সময় কলকাতা ডেস্ক, ১০ সেপ্টেম্বর: মঙ্গলবার বিকেল ৫ টার মধ্যে জুনিয়র চিকিৎসকদের কাজে যোগ দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। নবান্ন থেকে মুখ্যমন্ত্রীও চিকিৎসকদের কাজে ফেরার আর্জি জানিয়েছেন। রাজ্যের তরফে একাধিকবার জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহারের আবেদন করা হয়েছে। এবার শীর্ষ আদালতের নির্দেশকেও মানতে নারাজ আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা। মঙ্গলবার পাঁচ দফা দাবিতে ফের স্বাস্থ্য ভবন অভিযানের ডাক জুনিয়র ডাক্তারদের। পাঁচ দফা দাবির পাশাপাশি রাজ্যের স্বাস্থ্যসচিব, স্বাস্থ্য অধিকর্তা এবং স্বাস্থ্য-শিক্ষ অধিকর্তা-র ইস্তফা চেয়ে মঙ্গলবার করুণাময়ী থেকে স্বাস্থ্য ভবন পর্যন্ত অভিযানের ডাক দিয়েছেন তাঁরা। এদিন নির্দিষ্ট সময়ে আরজিকর হাসপাতাল থেকে মিছিল করে বেরিয়ে পড়েন জুনিয়র চিকিৎসকরা। ইতিমধ্যেই স্বাস্থ্য ভবনের সামনে আঁটসাঁট করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। জানা গিয়েছে, স্বাস্থ্য ভবনের সব গেটের সামনে ব্যারিকেড করে রাখা হয়েছে। মোতায়েন রয়েছেন প্রচুর পুলিশকর্মী। পুলিশ জানিয়েছে, স্বাস্থ্য ভবনে যাওয়ার আগেই আটকে দেওয়া হবে প্রতিবাদীদের। সোমবারই সাংবাদিক বৈঠকে জুনিয়র চিকিৎসকেরা জানিয়েছেন, নতুন করে স্বাস্থ্যশিক্ষা অধিকর্তা, স্বাস্থ্য অধিকর্তা এবং প্রিন্সিপাল সেক্রেটারির পদত্যাগ চেয়েছেন তাঁরা। এসব দাবি পূরণ না হলে তাঁরা কাজে ফেরার কথা ভাববেন না।

আরও পড়ুন UEFA Nations League: নেশনস লিগে বেলজিয়ামকে হারাল ফ্রান্স
উল্লেখ্য, আরজিকরের জুনিয়র ডাক্তারেরা যে পাঁচ দফা দাবির কথা তুলেছেন, সেগুলি হল— প্রথমত, আরজিকর কাণ্ডের সঙ্গে জড়িত সমস্ত দোষীদের দ্রুত চিহ্নিত করা, অপরাধের উদ্দেশ্য সামনে আনা এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি। দ্বিতীয়ত, তথ্যপ্রমাণ লোপাটের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে জড়িতদের চিহ্নিত করতে হবে। তৃতীয়ত, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে ‘ব্যর্থ প্রমাণিত’ কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েলের ইস্তফা। চতুর্থত, রাজ্যের সব মেডিক্যাল কলেজ, হাসপাতাল এবং স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করা। পঞ্চমত, রাজ্যের সব মেডিক্যাল কলেজ হাসপাতালে ভয়মুক্ত পরিবেশ গড়া এবং গণতান্ত্রিক পরিবেশ সুনিশ্চিত করা।
প্রসঙ্গত, সোমবার আরজিকর কাণ্ডের শুনানি ছিল সুপ্রিম কোর্টে। সেই শুনানিতে রাজ্য সরকারের আইনজীবী কপিল সিবাল বলেন, গত একমাস ধরে ডাক্তাররা প্রতিদিনই কর্মবিরতি পালন করছেন। যার কারণে রাজ্যের স্বাস্থ্য পরিষেবা ব্যাহত হচ্ছে। ইতিমধ্যে ২৩ জনের মৃত্যু হয়েছে। ৬ লক্ষ মানুষ স্বাস্থ্য পরিষেবা পায়নি। এরপরই শীর্ষ আদালতের তরফে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়, মঙ্গলবার বিকেল ৫টার মধ্যে জুনিয়র তথা রেসিডেন্ট ডাক্তাররা কাজে যোগ দিলে রাজ্য সরকার তাঁদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নিতে পারবে না। কিন্তু বিকেল ৫টার মধ্যে ডাক্তাররা কাজে যোগ না দিলে চিকিৎসকদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ করতে পারে রাজ্য। সেইসঙ্গে আদালত জানায়, ‘ ডাক্তাররা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করতে পারে না। সর্বোচ্চ আদালত তা সমর্থন করবে না। ডাক্তারদের কাজ রোগীদের পরিষেবা দেওয়া। আর চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে রাজ্যকে।’
#RGKarProtest
#RGkarHospital
#RGKARDoctorDeath
#Latestbengalinews
#ChiefJusticeDYChandrachud
#SupremeCourt


More Stories
গ্রেফতার সুশান্ত ঘোষ
মেসিকাণ্ড ঘিরে “কুৎসা”, ৫০ কোটি টাকার মানহানির মামলা করলেন সৌরভ
আরজিকরের তরুণ চিকিৎসকের অস্বাভাবিক মৃত্যু, নেপথ্যে কোন রহস্য ?