে অন্ততপক্ষে ১ জন করে আসার অহ্বান। কোনও অশান্তি নয় পাশে থাকুক পুলিশও। আহ্বানে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ।” দেবদীপ আরও লিখেছেন, “We are in the EndGame Now.”

এদিকে, ইউজিসি নেট UGC NET (ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট) হল ভারতীয় বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলিতে সহকারী অধ্যাপক এবং/অথবা জুনিয়র রিসার্চ ফেলোশিপ (JRF) পদের জন্য যোগ্যতা নির্ধারণের জন্য ভারতে পরিচালিত একটি জাতীয়-স্তরের পরীক্ষা।উল্লেখ্য,ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA) বছরে দুবার পরীক্ষা পরিচালনা করে। এবার, ২১ তারিখ থেকে শুরু হওয়া পরীক্ষা ২৭ অগাস্টও  হওয়ার কথা রয়েছে। আর এখানেই উঠছে প্রশ্ন। যতই শান্তির কথা বলা হোক,সেদিন রাজ্যজুড়ে শান্তির পরিমণ্ডল থাকবে তো এনিয়ে ছাত্ররাই বিধাগ্রস্ত।

আরও একটি তাৎপর্যপূর্ণ বিষয় হচ্ছে বঙ্গ রাজনীতির নবতম কাকু – ভাইপো (শুভেন্দু -দেবদীপ )মিলে যে ছাত্র আন্দোলনের ও নবান্ন অভিযানের ডাক দিয়েছেন তা কোন অঙ্কে “ছাত্রদের” স্বার্থ রক্ষা করছে?  প্রশ্ন উঠছে, ছাত্র আন্দোলন ছাত্র পরিপন্থী হয়ে উঠছে না তো? নাকি, আন্দোলনের যারা আহ্বান করেছেন তারা জানেনই না যে সেদিন অধ্যাপক ও রিসার্চ ফেলোশিপের জন্য দিনক্ষণ রয়েছে!

আরও পড়ুন পূর্ব বর্ধমানের আদিবাসী মেয়ে খুনের সুবিচার চেয়ে প্রতিবাদ মিছিল

About Post Author