সময় কলকাতা ডেস্ক, ২ সেপ্টেম্বর : RGKAR Hospital সন্দীপ ঘোষ গ্রেফতার : উচ্ছ্বাস তবুও প্রশ্ন। চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনার ২৪ দিন পরে গ্রেফতার হয়ে গেলেন আর জি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। দুর্নীতির অভিযোগে গ্রেফতার। একে হিমশৈলের চূড়া হিসেবে দেখছে বিভিন্ন মহল যার মধ্যে রয়েছে খোদ নিজের দলের নেতারা ।পুলিশ কমিশনার বিনীত কোয়েলের পদত্যাগ ও অপসারণের দাবিতে আন্দোলনরত চিকিৎসক মহলে উল্লাস। তারা একে সুবিচারের প্রথম ধাপ হিসাবে দেখছেন এবং তারাও বিনীত গোয়েলের পদত্যাগের দাবি থেকে সরছেন না। আরজিকর কাণ্ডে মৃতা চিকিৎসকের মা বলেছেন, এই গ্রেফতার তাঁদের সুবিচার পাওয়ার আশাকে আরও জাগিয়ে তুলল।
উচ্ছ্বাস সাধারণ মানুষ থেকে রাজনৈতিক মহলে। অভিষেক বন্দ্যোপাধ্যায় আগেই সন্দীপ ঘোষের গ্রেফতারির দাবি তুলেছিলেন। সিবিআই সে পথেই হাঁটল। পাশাপাশি, নিজেদের অবস্থানে অনড় থেকে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তৃণমূলের একাধিক নেতা যার মধ্যে রয়েছেন সাংসদ সুখেন্দুশেখর রায়। সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন সুখেন্দুশেখর রায়। আনন্দ ঝরে পড়েছে চিকিৎসক রাজনীতিক শান্তনু সেনের বক্তব্যে ।

তদন্তের অধিকার পাওয়ার পরই সন্দীপ ঘোষকে সিবিআই ডেকেছিল । নিয়ম করে জেরার জন্য সকালে সিবিআই দফতরে যেতেন আর রাতে বাড়ি ফিরতেন। ১৫ তম দিনে আর রাতে বাড়ি ফিরতে হবে না। সিবিআই দুর্নীতির দায়ে গ্রেফতার করল তাঁকে। আখতার আলির অভিযোগ আনা ২১ সালের টেন্ডার দুর্নীতি মামলায় গ্রেফতার হলেন সন্দীপ । সুখেন্দুশেখর রায় বললেন ” মিডল স্ট্যাম্প ছিটকে গেছে, অতঃপর? “। আর, শান্তনু সেন মনে করছেন ভগবানের বিচার। তিনি এও বললেন, সঠিক জায়গায় দুর্নীতির তথ্য পৌঁছে দিয়েছিলেন।
একদিকে যেরকম উচ্ছ্বাস, অন্যদিকে তেমন প্রশ্ন। ৯ আগস্ট চিকিৎসক হত্যার প্রথম চার দিনের মধ্যে রাজ্য পুলিশ সন্দীপ ঘোষকে একবারও জেরা করল না কেন? সিবিআই যাকে গ্রেফতার করল,তিনি অধ্যক্ষ থাকাকালীন সময়ে ধর্ষণ ও মৃত্যুর পরবর্তী সময় একজন গ্রেফতার হলেও সন্দীপ ঘোষ কেন সকল প্রশ্নের উর্দ্ধে ছিলেন? কিভাবে তিনি এত প্রভাবশালী হয়ে উঠলেন? তাকে আড়াল করার চেষ্টাই বা কেন করা হয়েছিল?
উচ্ছ্বাস তবুও প্রশ্ন। এই প্রশ্নের পাশাপাশি সুখেন্দুশেখর রায়ের পথ ধরেই আরজিকরের মর্মান্তিক ও ভয়াবহ ঘটনার পরে রাজ্যের মানুষ থেকে রাজনৈতিক বিশেষজ্ঞ এবং পথে থাকা আন্দোলনকারী এবং বাংলার মেয়েরা হয়তো একই প্রশ্ন করছেন। প্রশ্ন “অতঃপর কী?” -এবার কী শুধু নয়, প্রশ্ন আরও একটি। এবার কে?


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
বারাসাতে মিছিল কি তৃণমূলের শেষের শুরুর ইঙ্গিত ?
পাটুলিতে শুট আউট, নিহত যুবক