Home » Ranji Trophy: রঞ্জি ট্রফির প্রথম দুই ম্যাচের দল ঘোষণা, কতটা শক্তিশালী দল গড়ল বাংলা

Ranji Trophy: রঞ্জি ট্রফির প্রথম দুই ম্যাচের দল ঘোষণা, কতটা শক্তিশালী দল গড়ল বাংলা

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৫ অক্টোবরঃ আসন্ন রঞ্জি ট্রফির প্রথম দুই ম্যাচের জন্য দল ঘোষণা করল বাংলা। প্রত্যাশিতভাবে দলকে নেতৃত্ব দেবেন অনুষ্টুপ মজুমদার। গত কয়েক বছর বাইরের রাজ্যের হয়ে খেলা ঋদ্ধিমান সাহা ও সুদীপ চট্টোপাধ্যায় ফের প্রত্যাবর্তন করতে চলেছেন বাংলা দলে। তবে দলে নেই মহম্মদ শামি।

আগামী ১১ অক্টোবর উত্তর প্রদেশের বিরুদ্ধে ম্যাচ দিয়ে রঞ্জি অভিযান শুরু করতে চলেছে বাংলা। ১৮ অক্টোবর বিহারের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে নামবেন অনুষ্টুপরা। শুক্রবার এই দুই ম্যাচের জন্য দল ঘোষণা করেছেন বাংলার নির্বাচকরা। রঞ্জি ট্রফিতে প্রত্যাবর্তনের জল্পনা চলছিল মহম্মদ শামির। বিশ্বকাপের সময় চোট পেয়েছিলেন জাতীয় দলের তারকা পেসার। পরে তাঁর অস্ত্রোপচারও হয়। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমীতে অনুশীলন শুরু করেও ফের গোড়ালিতে চোট পান শামি। যদিও সম্প্রতি একটি ভিডিও শেয়ার করেছেন তিনি। যেখানে তাঁকে শারীরিক কসরত করতে দেখা গিয়েছে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজে দলে ফিরতে পারেন ভারতের নির্ভরযোগ্য পেসার। তবে রঞ্জির প্রথম দুই ম্যাচে তাঁকে ছাড়াই প্রথম একাদশ সাজাতে হবে বাংলা কোচ লক্ষীরতন শুক্লকে। শামির অনুপস্থিতিতে দলের আক্রমণভাগকে নেতৃত্ব দেবেন জাতীয় দলের আরও দুই পেসার আকাশদ্বীপ ও মুকেশ কুমার। যদি এদের দুজন নিউজিল্যান্ড সফরে সুযোগ পান। তখন তাঁদের পাবে না বাংলা। দলে সুযোগ পেয়েছেন তরুণ সম্ভাবনাময় পেসার সূরয সিন্ধু জয়সওয়াল। যিনি গতবার নজর কেড়েছিলেন।

আরও পড়ুনঃ ICC WOMEN’S T20 WORLD CUP: বিশ্বকাপের প্রথম ম্যাচে ভরাডুবি ভারতের, নিউজিল্যান্ডের বিরুদ্ধে লজ্জার হার হরমনপ্রীতদের

পাশাপাশি সকলের নজর থাকবে বাংলার দুই পরিচিত ক্রিকেটারের দিকে। তাঁরা হলেন সুদীপ চট্টোপাধ্যায় ও ঋদ্ধিমান সাহা। যারা এ বার বাংলায় প্রত্যাবর্তন করেছেন। তাঁদের মত অভিজ্ঞ দুজন ক্রিকেটারের অন্তর্ভুক্তি বাংলা দলকে নিঃসন্দেহে অনেকটা শক্তিশালী করে তুলবে। পাশাপাশি বেশ কয়েকজন উদীয়মান ক্রিকেটার দলে প্রথমবারের জন্য সুযোগ পেয়েছেন। সেই তালিকায় রয়েছেন ঋষভ বিবেক,  অভিলীন ঘোষ, রোহিত কুমারেরা। এ ছাড়া ভারতের হয়ে অনূর্ধ্ব-১৯ দলে থাকা যুধাজিৎ গুহকে সুযোগ দেওয়া হয়েছে।

একনজরে বাংলা দলঃ

অনুষ্টুপ মজুমদার (অধিনায়ক), ঋদ্ধিমান সাহা (উইকেটকিপার), অভিমন্যু ঈশ্বরণ, সুদীপ চট্টোপাধ্যায়, সুদীপ কুমার ঘরামি, শাহবাজ আমেদ, অভিষেক পোড়েল (উইকেটকিপার), ঋত্বিক চট্টোপাধ্যায়, অভিলীন ঘোষ, শুভম দে, আকাশ দীপ, মুকেশ কুমার, সূরয সিন্ধু জয়সওয়াল, মহম্মদ কাইফ, প্রদীপ্ত প্রামাণিক, আমির গনি, যুধাজিৎ গুহ, রোহিত কুমার ও ঋষভ বিবেক

স্ট্যান্ড বাই: সৌম্যদীপ মণ্ডল, গীত পুরি, সুমিত মোহান্ত, প্রীতম চক্রবর্তী, অনন্ত সাহা ও ঈশান পোড়েল।

About Post Author