Home » Kylian Mbappe: ফ্রান্স শিবিরে কোচের বিরুদ্ধে বাড়ছে ক্ষোভ, সতীর্থকে পাশে পেলেন এমবাপ্পে

Kylian Mbappe: ফ্রান্স শিবিরে কোচের বিরুদ্ধে বাড়ছে ক্ষোভ, সতীর্থকে পাশে পেলেন এমবাপ্পে

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১৪ নভেম্বরঃ যে কোনও ফুটবলারের কাছে স্বপ্নের মত বিশ্বকাপের সোনালী ট্রফি স্পর্শ করা। তারজন্য জীবনের সব অর্জিত সম্মানকে তাঁরা বিসর্জন দিতেও প্রস্তুত। মাত্র ১৯ বছর বয়সেই সেই স্বপ্নপূরণ করেছেন ফ্রান্সের ফুটবলার কিলিয়ান এমবাপ্পে। পরপর দুটি বিশ্বকাপের ফাইনালে দলকে তুলতে তাঁর অবদান অনস্বীকার্য। দিদিয়ের দেঁশর প্রশিক্ষণে জাতীয় দলের হয়ে মাঠ ফুল ফুটিয়েছেন এমবাপ্পে । কিন্তু বর্তমানে কোচের সঙ্গে ঠাণ্ডা লড়াই চলছে তাঁর।  ঘনিষ্ঠ মহলে ২৫ বছরের ফুটবলার জানিয়েও দিয়েছেন দেশঁ কোচ থাকলে তিনি জাতীয় দলের জার্সি গায়ে চাপাবেন না। কোচের বিরুদ্ধে বিদ্রোহে এ বার সতীর্থকে পাশে পেলেন রিয়াল মাদ্রিদ তারকা। 

সামনেই নেশনস লিগের ম্যাচে মাঠে নামবে গত বিশ্বকাপের ফাইনালিস্টরা। প্রতিপক্ষ ইজরায়েল। সেই ম্যাচের জন্য এমবাপ্পেকে ছাড়াই দল ঘোষণা করেছেন দেশঁ। যা নিয়ে সংবাদমাধ্যমের প্রশ্নে জেরবার হতে হচ্ছে ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জেতা কোচকে। কিছুটা বিরক্তির সুরেই তিনি জানিয়েছেন, “আমার যা বলার, তা আমি আগেই জানিয়ে দিয়েছি। আপনাদের বাকস্বতন্ত্রতা রয়েছে। আপনারা এই বিষয়ে যেটা ভাল বুঝবেন সেটাই লিখবেন। সামনেই আমাদের খেলা রয়েছে ইজরায়েলের বিরুদ্ধে। দলে ২৩ জন রয়েছে। যে নেই তাঁকে তাঁর মত ছেড়ে দিন।”

আরও পড়ুনঃ Border-Gavaskar Trophy: “পার্থে ওপেন করা সহজ হবে না…” বর্ডার-গাভাস্কার ট্রফির আগে যশস্বীকে হুঁশিয়ারি দিলেন প্রাক্তন অজি অধিনায়ক

কোচের বিরুদ্ধে এই লড়াইয়ে এমবাপ্পের পাশে দাঁড়িয়েছেন সতীর্থ দায়োত উপমেকানো। তিনি স্পষ্ট করে জানিয়ছেন এমবাপ্পে তাঁর প্রাপ্য সম্নান থেকে বঞ্চিত হচ্ছেন। তিনি বলেছেন, “ওকে নিয়ে চিন্তার কোনও কারণ দেখছি না। ফ্রান্স দলের জন্য কিলিয়ানের অবদান ভোলার নয়। ওর প্রতি আরও একটু সম্মান দেখানোর দরকার রয়েছে। খুব দ্রুত সে আমাদের সঙ্গে যোগ দেবে বলে মনে হয়।” পাশাপাশি বায়ার্ন মিউনিখের ডিফেন্ডার স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, যে মানসিক লড়াইয়ে তাঁরা অধিনায়কের পাশে রয়েছেন।

About Post Author