Home » UEFA Nations League: ম্যাচ চলাকালীন লুটিয়ে পড়লেন হাঙ্গেরির কোচ, নেদারল্যান্ডস জিতল ৪-০ গোলে

UEFA Nations League: ম্যাচ চলাকালীন লুটিয়ে পড়লেন হাঙ্গেরির কোচ, নেদারল্যান্ডস জিতল ৪-০ গোলে

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১৭ নভেম্বরঃ দুঃস্বপ্নের স্মৃতি ফিরল উয়েফা নেশনস লিগে। আমস্টারডামে নেদারল্যান্ডস মুখোমুখি হয়েছিল হাঙ্গেরির। ম্যাচের বয়স তখন সাত মিনিট। হঠাৎ খিঁছুনিতে ডাগআউটে লুটিয়ে পড়েন হাঙ্গেরির সহকারী কোচ অ্যাডাম জালাই। মাঠের মধ্যে হাঁটু গেড়ে প্রার্থনায় বসে পড়েন হাঙ্গেরির ফুটবলাররা। প্রাথমিক চিকিৎসার পর তাঁকে স্ট্রেচারে করে বার করে নিয়ে যাওয়া হয় মাঠের বাইরে। স্থানান্তরিত করা হয় হাসপাতালে। জানা গিয়েছে আপাতত স্থিতিশিল রয়েছেন তিনি। দশমিনিট খেলা বন্ধ থাকার পর ফের চালু হয় ম্যাচ। সেখানে ডাচরা ৪-০ গোলে পরাজিত করে হাঙ্গেরিকে । এই জয়ের ফলে গ্রুপের দ্বিতীয় দল হিসেবে পরের পর্বের টিকিট প্রায় পাকা করে ফেলল নেদারল্যান্ডস।

ঘরের মাঠে প্রথম থেকেই হাঙ্গেরিকে চাপে রেখেছিল নেদারল্যান্ডস। প্রথমার্ধে জোড়া পেনাল্টি পায় আয়োজকরা। ২১ মিনিটে প্রথম পেনাল্টি থেকে গোল করেন উট উইঘর্স্ট। প্রথমার্ধের সংযুক্তি সময় দ্বিতীয় পেনাল্টি থেকে জালে বল জড়ান কোডি গাকপো। প্রথমার্ধের শেষে ২-০ গোলে এগিয়ে যায় নেদারল্যান্ডস। দ্বিতীয়ার্ধের ৬৪ মিনিটে দলের হয়ে ব্যবধান বাড়ান ডেনজিল ডুমফ্রিস। নির্ধারিত সময়ের পাঁচ মিনিট আগে আবার হাঙ্গেরির জালে বল জড়ায় কমলা ব্রিগেড। গোল করেন টিউন কুপেমেইনার্স। বাকি সময়ে অনেক চেষ্টা করেও একটিও গোল শোধ করতে পারেনি সফরকারী দল।

আরও পড়ুনঃ UEFA Nations League: রিৎজ ও ক্লেইনডিয়েন্সটের জোড়া গোলে বড় জয় জার্মানির

আরও পড়ুনঃ Border-Gavaskar Trophy: পার্থ টেস্টের আগে ভারতীয় শিবিরে ধাক্কা, চোটের জন্য ছিটকে গেলেন নির্ভরযোগ্য ব্যাটার

আরও পড়ুনঃ Cristiano Ronaldo: বাইসাইকেল ভলিতে চোখ ধাঁধানো গোল রোনাল্ডোর, বড় জয় পর্তুগালের

প্রতিযোগিতার অন্যম্যাচে জয় পেয়েছে সুইডেনও। তারা ২-১ গোলে হারিয়ে দিয়েছে স্লোভাকিয়াকে। ম্যাচের শুরুতেই গোল করে সুইডেনকে এগিয়ে দেন ভিক্টর গাইকোরেস। আলেক্সান্ডার ইসাকের পাস থেকে গোল করেন স্পোর্টিং লিসবনের উঠতি তারকা। যদিও ১৯ মিনিটে সেই গোল শোধ করে দেয় স্লোভাকরা। ডেভিড হ্যাঙ্কো গোল সমতায় ফেরান তাদের। প্রথমার্ধের শেষে খেলার ফলাফল ছিল ১-১। দ্বিতীয়ার্ধের শুরুতেই আবার ইসাক-গাইকোরেস যুগলবন্দী দেখা যায়। এবার গাইকোরেসের পাস থেকে গোল করে দলকে এগিয়ে দেন ইসাক। আর ম্যাচে ফিরতে পারেনি স্লোভাকিয়া। এই জয়ের ফলে লিগ সি গ্রুপ এ-র শীর্ষে রইল সুইডেন। ৫ ম্যাচে তাদের সংগ্রহ ১৩ পয়েন্ট। সমসংখ্যক ম্যাচে ১০ পয়েন্ট পেয়ে দ্বিতীয় স্থানে স্লোভাকিয়া।  

About Post Author