Home » UEFA Nations League: নেশানস লিগে পোল্যান্ডের বিরুদ্ধে জয় পর্তুগালের, জিতল স্পেনও

UEFA Nations League: নেশানস লিগে পোল্যান্ডের বিরুদ্ধে জয় পর্তুগালের, জিতল স্পেনও

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১৩ অক্টোবরঃ উয়েফা নেশনস লিগে ধারাবাহিক গোলের মধ্যে রয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ক্রোয়েশিয়া ও স্কটল্যান্ডের পর এ বার পোল্যান্ডের বিরুদ্ধেও গোল করলেন পর্তুগিজ মহাতারকা। শনিবার তাঁর দল ৩-১ গোলে হারিয়ে দিল পোল্যান্ডকে। অন্য একটি ম্যাচে জয় পেয়েছে ইউরো জয়ী স্পেনও।

বিশ্বকাপ ও ইউরো কাপের জোড়া ব্যর্থতার পর অনেকেই মনে করেছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ। বিভিন্ন মহলে শুরু হয়ে গিয়েছিল অবসরের জল্পনাও। তবে সব সমালোকদের মুখ বন্ধ করে দিলেন সিআরসেভেন। জাতীয় দলের হয়ে টানা তিন ম্যাচে গোল করলেন। শনিবার  ওয়ারশতে পোল্যান্ডের মুখোমুখি হয়েছিল পর্তুগাল। এই ম্যাচে বর্তমানে দুই সেরা ফরোয়ার্ড রোনাল্ডো ও লেভানডস্কির দ্বৈরথের দিকে চোখ ছিল ফুটবল বিশ্বের। সেখানেও প্রাক্তন রিয়াল মাদ্রিদ তারকার কাছে ম্লান দেখিয়েছে বর্তমান বার্সেলোনা তারকাকে। তবে শুধু লেভানডস্কি নন, এ দিন পর্তুগালের আগ্রাসী ফুটবলের সামনে বিশেষ সুবিধে করতে পারেনি পোলিশ ব্রিগেড। ২৬ মিনিটে ম্যানচেস্টার ইউনাইটেড মিডফিল্ডার ব্রুনো ফের্নান্ডেজের সাজিয়ে দেওয়া পাস থেকে গোল করেন ম্যানচেস্টার সিটি তারকা বের্নাডো সিলভা। এগিয়ে যায় পর্তুগাল। ৩৭ মিনিটে দলের হয়ে দ্বিতীয় গোল করেন রোনাল্ডো। এই নিয়ে আন্তর্জাতিক ফুটবলে ১৩৩ গোলের মালিক হলেন ৩৯ বছরের ফুটবলার।

দ্বিতীয়ার্ধে স্ট্র্যাটেজিতে কিছু বদল করেন পর্তুগাল কোচ। ৬৩ মিনিটে রোনাল্ডোকে তুলে নেন তিনি। ৭৮ মিনিটে একটি গোলশোধ করে আয়োজকরা। গোলদাতা পিটার জিয়েলনস্কি। শেষ দিকে সমতা ফেরাতে মরিয়া হয়ে ওঠে পোল্যান্ড। কিন্তু লাভ হয়নি। ৮৮ মিনিটে ফের আত্মঘাতী গোলে ব্যবধান বাড়িয়ে নেয় পর্তুগাল। শেষ পর্যন্ত রোনাল্ডোরা ৩-১ গোলে জিতে মাঠ ছাড়েন। টানা তিন ম্যাচ জিতে প্রতিযোগিতায় পর্তুগালের পয়েন্ট ৯।

আরও পড়ুনঃ India vs Bangladesh: নিজামের শহরে নবাবিয়ানা ভারতের, বাংলাদেশের বিরুদ্ধে একাধিক রেকর্ড ভাঙলেন সূর্যরা

উয়েফা নেশনস লিগের অন্য ম্যাচে জয় পেয়েছে স্পেনও। ডেনমার্ককে ১-০ গোলে হারিয়ে দিয়েছে ইউরো কাপ জয়ীরা। ৭৯ মিনিটে তাদের হয়ে নির্ণায়ক গোলটি করেন মার্টিন জুবিমেন্ডি। ৩ ম্যাচে সাত পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে স্পেন।

About Post Author