Home » Syed Mustaq Ali Trophy: বিহারকে হারিয়ে সৈয়দ মুস্তাক আলির নকআউটের পথে বাংলা

Syed Mustaq Ali Trophy: বিহারকে হারিয়ে সৈয়দ মুস্তাক আলির নকআউটের পথে বাংলা

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৩ ডিসেম্বরঃ  সৈয়দ মুস্তাক আলি ট্রফির নকআউটের পথে আরও একধাপ এগোল বাংলা। মঙ্গলবার এ গ্রুপের ম্যাচে তারা হারিয়ে দিল বিহারকে। লক্ষ্মীরতন শুক্লার দল জিতল ৯ উইকেটে। পরপর দুই ম্যাচে উইকেট না পেলেও, বিহার ম্যাচে উইকেট এল মহম্মদ শামির ঝুলিতে।  

টসে জিতে প্রথমে বিহারকে ব্যাট করতে পাঠান বাংলার অধিনায়ক সুদীপ কুমার ঘরামি। সৌরাষ্ট্র ক্রিকেট সংস্থার বাইশ গজে শুরুটা ভাল করেন বাংলার পেসাররা। এই ম্যাচে সকলের নজর ছিল মহম্মদ শামির দিকে। চোটের পর জাতীয় দলে প্রত্যাবর্তনের লড়াই করছেন বাংলার পেসার। এই ম্যাচের দিকে নজর ছিল জাতীয় নির্বাচকদের। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে শামি ছন্দে থাকলে, তাঁকে বর্ডার গাভাস্কার ট্রফির দলে অন্তর্ভুক্ত করা হবে বলেও দাবি করা হচ্ছে। বাংলার পেসারও যে প্রস্তুত মঙ্গলবার প্রমাণ করে দিলেন। চার ওভার হাত ঘুরিয়ে ১৮ রান দিয়ে তুলে নিলেন ১ উইকেট। শামি ও ঋত্বিক চ্যাটার্জী ছাড়া বাকি বোলাররা নজর কাড়তে ব্যর্থ। সায়ন ঘোষ ২ উইকেট নিলেও ৩২ রান হজম করলেন। প্রয়াস রায় বর্মন ও শাহবাজ আহমেদ একটি করে উইকেট তুলে নিলেন। নির্ধারিত ২০ ওভারে বিহার তোলে ৬ উইকেটে ১৪৭ রানে। তাদের হয়ে সর্বোচ্চ রান করেন শাকিবুল গোনি। ৫৬ বলে ৭৯ রান করেন বিহারের ওপেনার।    

আরও পড়ুনঃ Mohammedan Sporting Club: জামশেদপুরের কাছে হেরে চাপ বাড়ল মহামেডানের

আরও পড়ুনঃ Kane Williamson: উইলিয়ামসনের নতুন নজির, পিছনে ফেললেন ফ্যাব ফোরের তিন প্রতিদ্বন্দ্বীকে

আরও পড়ুনঃ Premier League: জয়ে ফিরল ম্যানচেস্টার ইউনাইটেড, অ্যাস্টন ভিলাকে হারিয়ে তিনে চেলসি

রান তাড়া করতে নেমে দাপট দেখায় বাংলার ব্যাটাররা। ১০ বলে ১৯ রান করে তৃতীয় ওভারে সাজঘরে ফেরেন অভিষেক পোড়েল। তারপরেও ম্যাচ জিততে সমস্যা হয়নি বাংলার। সৌজন্যে করণ লালের অপরাজিত ৯৪ রান। তাঁর ব্যাট থেকে আসে ৯ চার ও ৬ ছয়। তিন নম্বরে নামা সুদীপ ২৭ বলে ৩২ রান করে অপরাজিত রইলেন। বড় জয়ের ফলে বাংলার রানরেটও বেশ খানিকটা বেড়েছে। পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে উঠে এসেছে লক্ষ্মী ব্রিগেড। আগামী মঙ্গলবার লিগ শীর্ষে থাকা রাজস্থানের মুখোমুখি হবেন তাঁরা। সেই ম্যাচে জিতলে সরাসরি নকআউটে পৌঁছে যাবে বাংলা।

About Post Author