Home » Mohun Bagan: ডার্বি বাতিলের পর প্রথমবার যুবভারতীতে খেলবে মোহনবাগান, মাঠে প্রবেশের ক্ষেত্রে একাধিক ফতোয়া পুলিশের

Mohun Bagan: ডার্বি বাতিলের পর প্রথমবার যুবভারতীতে খেলবে মোহনবাগান, মাঠে প্রবেশের ক্ষেত্রে একাধিক ফতোয়া পুলিশের

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২৭ অগস্ট: আবারও যুবভারতীতে নামছে মোহনবাগান। ডুরান্ড কাপের দ্বিতীয় সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ বেঙ্গালুরু এফসি। প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনাল জামশেদপুরে স্থানান্তরিত হওয়ায়, আক্ষেপ ছিল সমর্থকদের। কিন্তু তিন প্রধানের চেষ্টায় প্রতিযোগিতায় দলের বাকি ম্যাচ ফিরেছে কলকাতায়। ফলে সমর্থকদের মধ্যে একটা চাপা উন্মাদনা রয়েছে। কিন্তু ম্যাচ শুরুর ২৪ ঘণ্টা আগে সমর্থকদের মাঠে প্রবেশের ক্ষেত্রে কয়েকটি নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। যা নিয়ে আবার নতুন বিতর্ক দানা বেঁধেছে।

আরও পড়ুন  নবান্ন অভিযান ঘিরে রণক্ষেত্র হাওড়া ব্রিজে, জনতাকে ছত্রভঙ্গ করতে জলকামান ছুড়ছে পুলিশ, সাঁতরাগাছিতে স্তব্ধ ট্রেন চলাচল

জানা গিয়েছে, ডুরান্ড কাপ কমিটিকে একটি চিঠি দিয়েছে বিধাননগর কমিশনারেটের যুগ্ম কমিশনার। সেখানে লেখা রয়েছে মঙ্গলবার ড্রাম, ব্যানার, পোস্টার বা কোনও রকম দাহ্য পদার্থ নিয়ে যুবভারতীতে প্রবেশ করা যাবে না। এই নির্দেশ যেন দুই দলকে জানিয়ে দেওয়া হয়। এই প্রসঙ্গে মোহনবাগান কর্তা দেবাশিস দত্ত বলেন, “আমি মোহনবাগান সমর্থকদের কাছে অনুরোধ করছি গণ্ডগোল থেকে বিরত থাকতে। পাশাপাশি আপনার পাশের মানুষটি যদি ঝামেলা করার চেষ্টা করে তাকেও আটকান। কারণ অনেক কষ্ট করে আমরা তিন প্রধান মিলিত প্রচেষ্টায় ডুরান্ড কলকাতায় ফিরিয়ে আনতে পেরেছি। তাই এমন কিছু হোক যার জন্য ফাইনাল অন্য রাজ্যে স্থানান্তরিত হোক সেটা কাম্য নয়।”

আরজি কর কাণ্ড নিয়ে প্রতিবাদে সরব রাজ্যবাসী। সমাজের বিভিন্ন পেশার মানুষ ঘটনার প্রতিবাদে একজোট হয়ে রাস্তায় নামছে। গত ১৮ অগস্ট সেই প্রতিবাদের ঝড় সামলাতে না পেরে ডুরান্ড কাপের ডার্বি বাতিল করে রাজ্য পুলিশ। যদিও সেদিন অন্য ডার্বির সাক্ষী থেকেছিল কলকাতা। মাঠের মধ্যে দ্বৈরথ ভুলে মাঠের বাইরে কাঁধে কাঁধ মিলিয়ে প্রতিবাদে সামিল হয় দুই প্রধানের সমর্থকরা। সেই প্রতিবাদে যোগ দেয় মহামেডান সমর্থকরাও। তাঁদের শান্তিপূর্ণ প্রতিবাদ রুখতে লাঠি চালাতে হয় পুলিশকে। কিন্তু সমর্থকদের গর্জন থামেনি। আবারও যুবভারতীতে নামছে মোহনবাগান। ডুরান্ড কাপের সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ সুনীল ছেত্রীরা। সমর্থকদের প্রতিবাদ রুখতে আবারও তৎপর কলকাতা পুলিশ।

#YUVABHARATIKRIRANGAN 

#MohunBagan 

#DurandCup 

#BengaluruFC 

#RGKarDoctorDeath 

About Post Author