সময় কলকাতা ডেস্ক, ১৩ নভেম্বর: এমনিতেই সঠিক সময়ে অফিসে ঢোকার তাগিদে লেগেই থাকে যুদ্ধকালীন তৎপরতা। তার ওপর ট্রেন লেট। তাও একদিন নয়, দিনের পর দিন ঘটে চলেছে একই ঘটনা। এবার ভেঙেছে ধৈর্যের বাঁধ। উপচে পড়ছে আন্দোলন। রেলের শোচনীয় পরিষেবা, সময় বিধি তোয়াক্কা না করার অভিযোগে ট্রেনের সামনে লাইনে নেমে পড়ে যাত্রীরা অবরোধ করেছেন হাওড়া দক্ষিণ-পূর্ব রেলের খড়গপুর শাখার ফুলেশ্বর স্টেশনে। অভিযোগ, কোনও দিন সঠিক সময়ে ঢোকে না ট্রেন। অবরোধের জেরে আশপাশের স্টেশনেও পরপর দাঁড়িয়ে যায় ট্রেন। ডাউন ও মিডল লাইনেই মূলত চলে অবরোধ। ঘটনার উৎসস্থল ফুলেশ্বর স্টেশনে দাঁড়িয়ে একাধিক লোকাল ট্রেন থেকে মালগাড়িও।

আন্দোলনে নামা নিত্যযাত্রীদের অভিযোগ, দু-একদিন যান্ত্রিক গোলযোগে ট্রেন লেট স্বাভাবিক জিনিস। তাতে সমস্যা হলেও তা সহ্য করা যায়। তবে এই শাখায় ট্রেন লেট একদিনের সমস্যা নয়, বিষয়টি নিত্যদিনের হয়ে উঠেছে। রোজ অফিস যাওয়ার জন্য স্টেশনে এসে দেখা যায় ট্রেন লেট। তাতেই ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। তাঁদের দাবি, সমস্যার কথা দিনের পর দিন রেলকে জানানোর পরেও কোনও পদক্ষেপ নেয়নি কর্তৃপক্ষ। অবস্থার উন্নতি দুরস্ত, অবনতি হয়েছে দিনে দিনে। তিতিবিরক্ত হয়েই ট্রেন অবরোধ করে আন্দোলনে মানতে বাধ্য হয়েছেন তাঁরা। ঘটনাস্থলে ইতিমধ্যেই হাজির হয়েছে কয়কেজন মহিলা ও পুরুষ রেল পুলিশ। অবরোধকারীদের সঙ্গে কথাও বলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে কর্তৃপক্ষ।
আরও পড়ুন: মাদারিহাটে রাহুল লোহারের ওপর হামলা! ভাঙচুর করা হল তাঁর গাড়ি, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
উল্লেখ্য, বিগত কয়েক মাস ধরেই কখনও ওভারহেডের কাজ, কখনও লাইনে ক্রুটি মেরামত, কখনও আবার সিগন্যালিংয়ের কাজের জন্য হাওড়া ও শিয়ালদহের একাধিক শাখায় দফায় দফায় বাতিল গুচ্ছ গুচ্ছ ট্রেন বাতিল হয়েছে। খড়গপুর শাখাতেও দেখা গিয়েছে তার প্রতিচ্ছবি। এবার সেই শাখায় ট্রেন লেটে অবরোধের কারণে চাঞ্চল্য ছড়িয়েছে।


More Stories
শ্রমিক যোগানের নামে মানব পাচার, চক্রের সন্ধানে এনআইএ, ধৃত এক অভিযুক্ত
মুখে জ্বলন্ত সিগারেট সহ প্রধানমন্ত্রীর প্রতিকৃতি পোড়ানোর ছবি পোস্ট করে গ্রেফতার বারাসাতের ছাত্র আন্দোলনকারী
প্রকৃতির প্রতিশোধ, বালি-মাফিয়াদের ট্রাক্টরকে গিলে ফেলল নদী