Home » ICC WOMEN’S T20 WORLD CUP: বিশ্বকাপের প্রথম ম্যাচে ভরাডুবি ভারতের, নিউজিল্যান্ডের বিরুদ্ধে লজ্জার হার হরমনপ্রীতদের

ICC WOMEN’S T20 WORLD CUP: বিশ্বকাপের প্রথম ম্যাচে ভরাডুবি ভারতের, নিউজিল্যান্ডের বিরুদ্ধে লজ্জার হার হরমনপ্রীতদের

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৫ অক্টোবরঃ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরুতেই ধাক্কা ভারতের । শুক্রবার দুবাইয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৫৮ রানে হারলেন হরমনপ্রীত কৌররা। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৬০ রান তুলেছিল কিউয়িরা। জবাবে ব্যাট করতে নেমে ১৯ ওভারে ১০২ রানে্ শেষ হয়ে যায় উইমেন্স ইন ব্লু-দের ইনিংস।

টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন নিউজিল্যান্ড অধিনায়ক সোফি ডিভাইন। ‘বাজ’ ম্যাককুলামের দেশের মহিলা দল আগ্রাসী খেলার লক্ষ্য নিয়ে এ দিন মাঠে নামে। চালিয়ে খেলতে শুরু করেন দলের দুই ওপেনার সুজি বেটস ও জর্জিয়া প্লিমার। প্রথম পাওয়ার প্লে-তে ৫৫ রান তোলেন দুজনে। ভারতীয় বোলিং ও ফিল্ডিংয়ের দুর্বলতাকে কাজে লাগিয়ে বড় রানের ভিত গড়ে দেন। অষ্টম ওভারে বেটসকে ফিরিয়ে কিউয়িদের ইনিংসে প্রথম বড় ধাক্কা দেন অরুন্ধতী রেড্ডি। ২৪ বলে ২৭ রানের ইনিংস খেলে ফেরেন তিনি। পরের ওভারে অপর অপর ওপেনার প্লিমারকে ফিরিয়ে দেন আশা শোভানা। ২৩ বল খেলে ৩৪ রানের ইনিংসের সমাপ্তি হয়। রানের গতি কিছুটা কমে নিউজিল্যান্ডের। চতুর্দশ ওভারে আমেলিয়া কেরকে রান আউট করেন হরমনপ্রীত। কিন্তু তাঁকে আউট দেননি আম্পায়ার। যা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। যদিও ওই ওভারেই রেণুকা সিংয়ের বলে আউট হন কের। তিনি ফিরতেই রানের গতি বাড়ায় কিউয়িরা। দ্রুত গতিতে রান তুলতে থাকেন অধিনায়ক সোফি ডিভাইন। দীপ্তি শর্মার এক ওভারে তিনটি চার মারেন তিনি। শেষ ওভারে অর্ধশতরান পূর্ণ করেন। শেষ পর্যন্ত ৩৬ বলে ৫৭ রান করে অপরাজিত থাকেন কিউয়ি অধিনায়ক।

আরও পড়ুনঃ Optical Illusion: শার্লোক হোমস বা ব্যোমকেশ বক্সীর মত দৃষ্টিশক্তি আপনাদের, তা হলে ৪৫ সেকেন্ডে নিচের ছবি দুটির মধ্যে তিনটি পার্থক্য খুঁজে বের করুন

রান তাড়া করতে নেমে শুরুটা খারাপ করেনি ভারত। প্রথম বলেই চার মারেন ভারতীয় ওপেনার স্মৃতি মান্ধানা। দ্বিতীয় ওভারের শুরুতে ধাক্কা খায় ভারত। এডেন কার্সনের বলে ২ রানের মাথায় আউট হন শেফালি বর্মা। পঞ্চম ওভারে স্মৃতি মান্ধানাকে ফিরিয়ে ভারতীয় ইনিংসে ফের ধাক্কা দেন কার্সন। ১৩ বলে ১২ রানে থামে স্মৃতির ইনিংস। ছয় বলের ব্যবধানে সাজঘরের পথে ফেরেন হরমনপ্রীত। ১৫ রানে আউট হন তিনি। অধিনায়ক ফিরতে রানের গতি কমে ভারতের। তখন ভারতের ম্যাচ জেতার জন্য যে জুটির প্রয়োজন ছিল সেটা গড়ে ওঠেনি। বড় রান করতে পারেননি দলের মিডল অর্ডারের তিন স্তম্ভ জেমাইমা রড্রিগেজ, রিচা ঘোষ ও দীপ্তি শর্মা। এই তিনজন ফিরতেই তাসের ঘরের মত ভেঙে পড়ে ভারতের ইনিংস। শেষ পর্যন্ত বিশ্বকাপের প্রথম ম্যাচেই হারের অভিজ্ঞতা হল ভারতের।

About Post Author