Home » ‘শীঘ্রই কলকাতায় তৈরি হবে সেমি-কন্ডাক্টর প্ল্যান্ট’, মার্কিন সফরে গিয়ে বাইডেনের সঙ্গে আলোচনায় মোদি

‘শীঘ্রই কলকাতায় তৈরি হবে সেমি-কন্ডাক্টর প্ল্যান্ট’, মার্কিন সফরে গিয়ে বাইডেনের সঙ্গে আলোচনায় মোদি

সময় কলকাতা ডেস্ক, ২২ সেপ্টেম্বর: তিনদিনের সফরে আমেরিকায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ইতিমধ্যেই চতুর্দেশীয় অক্ষ অর্থাৎ কোয়াড সম্মেলনে যোগ দিয়েছেন তিনি। এরপর যোগ দেবেন রাষ্ট্রপুঞ্জের বিশেষ সভাতেও। বৈঠকে রয়েছেন কোয়াডের অন্য সদস্য দেশগুলির রাষ্ট্রপ্রধানেরাও। রয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিস এবং জাপানের প্রধানমন্ত্রী ফুমিয়ো কিশিদা। মার্কিন সফরে গিয়ে প্রথম দিনে, কোয়াড সম্মেলনের ফাঁকেই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর সেখানেই দুটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হল। প্রথম, এমকিউ-৯বি প্রেডাটর ড্রোন চুক্তি এবং দ্বিতীয়, কলকাতায় সেমি-কন্ডাক্টর প্ল্যান্ট তৈরি। হাজার হাজার যুবক-যুবতীর কর্মসংস্থান হতে পারে সেমি-কন্ডাক্টর শিল্পের হাত ধরে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে আলোচনাও সেরে ফেললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

আরও পড়ুন       East Bengal: দ্বিতীয় ম্যাচে আজ মাঠে নামবে ইস্টবেঙ্গল, কেরালার বিরুদ্ধে অভিষেক হতে পারে আনোয়ারে

মোদি-বাইডেনের দ্বিপাক্ষিক আলোচনাতেই দুই দেশের মধ্যে প্রতিরক্ষা চুক্তি নিয়ে কথা এগোয়। এর মধ্যে ড্রোন ক্রয় ও যৌথ সামরিক মহড়াও ছিল। জানা গিয়েছে, আমেরিকা থেকে ৩১টি জেনারেল অ্যাটোমিকস এমকিউ-৯বি ড্রোন কিনছে ভারত, যা ভারতীয় সেনায় ব্যবহার করা হবে। সুপার হারকিউলিস এয়ারক্রাফ্ট কেনা নিয়েও আলোচনা হয়েছে। এর পাশাপাশিই কলকাতায় সেমিকন্ডাক্টর ফ্যাব্রিকেশন প্ল্যান্ট তৈরি নিয়েও আলোচনা হয়েছে প্রধানমন্ত্রী মোদি ও মার্কিন প্রেসিডেন্টের মধ্যে। ভারতের সেমিকন্ডাক্টর মিশনের অধীনে ভারত সেমি, 3rdiTech ও ইউএস স্পেস ফোর্সের অংশীদারিত্বে সেমিকন্ডাক্টর প্ল্যান্ট তৈরি করা হবে বলে সূত্রের খবর। বিদেশ মন্ত্রকের তরফে বিবৃতিতে জানানো হয়েছে, বৈশ্বিক স্ট্রাটেজিক অংশীদারিত্ব নিয়ে দুই রাষ্ট্রনেতার মধ্যে আলোচনা হয়েছে। একইসঙ্গে মিলিত আগ্রহে কীভাবে ভারত-আমেরিকার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করা যায়, তা নিয়েও দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে। ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি ফেরাতে এবং আঞ্চলিক ও বৈশ্বিক ইস্যুর সমাধান নিয়েও তারা নিজেদের মতামত রেখেছেন।

উল্লেখ্য, আগামী নভেম্বরেই আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচন। ডেমোক্র্যাটিক দলের তরফে এ বছর প্রার্থী হয়েছেন আমেরিকার বর্তমান ভাইস প্রেসিডেন্ট ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিস। প্রতিপক্ষ রিপাবলিকান প্রার্থী প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাজনীতিকেরা মনে করছেন, আমেরিকার এমন একটি রাজনৈতিক সন্ধিক্ষণের মুখে মোদির সফরের আলাদা তাৎপর্য রয়েছে। তাই মোদির ২১ থেকে ২৩ সেপ্টেম্বরের আমেরিকা সফরের দিকে চোখ রেখেছেন সকলেই।

#PMModi-JoeBiden  #SemiConductorPlant #PMNarendraModi #USPresidentJoeBiden #Latestbengalinews 

About Post Author