Home » আবগারি দুর্নীতি মামলায় সুপ্রিম নির্দেশে জামিন পেলেন বিআরএস নেত্রী কে কবিতা

আবগারি দুর্নীতি মামলায় সুপ্রিম নির্দেশে জামিন পেলেন বিআরএস নেত্রী কে কবিতা

সময় কলকাতা ডেস্ক, ২৭ আগস্ট: দীর্ঘ পাঁচ মাস পর মিলল স্বস্তি! অবশেষে আবগারি দুর্নীতি মামলায় দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার পর সুপ্রিম নির্দেশে জামিন পেলেন বিআরএস নেত্রী কে কবিতা। মঙ্গলবার সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চে কবিতার জামিন মামলার শুনানি ছিল। সেখানে ইডি ও সিবিআইকে আদালত প্রশ্ন করে আবগারি মামলায় কবিতা জড়িত তা প্রমাণের জন্য কী তথ্য রয়েছে? সলিসটর জেনারেল জানান, উনি নিজের ফোন ফরম্যাট করে প্রমাণ লোপাটের চেষ্টা করেছেন। এরপরই কবিতার আইনজীবী মুকুল রোহতগি জানান, নিজের ফোন যে কেউ বদলাতে পারেন। কে কবিতার বিরুদ্ধে নিজের মোবাইলে তথ্য নষ্ট করার যে অভিযোগ উঠেছে তার ভিত্তি নেই। তাই দিনের পর দিন কবিতাকে জেলে আটকে রাখাটা তাঁর নৈতিক অধিকারের বিরোধী। এরপরই কবিতার জামিন মঞ্জুর করে সুপ্রিম কোর্ট।

আরও পড়ুন  বিশ্বকাপের দল ঘোষণা ভারতের, অধিনায়ক হরমনপ্রীত

প্রসঙ্গত,ভারত রাষ্ট্র সমিতির নেত্রী কে কবিতা, সাউথ গ্রুপ নামে একটি প্রতিষ্ঠানের প্রধান। দিল্লির আবগারি নীতি তৈরি এবং মদের ডিলার বাছাইয়ে মূলত দিল্লি এই প্রতিষ্ঠানটি প্রভাব খাটায় বলে অভিযোগ। প্রভাব খাটিয়ে তেলেঙ্গানার বেশ কয়েকজন মদ ব্যবসায়ীকে দিল্লিতে বড় বরাত পাইয়ে দিয়েছিল বলেই অভিযোগ জমা পড়ে ইডি ও সিবিআইয়ের কাছে। তদন্তকারীদের দাবি, বিনিময়ে ঘুষ বাবদ একশো কোটির বেশি টাকা ঢুকেছিল এই প্রতিষ্ঠানের কর্তাদের কাছে। তাদের আরও দাবি, সেখান থেকে ঘুষের টাকা যায় দিল্লির শাসক দল আপ আদমি পার্টির তহবিলে। তদন্তকারীরা খতিয়ে দেখেন কবিতার হাত হয়ে টাকার ভাগ ভারত রাষ্ট্র সমিতির তহবিলেও জমা হয়েছিল কিনা। এরপর গত ১৫ মার্চ হায়দরাবাদে কবিতার বাড়িতে তল্লাশি চালানোর পর তাঁকে গ্রেপ্তার করে ইডি।

উল্লেখ্য, চলতি মাসেই আবগারি দুর্নীতি মামলায় শর্তসাপেক্ষে জামিন পেয়েছেন দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া। দীর্ঘ ১৮ মাস জেলবন্দি থাকার পর তাঁকে জামিন দিয়েছে সুপ্রিম কোর্ট। আবগারি দুর্নীতি মামলায় জামিন দিয়ে শীর্ষ আদালতের দুই বিচারপতির বেঞ্চ জানিয়েছে, দিনের পর দিন সিসোদিয়াকে জেলে আটকে রাখাটা তাঁর নৈতিক অধিকারের বিরোধী। তবে জামিন দিলেও মণীশ সিসোদিয়াকে কিছু শর্ত দেওয়া হয়েছে। জানা গিয়েছে, প্রতি সোমবার তদন্তকারী অফিসারের কাছে রিপোর্ট করতে হবে দিল্লির উপমুখ্যমন্ত্রীকে। পাসপোর্টও জমা রাখতে হবে সিসোদিয়াকে। একইসঙ্গে প্রত্যক্ষদর্শীদের প্রভাবিত করার চেষ্টা করা যাবে না।

#Brsleaderkkavitha

#liquorcorruptioncase

##ManishSisodia

About Post Author