স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২৭ নভেম্বরঃ চ্যাম্পিয়ন্স লিগে বড় জয় পেল স্পেনের দুই ক্লাব এফসি বার্সেলোনা ও অ্যাটলেটিকো মাদ্রিদ। মঙ্গলবার রাতে ঘরের মাঠে দাপুটে জয় পেয়েছে কাতালানরা। ফ্রান্সের ক্লাব ব্রেস্টকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে হ্যান্সি ফ্লিকের ছেলেরা। দলের হয়ে জোড়া গোল করেছেন রবার্ট লেভানডস্কি। অন্য ম্যাচে স্পার্টা প্রাহাকে ছ’গোলে হারিয়েছে অ্যাথলেতিকো মাদ্রিদ। জোড়া গোল করেছেন হুলিয়ান আলভারেজ ও অ্যাঞ্জেল কোরেয়া।

লা লিগার পাশাপাশি চ্যাম্পিয়ন্স লিগেও দুর্দান্ত ফর্মে রয়েছে বার্সেলোনা। মঙ্গলবার তাঁদের দাপুটে ফুটবলের সামনে দাঁড়াতেই পারল না ব্রেস্ট। যদিও এই ম্যাচে খেলতে পারেননি দলের বিস্ময়বালক ল্যামিনে ইয়ামাল। তাঁকে ছাড়াই এই ম্যাচ জিততে সমস্যা হয়নি বার্সার। খেলা শুরুর দশ মিনিটের মধ্যে পেনাল্টি পায় তারা। স্পটকিক থেকে গোল করতে ভুল করেননি পোল্যান্ডের তারকা স্ট্রাইকার রবার্ট লেভানডস্কি। প্রথমার্ধে দাপটের সঙ্গে খেললেও আর ব্যবধান বাড়াতে পারেনি বার্সেলোনা। দ্বিতীয়ার্ধের ৬৬ মিনিটে দলের ব্যবধান ২-০ করেন ড্যানি ওলমো। বক্সের মধ্যে মার্টিনের থেকে বল পেয়ে বিপক্ষের তিন ফুটবলারকে পরাস্ত করেন ওলমো। তারপর ঠান্ডা মাথায় বল জালে জড়িয়ে দেন। দ্বিতীয়ার্ধের সংযুক্ত সময়ে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোল করেন লেভানডস্কি। বাঁ প্রান্ত থেকে বক্সে বল রাখেন আলেহান্দ্রো বালদে। সেই বলকে জালে জড়িয়ে দেন লেভানডস্কি। শেষ পর্যন্ত ৩-০ গোলে জিতে মাঠ ছাড়ে বার্সেলোনা।
আরও পড়ুনঃ UEFA Champions League: চোদ্দ মিনিটের মধ্যে তিন গোল হজম, জয়ে ফেরা হল না গুয়ার্দিওলার সিটির
আরও পড়ুনঃ Indian Premier League 2025: তেরো বছরেই আইপিএলে কোটিপতি, কে এই বৈভব সূর্যবংশী?
অন্য ম্যাচে জয় পেয়েছে স্পেনের আর এক বড় ক্লাব অ্যাথলেতিকো মাদ্রিদ। প্রাগে স্পার্টা প্রাহাকে ৬-০ গোলে হারিয়েছে দিয়েগো সিমিওনের ছেলেরা। ১৫ মিনিটে দলকে এগিয়ে দেন হুলিয়ান আলভারেজ। ৪৩ মিনিটে সেই ব্যবধান দ্বিগুণ করেন মার্কোস লরেন্তে। বিরতির সময় ২-০ গোলে এগিয়ে ছিল অ্যাতলেতিকো। বিরতির পর নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোল করেন আলভারেজ। ৭০ মিনিটে স্কোরবোর্ড ৪-০ করেন আন্তোনিও গ্রিজম্যান। ৮৫ ও ৮৯ মিনিটে রোসা মাদ্রিদদের হয়ে জোড়া গোল করেন অ্যাঞ্জেল কোরেয়া।


More Stories
সিরিজ জিতল পাকিস্তান
পাকিস্তান বধ, সমতায় অজিবাহিনী
গ্রেফতারির ভয়ে আগাম জামিনের আবেদন অরূপ বিশ্বাসের