সানী রায়, পুরন্দর চক্রবর্তী ও চুমকী সুত্রধর,সময় কলকাতা, ৬ অক্টোবর :
“চিনিয়াছি তোরে দুর্গে, তুমি নাকি ভব দুর্গে,দুর্গতির একমাত্র সংহারকারিণী |”দুর্গতিনাশিনী দুর্গার আগমনের ঠিক প্রাক্কালে সেজেছে বঙ্গ। সেজেছে পাহাড় থেকে সমতল ও জঙ্গলমহল। পুজোর আয়োজনের আড়ম্বর ও ঘটা বহুমাত্রিক , সাজোসাজো রব চতুর্দিকে । প্রস্তুতিপর্ব সাঙ্গ। সেবাগ্রাম ক্লাব পাঠাগারের পুজো নিয়ে উৎসাহ রয়েছে জলপাইগুড়ি জুড়ে যে পূজোর থিম নজর কাড়তে বাধ্য ।
পিছিয়ে যাওয়া যাক বেশ কিছুটা সময়। সময়টা ১৯৩১ সাল। প্যারিসের আর্ক দ্যা থ্রিমফে-র আদলে ভারতে দিল্লিতে একটি স্মৃতিসৌধের নকশা করেন স্যার এডউইন লুটিয়েন্স। রোমান শৈলির অনুকরণে প্রথম বিশ্বযুদ্ধ ও ইং আফগান যুদ্ধ সহ একাধিক যুদ্ধে শহীদ ভারতীয় সৈনিকদের স্মৃতিতে তৈরি হয় সৌধ। দিল্লির বুকে এই দর্শনীয় সৌধ দেখতে যান বহু মানুষ। প্রায় একশো বছর ধরে ভারতে ইংরেজ আমলে নির্মিত স্থাপত্য শিল্পের অন্যতম উদাহরণ ইন্ডিয়া গেট। সেই মহান ভাস্কর্যের স্বাদ পুজোর দর্শকদের দিতে চলেছে উত্তরবঙ্গের একটি খ্যাতনামা পুজো সংগঠন।বঙ্গে ইন্ডিয়া গেটের আদলে এবার মানুষ ভিড় উপচে পড়তে পারে জলপাইগুড়ি সেবাগ্রাম ক্লাব ও পাঠাগারের মণ্ডপে। পুজোর আয়োজক তথা উদ্যোক্তারা দুর্গা পুজোর ৬৪ তম বৎসরে থিম “ইন্ডিয়া গেট” তৈরি করে চমক দিতে চলেছে। ইন্ডিয়া গেটের থিম নজর কেড়ে নিতে চলেছে বড় বাজেটের এই পুজোর ।কারণ বহুবিধ। জলপাইগুড়িতে এ ধরনের থিম ইতিপূর্বে আর হয়নি বলেই উদ্যোক্তাদের দাবি। কাজ চলছে জোর কদমেই। সকল দর্শনার্থীদের তাদের এই অভিনব থিম ও পুজো দেখার জন্য অনুরোধ করেছেন পুজোর উদ্যোক্তারা। প্রায় ৬০ ফুট উচ্চ এবং ৩৫ ফুট চওড়া এই পুজো মণ্ডপের যে স্থাপত্য শিল্পকে তুলে ধরতে চেয়েছে তাকে সঠিকভাবে রুপায়িত করেছেন মন্ডপশিল্পীরা। আলোর রোশনাই আর প্রতিমার মাতৃরূপে যেমন দর্শকদের বিমুগ্ধ করতে চাইছেন উদ্যোক্তারা তেমনই স্থাপত্যকে সঙ্গী করে পুজোয় দর্শকদের মনকাড়া আশ্চর্য উপহার দিতে চলেছে সেবা গ্রাম ক্লাব ও পাঠাগার।স্থাপত্য আর উৎসবের প্রকৃত মেলবন্ধন হতে চলেছে জলপাইগুড়ির এই পুজোয়।
বিংশ শতকের গোড়ায় প্রথম বিশ্বযুদ্ধ বা একাধিক যুদ্ধে নিজেদের প্রাণ উৎসর্গীকৃত শহীদদের স্মৃতি ছুঁয়ে আছে ইন্ডিয়া গেটের প্রতিটি অংশে। সেবা গ্রাম ক্লাবের মননে ও ভাবনায় হয়তো এরকমই উৎসর্গীকৃত কিছু প্রাণের প্রতি শ্রদ্ধার্ঘ্য রয়েছে। হতে পারে তা বঙ্গ ভারতের বিভিন্ন কোণে নির্যাতিতা নির্ভয়াদের প্রতি শ্রদ্ধার্ঘ্য, হতে পারে তা ভারতের সীমান্তে ভারতের অখন্ডতা রক্ষায় নিজেদের প্রাণ উৎসর্গ করা সৈনিকদের প্রতি শ্রদ্ধার্ঘ্য যা হয়তো অব্যক্ত। ভাবনায় ও রূপায়নে ইন্ডিয়া গেটকে থিম রেখে সেবাগ্রাম হয়ে উঠেছে এবারের পুজোর অনন্য এক প্রতীক।।


More Stories
বাংলা নববর্ষের ইতিহাস
চিকিৎসকের বঙ্গসংস্কৃতির উদযাপন নববর্ষে
দোল উৎসব : রাঙিয়ে দিয়ে যাও