Home » ধর্না উঠলেও বিচারের দাবিতে স্বাস্থ্য ভবন থেকে সিজিও পর্যন্ত মিছিলের ডাক জুনিয়র চিকিৎসকদের

ধর্না উঠলেও বিচারের দাবিতে স্বাস্থ্য ভবন থেকে সিজিও পর্যন্ত মিছিলের ডাক জুনিয়র চিকিৎসকদের

সময় কলকাতা ডেস্ক, ২০ সেপ্টেম্বর: বৃহস্পতিবার জেনারেল বডির বৈঠকের পর আংশিকভাবে ধর্না তুলে নেওয়ার সিদ্বান্ত জুনিয়র চিকিসৎকদের। শনিবার থেকে জরুরি পরিষেবায় কাজে ফিরছেন তাঁরা। তবে, তাঁদের স্পষ্ট বার্তা আন্দোলন চলবে। ভবিষ্যতে আবার কোন সমস্যা বুঝলে ধর্নায় ফিরতে পারেন জুনিয়র চিকিৎসকেরা। ধর্না তুলে নেওয়ার আগে ফের একবার পথে নামছেন আন্দোলনের মুখ কিঞ্জল নন্দ, অনিকেত মাহাতো, দেবাশিস হালদার, রুমেলিকা কুমাররা। শুক্রবার স্বাস্থ্যভবন থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত মিছিল করবেন তাঁরা। একইসঙ্গে মশাল হাতে হাইল্যান্ড পার্ক শ্যামবাজার মোড় পর্যন্ত মিছিল করবেন সাধারণ জনতাও।

আরও পড়ুন         বাংলাদেশের বিরুদ্ধে অশ্বিন-জাদেজার ব্যাটিং দাপট, সেঞ্চুরি অশ্বিনের, অস্বস্তি কাটিয়ে স্বস্তিতে ভারত, চাপে বাংলাদেশ

৯ আগস্ট আরজি কর হাসপাতালে কর্মরত মহিলা চিকিৎসকের খুন ও ধর্ষণের বিচারের দাবিতে দীর্ঘদিন ধরেই আন্দোলনরত জুনিয়র চিকিৎসকেরা। পাঁচ দফা দাবি নিয়ে তাঁরা গত নয় দিন ধরে ধরণায় বসেছিলেন স্বাস্থ্য ভবনের সামনে। ১৯ সেপ্টেম্বর রাতে ধর্নামঞ্চ থেকে সাংবাদিক বৈঠক করেছেন জুনিয়র ডাক্তারেরা। সেখানেই তাঁরা জানিয়েছেন, শুক্রবার থেকে কর্মবিরতি আংশিক তুলে নেওয়া হবে। এই মর্মে আন্দোলনকারী চিকিৎসকদের তরফে দেবাশিস হালদার বলেছেন, ‘‘আপাতত আমরা যে যার কলেজে ফিরে গিয়ে যেখানে খুব প্রয়োজন শুধু সেই জায়গাগুলিতেই যোগদান দেব। বাকি জায়গায় আমাদের কর্মবিরতি চলবে। এবং যদি আবার প্রয়োজন হয় পূর্ণ কর্মবিরতিতেও ফিরব।’’ বিকেল ৩টে নাগাদ স্বাস্থ্য ভবন থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত জুনিয়র চিকিৎসকেরা মিছিল করবেন। দাবি সিবিআইয়ের তদন্তের তৎপরতা ক্ষতিয়ে নেওয়া। শনিবার সকাল থেকে বিভিন্ন হাসপাতালে জরুরি বিভাগের পরিষেবায় যোগ দেবেন আন্দোলনকারী চিকিৎসকেরা।


স্বাস্থ্য ভবনের সামনে ধর্নায় বসার পর থেকেই একের পর এক দাবি মানা হয়েছে জুনিয়ার চিকিৎসকদের। মুখ্যমন্ত্রী নিজে ধর্নামঞ্চে এসে তাঁদের সঙ্গে কথা বলেছিলেন। কার্যত বিনীত গোয়েল ও একাধিক স্বাস্থ্য কর্তাদেরর অপসারণ থেকে সন্দীপ ঘোষ, অভিজিৎ মণ্ডলের গ্রেফতারিকে আন্দোলনের ফল বলেই মানছেন তাঁরা। বৃহস্পতিবার, মুখ্যসচিব হাসপাতালগুলির পরিকাঠামো এবং চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা বিষয়ে একটি চিঠি দিয়েছেন স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগমকে। যেখানে চিকিৎসকদের নিরাপত্তার দাবি মেনে নিয়ে একগুচ্ছ কর্মসূচির কথা লেখা আছে। তারপরই শুক্রবার থেকে ধর্নামঞ্চ প্রত্যাহারের সিদ্বান্ত নিয়েছেন জুনিয়ার চিকিৎসকেরা।

#RGKarProtest   #RGkarHospital   #RGKARDoctorDeath   #Latestbengalinews   #Kinjal Nanda #Aniket Mahato #Debashis Halder #Rumelika Kumar

 

About Post Author