সময় কলকাতা ডেস্ক, ১৫ অক্টোবর: আর জি কর কাণ্ডে নির্যাতিতার ছবি সমাজ মাধ্যম, কোনও ব্যানার, বা কোনও প্রকার গন পরিসরে প্রকাশে নিষেধাজ্ঞা আগেই জারি করেছে সর্বোচ্চ আদালত। এই নিয়ে বিনীত গোয়েলের মত উচ্চ পদস্থ পুলিশ আধিকারিককেও কড়া সমালোচনা করতে ছাড়েনি শীর্ষ আদালত। এত কিছু ঘটে যাওয়ার পরও বিজেপির ব্যানারে নির্যাতিতার ছবি প্রদর্শনের অভিযোগ উঠল খোদ শুভেন্দু অধিকারীর এলাকায়। রাজ্যের বিরোধী দলনেতার নিজের এলাকা কাঁথিতেই বিজেপির ব্যানারে নির্যাতিতার মুখের ছবি ঝলানো হয়েছে। দীর্ঘদিন জনসমক্ষে রয়েছে সেই ব্যানার। বিজেপির উত্তর কাঁথি বিধানসভার ৪ নম্বর মণ্ডল কমিটির উদ্যোগে ওই ব্যানার লাগানো হয়েছিল কাঁথির একটি মন্দিরের সামনে, জাতীয় সড়কের ধারে। যদিও ব্যানারে নির্যাতিতার ছবি তাঁরা লাগায়নি বলে দাবি করছেন বিজেপি কর্তারা।

আরও পড়ুন: স্বাস্থ্যভবনে হাজির আট সংগঠনের চিকিৎসক প্রতিনিধি, মনোজ পন্থের সঙ্গে বৈঠকে সুরাহা মিলবে?
জানা গিয়েছে গত অগস্ট মাসে আরজি কর কাণ্ডের বিচার চেয়ে কাঁথিতে মিছিল করেছিল পদ্ম শিবির। তখনই মিছিলের এক ব্যানারে নির্যাতিতার ছবি ব্যবহার করেছিল তাঁরা। সেই থেকে ব্যানারটি লাগানো রয়েছে বলে খবর। নানা জেলা থেকে বহু ভক্ত শেষ দু’মাসে এসেছেন ওই মন্দিরে। দেখেছেন নির্যাতিতার ছবি সমেত ব্যানারটি। দুর্গাপুজোর ক’দিনও মন্দির চত্ত্বরে ভিড় ছিল বেশি। সেখানে ব্যানারটি দেখে সমালোচনায় ফুঁসে উঠেছেন জনতা। কেন বিজেপি নিষেধ থাকা সত্ত্বেও ব্যানারটি খোলেনি? পুলিশ এতদিন কেন এর বিরুদ্ধে কিছু বলেনি? প্রশ্ন তুলেছে বিরোধীরা।
আরও পড়ুন: কোন সময় করবেন লক্ষ্মী পুজো ? কখন পড়েছে পুজোর লগ্ন ?
অন্যদিকে বিরোধীদের অভিযোগ উড়িয়ে দিয়েছেন কাঁথি বিধানসভার ৪ নম্বর মণ্ডল সভাপতি অনুপ কুমার। তাঁর দাবি, “দলের নির্দেশ মেনে নির্যাতিতার নাম, ছবি ছাড়াই ব্যানার ও পোস্টার বানানো হয়েছিল। পরে সেই ব্যানার নামিয়ে বিরোধীরা নির্যাতিতার ছবি লাগানো ব্যানারে ঝুলিয়ে দিয়েছে। বিজেপিকে কলুষিত করার চেষ্টা চলছে।” বিজেপিকে পাল্টা দিতে ছাড়েননি তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। তিনি বলেছেন, “আসলে বিজেপির নারীদের প্রতি কোনও শ্রদ্ধাবোধ নেই।” বিজেপির কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি অরূপকুমার দাসও এদিন বলেন, “ঠিক কী ঘটেছে তা খতিয়ে দেখছে, তবে দলের নির্দেশ ছিল নির্যাতিতার কোনও ছবি প্রকাশ্যে আনা যাবে না।”


More Stories
সুটিয়ার প্রতিবাদী শিক্ষক বরুণ বিশ্বাস হত্যাকাণ্ডের ফাইল খুলল, সিআইডি পরিদর্শন ও পরিবারের দাবি
তোমার বিছানায় নাচি নি,দরকার হলে ওটাও করব: মমতাকে হুমকি দিলীপের
বুদ্ধিজীবীদের মাথায় ডিম ভাঙুন , নিদান দিলীপ ঘোষের