স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৯ সেপ্টেম্বর: প্রথম ম্যাচে সার্বিয়ার সঙ্গে ড্র করে মাঠ ছেড়েছিল স্পেন। সোমবার নেশনস লিগের দ্বিতীয় ম্যাচে খেলতে নেমেছিল ইউরো চ্যাম্পিয়নরা। প্রতিপক্ষ ছিল সুইজারল্যান্ড। গোটা ম্যাচেই দাপট দেখায় দে লা ফুয়েন্তের ছেলেরা। কোনও মুহূর্তেই মনে হয়নি খেলায় ফিরতে পারবে সুইজারল্যান্ড। ফ্যাবিয়ান রুইজের জোড়া গোলে অ্যাওয়ে ম্যাচে ১০ জন নিয়েও বড় জয় স্পেনের।
লিগের শুরুর ম্যাচে জয়ের দেখা পায়নি স্পেন। ড্র করায় মাত্র এক পয়েন্ট পেয়েছিল তারা। তাই টিকে থাকার লড়াইয়ে পরবর্তী ম্যাচ জিততে মুখিয়ে ছিল আলভারো মোরাতার দল। সোমবার বৃষ্টি ভেজা জেনেভাতে খেলতে নেমে কালবৈশাখী ঝড় তুলে দিল স্পেন। ম্যাচের চতুর্থ মিনিটেই ফুটবল মহলে চর্চিত তারকা ইয়ামালের ক্রস থেকে হেডে গোল করেন হোসেলু। এগিয়ে যায় স্পেন। ১৩তম মিনিটে দ্বিতীয় গোলটি করেন ফ্যাবিয়ান রুইজ। এরপরেই ডিফেন্ডার রবিন লে নরম্যান্ড প্রতিপক্ষের স্ট্রাইকারকে থামাতে গিয়ে ফাউল করে লাল কার্ড দেখেন। তিনি মাঠ ছাড়লে, বাকি ম্যাচ দশ জনকে নিয়ে খেলতে হয় স্পেনকে। কার্যত এর পরেই একটা সুযোগ ছিল সুইজদের খেলায় ফেরার। প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগে ৪১ মিনিটে সুইজারল্যান্ডকে গোলে ফেরায় জেকি আমদউনি।
তবে দ্বিতীয়ার্ধে যে প্রত্যাবর্তনের আশা করেছিল সুইজ সমর্থকেরা তা ফের ধুলোয় মিশিয়ে দেয় স্পেন। বিরতির পর মাঠে ফিরে জয়ের দিকে এগোতে থাকে ইউরোপ সেরা দল। ৭৭ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন রুইজ। তিন মিনিট যেতে না যেতেই সুইসদের কফিনে শেষ পেরেক পুঁতে দেন ফেরান তোরেস। শেষ পর্যন্ত ৪-১ গোলে হেরে মাঠ ছাড়ে সুইজারল্যান্ড। আপাতত প্রথম জয়ের পর মোট চার পয়েন্ট পেয়ে গ্রুপ চারের দ্বিতীয় স্থানে স্পেন। সবকটি ম্যাচ হেরে টেবিলে সবার নীচে সুইজারল্যান্ড।
#Euro Champion
#Switzerland
#Fabian Ruiz
#Spain


More Stories
লালহলুদের ইলিশ উৎসব ধূপগুড়িতে
আকিব নবীর হয়ে সরব বেঙ্গসরকার, তাঁর দাবি ঘরোয়া ক্রিকেট বন্ধ করে দেওয়া হোক
প্লে-অফে যেতে হলে কেকেআর-কে কী করতে হবে? কলকাতার সামনে কোন পথ খোলা?