স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৪ ডিসেম্বরঃ ব্যক্তিগত কারণে বর্ডার-গাভাস্কার সিরিজের প্রথম টেস্টে খেলতে পারেননি ভারত অধিনায়ক রোহিত শর্মা। তবে রোহিত শুধু নেতাই নন, দলের নির্ভরযোগ্য ওপেনার। তাই অভিজ্ঞ ওপেনারের বদলে কে খেলবেন তা নিয়ে তৈরি হয়েছিল ধোঁয়াশা। তবে রোহিতের অভাব পূরণ করে দিয়েছিলেন কেএল রাহুল। ভারতের পারথ টেস্ট জয়ে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন বেঙ্গালুরুর ক্রিকেটার। কিন্তু অ্যাডিলেড টেস্টে দলে ফিরেছেন রোহিত। তাই জয়ী দলের টপ অর্ডারে বদল হবে কিনা, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।

হাতে এখনও একদিন। তারপর বর্ডার-গাভাস্কার সিরিজের দ্বিতীয় ম্যাচে নামবে ভারত। তার আগে দলের টপ অর্ডার নিয়ে চলছে জল্পনা। ক্রিকেট মহলের একাংশ চাইছেন যশস্বীর সঙ্গে ওপেনিং করুক রাহুল। অন্য অংশ অবশ্য রোহিত-যশস্বী জুটিতে আস্থা রাখছে। কারণ ইনিংসের শুরুতে রোহিতের আগ্রাসী ব্যাটিং বাকি ব্যাটারদের বড় ইনিংস খেলার জন্য উজ্জীবিত করে। পাশাপাশি বিপক্ষের বোলারদের মনোবলও ভেঙে দেয়। যদিও ওপেনিং জুটি নিয়ে মাথা ঘামাতে চান না রাহুল। বুধবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সাফ জানিয়ে দেন, ব্যাটিং অর্ডারের যে কোনও জায়গায় খেলতে তিনি প্রস্তুত। কী বলেছেন ভারতীয় ব্যাটার? রাহুলের দাবি, “আমার লক্ষ্য শুধু প্রথম একাদশে থাকা। কোথায় খেলছি সেটা বড় নয়। আমি চাই দলের স্বার্থে ব্যাট করতে। আগে অনেক জায়গায় ব্যাট করেছি। শুরুতে একটু সমস্যা হলেও এখন মানিয়ে নিয়েছি। প্রথম ২০-২৫টা বলের জন্য আলাদা করে মানসিক প্রস্তুতি নিতে হত।”
আরও পড়ুনঃ Mohammedan Sporting Club: লাগাতার ব্যর্থতার পরও ইস্টবেঙ্গলের পথে হাঁটতে চায় না মহামেডান
অ্যাডিলেড টেস্টে কে ওপেন করবেন, ইতিমধ্যে চূড়ান্ত হয়ে গিয়েছে। সংবাদমাধ্যমে যদিও দলের গোপন কৌশল ফাঁস করেননি রাহুল। তিনি বরং সংবাদমাধ্যমের মারফৎ ক্রিকেটপ্রেমীদের কাছে আবেদন করেছেন ধৈর্য ধরার। কারণ ম্যাচের দিন সকালেই পরিস্কার হয়ে যাবে ম্যাচে কারা ওপেনিং করবেন। তবে পরবর্তী টেস্টে রোহিতের পাশাপাশি ফিরছেন শুভমন গিলও। প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে প্রদর্শনী ম্যাচে তিনি ব্যাট করেছেন। ফলে এখন আগের থেকে অনেকটাই সুস্থ রয়েছেন গিল। তিনি দলে ফিরলে বাদ পড়তে পারেন দেবদত্ত পাড়িক্কল। তবে প্রথম একাদশ কী হবে, তা নিয়েও কিছু বলতে চাননি রাহুল।


More Stories
বদলা! বাংলাদেশকে দুরমুশ করল অস্ট্রেলিয়া, স্টার্কের দশ উইকেট
স্টেইনকে টপকালেন স্টার্ক, ৪০০ উইকেট ক্লাবের মাইলফলকের ইতিহাসে নতুন সংযোজন
বিধ্বংসী স্টার্ক, ৬৪ রানেই খতম বাংলাদেশ