Home » নাবালিকাকে চলন্ত বাসে কুপিয়ে খুন, বেপাত্তা অভিযুক্ত

নাবালিকাকে চলন্ত বাসে কুপিয়ে খুন, বেপাত্তা অভিযুক্ত

সময় কলকাতা ডেস্ক, ১৭ সেপ্টেম্বর: আরজি কর কাণ্ডের দাবদাহে জ্বলছে রাজ্য। এরইমধ্যে এক নাবালিকাকে নৃশংসভাবে হত্যার ঘটনা চাঞ্চল্য তৈরি করেছে পূর্ব বর্ধমানে কেতুগ্রাম এলাকায়। অভিযোগ উঠেছে, এক যুবক চলন্ত বাসে কুপিয়ে খুন  করেছে এক নাবালিকাকে। কোপানোর পরই বাস থেকে লাফ দিয়ে পালিয়েছে অভিযুক্ত। রক্তাক্ত অবস্থায় নাবালিকাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও প্রাণে বাঁচানো যায়নি তাঁকে। ভরদুপুরে এরকম খুনের ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী। নারী সুরক্ষা আবারও প্রশ্নের মুখে!

মঙ্গলবার একটি বাসে চেপে বাড়ি ফিরছিল জ্যোতি খাতুন নামে অষ্টম শ্রেণির এক ছাত্রী। সঙ্গে ছিলেন তাঁর মাসি। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গিয়েছে, বাসটি কেতুগ্রামের কোমরপুরের কাছে পৌঁছলে এক যুবক বাসে ওঠেন। তারপর আচমকাই সে হামলা চালায় জ্যোতির উপর। তার গলা লক্ষ্য করে ধারালো অস্ত্রের কোপ বসান ওই যুবক। বাসের মেঝেতে পড়ে রক্তাক্ত অবস্থায় কাতরাতে থাকে নাবালিকা। বাসের যাত্রীরা কিছু বুঝে ওঠার আগেই চোখের নিমেষে চলন্ত বাস থেকে লাফিয়ে রাস্তায় নেমে পড়েন অভিযুক্ত। ঘটনাস্থলেই মেয়েটির মৃত্যু হয়েছিল বলে সন্দেহ অনেকের। বাসচালক বাসটি নিয়ে সোজা চলে যান কেতুগ্রাম থানায়। পুলিশ দেহ উদ্ধার করে দ্রুত তা হাসপাতালে পাঠিয়ে দেয়। তবে তাতে কোন লাভ হয়নি। হাসপাতালে পৌঁছানো মাত্র চিকিৎসক নাবালিকাকে মৃত ঘোষণা করে। কেতুগ্রাম থানার পুলিশের কাছে মৃতার মাসি বলেছেন, “রেলগেট পার হতেই ছেলেটি দৌড়ে বাসে উঠে ছুরি চালিয়ে দিল। আমরা চিৎকার করতে উঠেছিলাম। কোনও পদক্ষেপ নেওয়ার আগেই বাস থেকে বেরিয়ে ছুটে পালিয়েও গেল সে।”

পুলিশ সূত্রে জানা গিয়েছে, চলন্ত বাসে কুপিয়ে খুন ঘটনায়  হামলাকারী ওই যুবকের নাম বাবু শেখ। অভিযুক্ত ও মৃতা একই গ্রামের বাসিন্দা। মর্মান্তিক এই ঘটনার পর থেকেই বাবুর আর কোনও খোঁজ নেই। ঘটনার তদন্তে নেমে অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করে দিয়েছে পুলিশ। অষ্টম শ্রেণীর ওই নাবালিকার প্রতি কীসের ক্ষোভ হামলাকারীর? কেন খুন করলেন তাঁকে? এখনও স্পষ্ট করে কিছু জানা যায়নি। তবে তাঁদের মধ্যে কোনও রকম সম্পর্ক বা পুরানো কোনও শত্রুতা ছিল কি না, খতিয়ে দেখা হচ্ছে।

#চলন্ত বাসে কুপিয়ে খুন

আরও পড়ুন জুনিয়র ডাক্তারদের দাবি মেনে কী কী প্রশাসনিক রদবদল : কে কে গেলেন -কে কে এলেন?

About Post Author